Logo
Logo
×

অর্থনীতি

রপ্তানি আয় বেড়েছে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১০:১১ পিএম

রপ্তানি আয় বেড়েছে

টানা আট মাস কমার পর বেড়েছে রপ্তানি আয়। একক মাসে গত এপ্রিলে এ খাতের আয়ে উল্লম্ফনও হয়েছে; আগের অর্থবছরের একই সময়ের চেয়ে বেড়েছে ৩৩ শতাংশ।

বিদেশে পণ্য রপ্তানি থেকে সদ্য শেষ হওয়া এপ্রিলে আয় এসেছে প্রায় ৪০০ কোটি ৯৯ লাখ ডলার। গত ২০২৪-২৫ অর্থবছরের একই মাসে ৩০১ কোটি ৬৮ লাখ ডলার আয় আসে।

রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রকাশিত রপ্তানি আয়ের তথ্যে দেখা যায়, এপ্রিলের আয়ের ওপর ভর করে গত অগাস্টের পর রপ্তানি আয়ে পতন থেমেছে। তবে এরপরও চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১০ মাসের আয়ের নেতিবাচক ধারা কাটেনি।

সবশেষ তথ্য বলছে, জুলাই-এপ্রিল সময়ে মোট ৩৯৩৯ কোটি ৬৪ লাখ (৩৯.৩৯ বিলিয়ন) ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৪০২০ কোটি ৮১ লাখ (৪০.২১ বিলিয়ন) ডলার। এ হিসাবে ১০ মাসে আয় কমেছে ২ শতাংশের বেশি।

বরাবরের মত রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক খাতের ওপর ভর করে এপ্রিলে উচ্চ প্রবৃদ্ধি হয়েছে। মোট ৪০০ কোটি ৯৯ লাখ ডলার আয়ের মধ্যে পোশাক থেকে এসেছে ৩১৪ কোটি ডলার; যা গত বছরের এপ্রিলের চেয়ে ৩১ দশমিক ২১ শতাংশ বেশি।

গত অর্থবছরের এপ্রিলের মোট ৩০১ কোটি ৬৮ লাখ ডলারের মধ্যে পোশাক থেকে এসেছিল ২৩৯ কোটি ৩৮ লাখ ডলার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম