Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০১:৪৪ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক শান্তি চুক্তির ঘোষণার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের বেড়েছে। একই সঙ্গে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার বৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কমে আসায় মূল্যবান ধাতুটির প্রতি আগ্রহও বেড়েছে।

মঙ্গলবার (১৬ জুন) স্পট গোল্ডের দাম শূণ্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩১৭ দশমিক ৪৩ ডলারে পৌঁছেছে। টানা চতুর্থ দিনের মতো মূল্যবৃদ্ধির ধারায় রয়েছে স্বর্ণ। তবে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪ হাজার ৩৩৮ দশমিক ৭০ ডলারে।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যদিও চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি এবং উভয় দেশই জানিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আরও আলোচনা বাকি রয়েছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তির খবরে স্বর্ণবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। বিশ্লেষক প্রতিষ্ঠান মেরেক্সের বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, ইরান-সংক্রান্ত খবরের পর গত সপ্তাহের শেষ দিক থেকেই স্বর্ণের বাজারে শক্তিশালী ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে এবং এই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এদিকে মার্কিন ডলার ১০ দিনের সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি থাকায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়ে উঠেছে, যা চাহিদা বাড়াতে সহায়তা করছে।

বিনিয়োগকারীদের নজর এখন ফেডারেল রিজার্ভের আসন্ন নীতিগত সিদ্ধান্তের দিকে। নতুন চেয়ারম্যান কেভিন ওয়ারশের নেতৃত্বে বুধবার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। যদিও সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনাই বেশি, তবে ভবিষ্যতে সুদ কমানোর ইঙ্গিত এলে স্বর্ণের বাজারে আরও ঊর্ধ্বগতি দেখা যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে, জাপানের কেন্দ্রীয় ব্যাংক ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে সুদের হার বাড়িয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের মতো কঠোর মুদ্রানীতির পথেই হাঁটছে দেশটি।

এদিন অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৬৯ দশমিক ৪২ ডলারে নেমে এসেছে। প্লাটিনামের দাম দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৭৬২ দশমিক ৩৪ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৩৩৩ দশমিক ১৩ ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম