মোটরসাইকেল দুর্ঘটনা ও তরুণদের বেপরোয়া গতির মূল্য
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের নগরজীবনে মোটরসাইকেল আজ একদিকে যেমন দ্রুত যাতায়াতের প্রতীক, অন্যদিকে তা হয়ে উঠেছে এক নীরব মৃত্যুফাঁদ। বিশেষ করে ১৫ থেকে ২৪-২৫ বছর বয়সি তরুণদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। সাম্প্রতিক বিভিন্ন পরিসংখ্যান ও মাঠপর্যায়ের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, এই বয়সসীমার প্রায় ৭০ শতাংশ দুর্ঘটনাজনিত মৃত্যুর পেছনে মোটরসাইকেল জড়িত। এই বাস্তবতা কেবল একটি পরিবহণ সমস্যার ইঙ্গিত দেয় না; এটি আমাদের সামাজিক, পারিবারিক এবং নৈতিক কাঠামোর গভীর সংকটের প্রতিফলন।
ঢাকা শহরের বাস্তব চিত্র আরও ভয়াবহ। এখানে চলাচলকারী মোটরসাইকেলের প্রায় ৪৯ শতাংশ কোনো জরুরি প্রয়োজনের জন্য নয়, বরং শুধু শখের বশে তরুণরা ব্যবহার করে। এই ‘শখের গতি’ই অনেক ক্ষেত্রে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। যখন কোনো যানবাহন প্রয়োজনের পরিবর্তে আবেগ, প্রতিযোগিতা বা স্ট্যাটাসের প্রতীক হয়ে ওঠে, তখন সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
পরিবারের ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রেই দেখা যায়, কর্মজীবী বাবা-মা সন্তানের আবদার পূরণ করতে গিয়ে মোটরসাইকেল কিনে দিতে বাধ্য হন। সন্তানের প্রতি ভালোবাসা বা সামাজিক চাপের কারণে নেওয়া এ সিদ্ধান্ত অনেক সময় অনাকাঙ্ক্ষিত বিপদের পথ খুলে দেয়। বাস্তবতা হলো—একজন তরুণ যখন যথাযথ প্রশিক্ষণ, লাইসেন্স বা দায়িত্ববোধ ছাড়াই একটি শক্তিশালী যানবাহনের নিয়ন্ত্রণ পায়, তখন তা তার নিজের জন্য যেমন বিপজ্জনক, ঠিক তেমনি অন্যদের জন্যও হুমকি হয়ে দাঁড়ায়।
আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতাল—যা বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল হিসেবে পরিচিত। সেখানে সরেজমিন দেখা গেছে, হাত-পা ভাঙা রোগীদের মধ্যে ৬৪ থেকে ৬৫ শতাংশই তরুণ। এদের মধ্যে প্রায় ৮৭.৫ শতাংশ দুর্ঘটনার শিকার হয়েছে মোটরসাইকেল চালানোর সময়। এ সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়; এগুলো অসংখ্য পরিবারের কান্না, অপূর্ণ স্বপ্ন এবং অন্ধকার ভবিষ্যতের গল্প বহন করে। আরও উদ্বেগজনক তথ্য হলো— দুর্ঘটনায় পতিত তরুণদের প্রায় ৮৪.৩৪ শতাংশের কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং তারা হেলমেটও ব্যবহার করেনি। অর্থাৎ মৌলিক নিরাপত্তা বিধি মানার ক্ষেত্রেও তারা সম্পূর্ণ উদাসীন। হেলমেট একটি সাধারণ কিন্তু অত্যন্ত কার্যকর সুরক্ষা ব্যবস্থা, যা মাথার আঘাতজনিত মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। অথচ সচেতনতার অভাব, অবহেলা বা স্টাইলের দোহাই দিয়ে অনেকেই এটি ব্যবহার করতে চায় না।
দুর্ঘটনার ভৌগোলিক বিশ্লেষণ করলে দেখা যায়, চিকিৎসা নিতে আসা যুবকদের প্রায় ৭৪.৩ শতাংশ ঢাকা ও অন্যান্য বিভাগীয় শহরে দুর্ঘটনার শিকার হয়েছে। এর অর্থ হলো— নগরজীবনের দ্রুতগতি, যানজট, প্রতিযোগিতা এবং নিয়ন্ত্রণহীনতা এ সমস্যাকে আরও তীব্র করে তুলছে। শহরের ব্যস্ত সড়কে যখন একাধিক যানবাহন প্রতিনিয়ত প্রতিযোগিতায় লিপ্ত থাকে, তখন সামান্য অসাবধানতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো— প্রায় ৯৩.৮ শতাংশ তরুণ কোনো প্রয়োজন ছাড়া শুধু শখের বশে উচ্চগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এটি প্রমাণ করে যে, এই দুর্ঘটনাগুলোর বড় একটি অংশ সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য ছিল। যদি তারা অপ্রয়োজনীয়ভাবে ঝুঁকি না নিত, তাহলে অনেক জীবনই রক্ষা পেতে পারত।
বর্তমান সময়ে প্রযুক্তির অপব্যবহারও একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। প্রায় ৫৩ শতাংশ যুবকের কানে হেডফোন ছিল মোটরসাইকেল চালানোর সময়। হেডফোন ব্যবহার করলে বাইরের শব্দ, যেমন হর্ন—ব্রেকের শব্দ বা সতর্কবার্তা। শোনা যায় না, যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এটি এক ধরনের আত্মঘাতী আচরণ, যা সচেতনতার মাধ্যমে সহজেই এড়ানো সম্ভব। আরও একটি চমকপ্রদ তথ্য হলো, প্রায় ৭৮ শতাংশ দুর্ঘটনায় কোনো বাস, ট্রাক বা অন্য যানবাহনের সঙ্গে সংঘর্ষ ঘটেনি। অর্থাৎ চালকের নিজের নিয়ন্ত্রণ হারানোই ছিল দুর্ঘটনার প্রধান কারণ। এটি আবারও প্রমাণ করে যে, বেপরোয়া গতি এবং দক্ষতার অভাবই এ সমস্যার মূল উৎস।
এ পরিস্থিতির পেছনে কয়েকটি মৌলিক কারণ চিহ্নিত করা যায়। প্রথমত সচেতনতার অভাব। আমাদের অনেক তরুণই ট্রাফিক আইন সম্পর্কে অবগত নয় বা গুরুত্ব দেয় না। দ্বিতীয়ত আইন প্রয়োগের দুর্বলতা। লাইসেন্স ছাড়া গাড়ি চালানো বা হেলমেট না পরার মতো অপরাধগুলো অনেক সময় শাস্তি ছাড়াই থেকে যায়। তৃতীয়ত সামাজিক মানসিকতা। অনেক ক্ষেত্রে বেপরোয়া গাড়ি চালানোকে সাহস বা স্টাইল হিসেবে দেখা হয়, যা তরুণদের ভুল পথে প্রভাবিত করে।
এ সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রথমত পরিবারকে আরও দায়িত্বশীল হতে হবে। সন্তানের আবদার পূরণ করার আগে তার সক্ষমতা, দায়িত্ববোধ এবং নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি। দ্বিতীয়ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ট্রাফিক সচেতনতা নিয়ে বাধ্যতামূলক কার্যক্রম চালু করা যেতে পারে। তৃতীয়ত আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও কঠোর হতে হবে। বিশেষ করে লাইসেন্স, হেলমেট এবং গতিসীমা নিয়ন্ত্রণের ক্ষেত্রে।
প্রযুক্তির ব্যবহার এই সংকট মোকাবিলায় কেবল সহায়ক নয়, বরং অপরিহার্য একটি হাতিয়ার হিসেবে বিবেচিত হতে হবে। বর্তমান বিশ্বে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে যে দেশগুলো সফল হয়েছে, তাদের অভিজ্ঞতা বিশ্লেষণ করলে স্পষ্টভাবে দেখা যায়। কঠোর আইন প্রয়োগের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি ও ব্যবস্থাপনাই দুর্ঘটনা কমানোর মূল চাবিকাঠি।
বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথমেই যে বিষয়টি গুরুত্ব পায় তা হলো— স্বয়ংক্রিয় স্পিড মনিটরিং ব্যবস্থা। উন্নত দেশগুলোতে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত স্পিড ক্যামেরা প্রতিনিয়ত যানবাহনের গতি পর্যবেক্ষণ করে এবং নির্ধারিত সীমা অতিক্রম করলেই স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ করে। উদাহরণস্বরূপ, যুক্তরাজ্যে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, যেখানে স্পিড ক্যামেরা স্থাপন করা হয়েছে, সেখানে দুর্ঘটনার হার প্রায় ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমেছে এবং মারাত্মক দুর্ঘটনা কমেছে প্রায় ৪০ শতাংশ পর্যন্ত। একইভাবে সুইডেনের ‘ভিশন জিরো’ নীতির আওতায় প্রযুক্তিনির্ভর নজরদারি চালু করার ফলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার প্রতি লাখে ৩ জনের নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বনিম্ন।
বাংলাদেশে যদি ঢাকা ও অন্যান্য বিভাগীয় শহরের প্রধান সড়কগুলোতে আধুনিক স্পিড ক্যামেরা, অটোমেটেড নাম্বার প্লেট রিকগনিশন (এএনপিআর) এবং ট্রাফিক সিগন্যাল সমন্বিত স্মার্ট কন্ট্রোল সিস্টেম চালু করা যায়, তাহলে তাৎক্ষণিকভাবে বেপরোয়া গতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। গবেষণায় দেখা গেছে, যেখানে নিয়মিত নজরদারি থাকে, সেখানে চালকদের আইন মানার প্রবণতা প্রায় ৬০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।
দ্বিতীয়ত, ডিজিটাল লাইসেন্সিং ও যাচাইকরণ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে যে বিপুলসংখ্যক তরুণ লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালাচ্ছে, যার হার প্রায় ৮৪ শতাংশেরও বেশি, তা নিয়ন্ত্রণে আনতে হলে সম্পূর্ণ ডিজিটাল ডাটাবেজ এবং তাৎক্ষণিক যাচাইকরণ ব্যবস্থা চালু করা জরুরি। এস্তোনিয়ার উদাহরণ এখানে উল্লেখযোগ্য। দেশটি সম্পূর্ণ ই-গভর্নেন্স ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের নিবন্ধন এবং ট্রাফিক আইন ভঙ্গের তথ্য একীভূত করেছে। ফলে যে কোনো আইনশৃঙ্খলা বাহিনী মুহূর্তের মধ্যেই একজন চালকের বৈধতা যাচাই করতে পারে। এর ফলে লাইসেন্সবিহীন চালকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। বাংলাদেশেও যদি জাতীয় পরিচয়পত্রের সঙ্গে সংযুক্ত একটি স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ব্যবস্থা চালু করা হয় এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক যাচাইয়ের সুযোগ তৈরি করা হয়, তাহলে আইন প্রয়োগ অনেক সহজ ও কার্যকর হবে। পাশাপাশি লাইসেন্স পরীক্ষাকে আরও কঠোর ও প্রযুক্তিনির্ভর করা গেলে অদক্ষ চালকদের সড়কে নামা প্রতিরোধ করা সম্ভব।
তৃতীয়ত, হেলমেট ব্যবহার নিশ্চিত করতে প্রযুক্তির ভূমিকা অত্যন্ত কার্যকর হতে পারে। বর্তমানে অনেক দেশেই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে হেলমেট না পরা মোটরসাইকেল আরোহীদের স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হয়। ভারতের হায়দরাবাদ ও দিল্লির কিছু অঞ্চলে পরীক্ষামূলকভাবে চালু করা এই প্রযুক্তির ফলে হেলমেট ব্যবহারের হার ৩০ থেকে বেড়ে ৮০ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। একই পদ্ধতি বাংলাদেশে প্রয়োগ করা গেলে অল্প সময়ের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।
চতুর্থত, স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম (আইটিএস) চালু করা সময়ের দাবি। এ ব্যবস্থার মাধ্যমে ট্রাফিক সিগন্যাল, যানবাহনের চাপ, দুর্ঘটনার ঝুঁকি এবং রাস্তার অবস্থা রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা যায়। সিঙ্গাপুর এই ক্ষেত্রে একটি উৎকৃষ্ট উদাহরণ। দেশটি উন্নত সেন্সর, ক্যামেরা এবং ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে পুরো শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ করে থাকে। এর ফলে শুধু দুর্ঘটনা কমেনি, বরং যানজটও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বাংলাদেশের মতো জনবহুল দেশে যদি ধাপে ধাপে এই প্রযুক্তি চালু করা যায়, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের মতো বড় শহরে। তাহলে সড়ক ব্যবস্থাপনায় একটি বিপ্লব ঘটানো সম্ভব।
পঞ্চমত, তরুণদের আচরণ পরিবর্তনে মোবাইল প্রযুক্তি বড় ভূমিকা রাখতে পারে। বিভিন্ন দেশে ‘সেফ ড্রাইভিং অ্যাপ’ চালু করা হয়েছে, যা চালকের গতি, ব্রেকিং প্যাটার্ন, মোবাইল ব্যবহার ইত্যাদি পর্যবেক্ষণ করে এবং নিরাপদ চালনার জন্য পয়েন্ট বা পুরস্কার প্রদান করে। আমেরিকায় ব্যবহৃত এই ধরনের অ্যাপের ফলে তরুণ চালকদের ঝুঁকিপূর্ণ আচরণ প্রায় ২৫ শতাংশ পর্যন্ত কমেছে বলে গবেষণায় দেখা গেছে।
বাংলাদেশেও টেলিকম কোম্পানি ও সরকারের যৌথ উদ্যোগে এমন অ্যাপ চালু করা যেতে পারে, যেখানে নিরাপদভাবে গাড়ি চালালে ইন্টারনেট ডাটা, কল মিনিট বা অন্যান্য সুবিধা দেওয়া হবে। এতে তরুণদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে। দুর্ঘটনা বিশ্লেষণ ও ডেটা সংগ্রহে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে অনেক ক্ষেত্রে দুর্ঘটনার সঠিক কারণ সময়, স্থান ও পরিস্থিতি সম্পর্কে নির্ভুল তথ্য পাওয়া যায় না। যদি একটি কেন্দ্রীয় ডেটা সিস্টেম তৈরি করা যায়, যেখানে প্রতিটি দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হবে, তাহলে নীতিনির্ধারকরা আরও কার্যকর পদক্ষেপ নিতে পারবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, যেসব দেশে ডেটাভিত্তিক সড়ক নিরাপত্তা নীতি গ্রহণ করা হয়েছে, সেখানে দুর্ঘটনার হার গড়ে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমেছে। অতএব প্রযুক্তির ব্যবহার শুধু একটি বিকল্প নয়, এটি এখন সময়ের অপরিহার্য দাবি। আইন, সচেতনতা এবং প্রযুক্তি—এই তিনটির সমন্বয়েই কেবল আমরা তরুণদের এই অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারি। যদি আমরা এখনই কার্যকর প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণ করি, তাহলে অদূর ভবিষ্যতে সড়ক নিরাপত্তায় একটি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
গণমাধ্যমের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেলিভিশন, সামাজিক মাধ্যম এবং সংবাদপত্রের মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো যেতে পারে। বাস্তব দুর্ঘটনার গল্প, ভুক্তভোগীদের অভিজ্ঞতা এবং পরিসংখ্যান তুলে ধরলে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আমাদের মানসিকতার পরিবর্তন। জীবনের চেয়ে বড় কোনো শখ বা স্টাইল হতে পারে না—এই উপলব্ধি তরুণদের মধ্যে গড়ে তুলতে হবে। একটি মুহূর্তের উত্তেজনা বা প্রতিযোগিতা একটি পুরো জীবনের স্বপ্ন ধ্বংস করে দিতে পারে—এই বাস্তবতা সবাইকে বুঝতে হবে। পরিশেষে বলা যায়, মোটরসাইকেল নিজে কোনো সমস্যা নয়; সমস্যা হলো— এর ভুল ব্যবহার। সঠিক নিয়ম, সচেতনতা এবং দায়িত্ববোধ থাকলে এটি একটি উপকারী যানবাহন হিসেবেই থেকে যেতে পারে। কিন্তু যদি আমরা এখনই সতর্ক না হই, তাহলে এই নীরব মহামারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করবে। তরুণরা একটি দেশের ভবিষ্যৎ। তাদের জীবন রক্ষা করা মানে দেশের ভবিষ্যৎ রক্ষা করা।
তাই আসুন, আমরা সবাই মিলে সচেতন হই, নিয়ম মেনে চলি এবং এই অকাল মৃত্যুর মিছিল থামাতে একযোগে কাজ করি। এখনই সময়, গতি থামিয়ে নিরাপদ জীবনের পথে ফিরে আসার।
লেখক: ড. মো. রুহুল আমিন সরকার, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, সিআইডি

