Logo
Logo
×

সাহিত্য

‘নয়া উদারবাদ ও রঙিন বিপ্লবের অন্ধকার রহস্য’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৭:৪৫ পিএম

‘নয়া উদারবাদ ও রঙিন বিপ্লবের অন্ধকার রহস্য’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

রাজধানীতে ‘যে গল্পটা বলা হয় না রঙিন বিপ্লবের অন্ধকার রহস্য’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

রাজধানীতে বহ্নিপাঠের উদ্যোগে ‘যে গল্পটা বলা হয় না রঙিন বিপ্লবের অন্ধকার রহস্য’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগর-রুনি মিলনায়তনে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

বহ্নিপাঠের সদস্য রাশেদুল হাসান রিপনের সভাপতিত্বে এবং ফেরদৌস আহমেদ উজ্জ্বলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক সোহরাব হাসান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, লেখক ও গবেষক আজিজুর রহমান আসাদ, সমকালের উপ-সম্পাদক সাহিত্যিক মাহবুব আজীজ, রঙিন বিপ্লবের অন্ধকার রহস্য বইয়ের লেখক মোশাররাফ হোসেন ও আহমেদ তালাত তাহজীব। 

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছিলেন সিপিবির কেন্দ্রীয় সদস্য কমরেড ডা. সাজেদুল হক রুবেল, কেন্দ্রীয় সদস্য মানবেন্দ্র দেব, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু ও জাহিদুল ইসলাম সজীব।

অনুষ্ঠানে বইয়ের প্রেক্ষাপট, সমকালীন রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা, নয়া উদারবাদের অন্তর্নিহিত চরিত্র এবং সাম্রাজ্যবাদী রাজনীতির বহুমাত্রিক প্রভাব নিয়ে আলোচনা হয়।

সোহরাব হাসান বলেন, তরুণদের প্রশ্ন করতে শেখাতে হবে এবং সাম্রাজ্যবাদ নিয়ে স্পষ্ট রাজনৈতিক আলোচনা তৈরি করতে হবে। 

তিনি বলেন, বামপন্থীদের নিজেদের সংকটও খুঁজে বের করতে হবে কেন তারা মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পারেনি, সেটিও আত্মসমালোচনার বিষয়। 

তিনি আরও বলেন, তরুণ সমাজ রাজনীতি বিমুখ নয়; বরং জনগণের প্রয়োজনে তারা বারবার এগিয়ে এসেছে। তাদের সঠিকভাবে সংগঠিত ও আকৃষ্ট করতে পারলে দেশকে ইতিবাচক পথে এগিয়ে নেওয়া সম্ভব।

রুহিন হোসেন প্রিন্স বলেন, ব্যবস্থা পরিবর্তনের সংগ্রাম মূলত কমিউনিস্টদের সংগ্রাম। বিকল্প রাজনৈতিক শক্তির সমাবেশ গড়ে তোলা ছাড়া বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের পথ নেই। 

তিনি বলেন, বিভিন্ন সময়ের গণআন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনে দক্ষিণপন্থীরা নিজেদের প্রভাব বিস্তার করতে সক্ষম হলেও বামপন্থীরা নিজেদের রাজনৈতিক শক্তি সুসংগঠিত করতে পারেনি। নতুন প্রজন্ম ও নারীদের মধ্যে সংগঠিত রাজনৈতিক কাজ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

আজিজুর রহমান আসাদ বলেন, ব্যবস্থা বদলের সংগ্রামের সঙ্গে অধ্যয়নের গভীর সংযোগ রয়েছে। মার্কসবাদী দৃষ্টিভঙ্গি থেকে প্রতিটি বিষয়কে বিশ্লেষণ করে সে অনুযায়ী অগ্রসর হতে হবে। একইসঙ্গে আত্মসমালোচনার চর্চাও জরুরি। 

সাহিত্যিক মাহবুব আজীজ বলেন, পাঠচক্রভিত্তিক এ আয়োজন একটি নতুন চিন্তার দ্বার উন্মোচন করেছে। ভিন্নধর্মী এ ধরনের আলোচনা সমাজ বাস্তবতা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লেখকদ্বয় মোশাররাফ হোসেন ও আহমেদ তালাত তাহজীব বলেন, সমকালীন বিশ্বরাজনীতি, নয়া উদারবাদী অর্থনৈতিক কাঠামো এবং তথাকথিত রঙিন বিপ্লবের আড়ালের বাস্তবতা নিয়ে সমালোচনামূলক আলোচনা তৈরির প্রয়োজন থেকেই বই দুটি রচিত হয়েছে।

সভাপতির বক্তব্যে রাশেদুল হাসান রিপন বলেন- সমাজ, রাষ্ট্র ও রাজনীতির বর্তমান সংকটকে গভীরভাবে বোঝার জন্য বিকল্প পাঠচর্চা ও সমালোচনামূলক রাজনৈতিক বোধ তৈরির কোনো বিকল্প নেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম