Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউএসের অবরুদ্ধ হরমুজ প্রণালি অতিক্রম করল ৩ ইরানি ট্যাঙ্কার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:১৯ পিএম

ইউএসের অবরুদ্ধ হরমুজ প্রণালি অতিক্রম করল ৩ ইরানি ট্যাঙ্কার

ফাইল ছবি।

প্রথমবারের মতো অন্তত তিনটি ইরানি তেলবাহী ট্যাঙ্কার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধ অতিক্রম করে হরমুজ প্রণালি পার হয়েছে বলে জানিয়েছে একটি জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট। 

বুধবার (১৭ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইট চিত্র ও ডিজিটাল ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনা এমন এক সময় ঘটল যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে আলোচনা শুরুর মাত্র দুই দিন বাকি। তবে প্রস্তাবিত চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো—ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা শিথিলের শর্ত—এখনও চূড়ান্ত হয়নি।

শান্তি আলোচনার চূড়ান্ত রূপরেখা নির্ধারণে শুক্রবার সুইজারল্যান্ডের বার্গেনস্টক পর্বত রিসোর্টে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই হরমুজ প্রণালির এ অতিক্রম বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইতোমধ্যে বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারির ২৮ তারিখে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলার পর যে উত্তেজনা তৈরি হয়েছিল, তা পুরোপুরি কমেনি; বরং দক্ষিণ লেবাননে নতুন ইসরাইলি হামলা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

ট্যাঙ্কার ট্র্যাকিং সংস্থা ‘ট্যাঙ্কারট্র্যাকার্স’ জানিয়েছে, এটি গত দুই মাসে ইরানের প্রথম অপরিশোধিত তেল রপ্তানি। সংস্থাটির তথ্য অনুযায়ী, ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির (এনআইটিসি) দুটি সুপার ট্যাঙ্কার—ডিওনা ও হিরো২ মিলে প্রায় ৩.৮ মিলিয়ন ব্যারেল তেল বহন করেছে। পরে আরও একটি ট্যাঙ্কারের প্রস্থান নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, সুইজারল্যান্ডে প্রস্তাবিত স্বাক্ষরের পর ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা চলবে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের রূপরেখা নির্ধারণ করা হবে।

যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে- সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ইরানকে তাৎক্ষণিকভাবে তেল ও জ্বালানি বিক্রির অনুমতি দেওয়া হতে পারে। পাশাপাশি ব্যাংকিং, পরিবহণ ও বীমা খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের ব্যবস্থাও থাকবে।

তবে যুক্তরাষ্ট্রের কিছু রক্ষণশীল আইনপ্রণেতা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সিনেট রিপাবলিকানরা চুক্তির বিস্তারিত খসড়া ও প্রশাসনের ব্রিফিংয়ের দাবি জানিয়েছেন। সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন বলেন, আসুন আমরা বিষয়টি দেখি এবং আসলে এতে কী আছে তা বুঝে নিই।

সূত্র: ডেইলি সাবাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম