Logo
Logo
×

ঘরে বাইরে

ঈদে অন্যরকম স্বাদ

রেসিপি : ভেলিস মাল্টিকুইজিন রেস্টুরেন্ট

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঈদে অন্যরকম স্বাদ

বিফ ব্রিসকেট

যা লাগবে : বিফ ব্রিসকেট ২ কেজি, অলিভ অয়েল ৩ টেবিল চামচ, রসুন কুচি ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ গুঁড়া ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ, স্মোকড পাপরিকা ১ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ব্রাউন সুগার ১ টেবিল চামচ, সয়াসস ২ টেবিল চামচ, উস্টারশায়ার সস ১ টেবিল চামচ, সরিষার পেস্ট বা মাস্টার্ড ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, বাটার ২ টেবিল চামচ, রোজমেরি বা থাইম সামান্য।

যেভাবে করবেন : প্রথমে ব্রিসকেট ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি বাটিতে অলিভ অয়েল, রসুন, আদা, সব গুঁড়া মসলা, ব্রাউন সুগার, সয়াসস, উস্টারশায়ার সস, মাস্টার্ড ও লবণ মিশিয়ে মেরিনেট তৈরি করুন। এ মেরিনেট পুরো মাংসে ভালোভাবে মাখিয়ে কমপক্ষে ৬ ঘণ্টা, ভালো হলে সারা রাত ফ্রিজে রেখে দিন। ওভেন ১৫০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করুন। একটি গরম প্যানে ব্রিসকেটের দুই পাশ হালকা সিয়ার করে নিন যাতে সুন্দর ব্রাউন কালার আসে। এরপর বেকিং ট্রে বা ওভেনপ্রুফ ডিশে ব্রিসকেট রাখুন। ওপরে বাটার ও রোজমেরি দিন। ফয়েল দিয়ে শক্তভাবে ঢেকে ৪-৫ ঘণ্টা স্লো কুক করুন। মাঝে এক-দুইবার নিজের জুস দিয়ে বেস্ট করলে আরও জুসি হবে। মাংস নরম হলে ফয়েল খুলে আরও ১৫ মিনিট হাই হিটে রাখুন যেন উপরে সুন্দর ক্যারামেলাইজড ক্রাস্ট আসে। কাটার আগে ১৫ মিনিট রেস্ট করতে দিন। তারপর পাতলা করে স্লাইস করুন।

বিফ শ্যাঙ্ক

যা লাগবে : পেঁয়াজ কুচি ২ কাপ, রসুন বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, টমেটো পেস্ট ২ টেবিল চামচ, সয়াসস ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, পাপরিকা ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, দারুচিনি ২ টুকরা, এলাচ ৩টি, তেজপাতা ২টি, বাটার ২ টেবিল চামচ, অলিভ অয়েল ৩ টেবিল চামচ, বিফ স্টক বা গরম পানি ৪ কাপ, লবণ স্বাদমতো,

রোজমেরি বা থাইম সামান্য।

যেভাবে করবেন : বিফ শ্যাঙ্ক ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর লবণ, গোলমরিচ ও সামান্য অলিভ অয়েল মেখে ৩০ মিনিট রেখে দিন। একটি ভারী প্যানে অলিভ অয়েল গরম করে শ্যাঙ্কের দুই পাশ ভালোভাবে ব্রাউন করে সিয়ার করুন। এতে মাংসের ফ্লেভার আরও গভীর হবে। একই পাত্রে বাটার দিয়ে পেঁয়াজ ভাজুন। পেঁয়াজ হালকা বাদামি হলে আদা-রসুন বাটা দিন। এরপর টমেটো পেস্ট, সয়াসস ও সব গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিন। এখন শ্যাঙ্কগুলো পাত্রে দিন। সঙ্গে দারুচিনি, এলাচ, তেজপাতা ও রোজমেরি যোগ করুন। বিফ স্টক বা গরম পানি ঢেলে কম আঁচে ৪-৫ ঘণ্টা রান্না করুন। প্রেসার কুকার ব্যবহার করলে প্রায় ১.৫-২ ঘণ্টা লাগবে। মাংস একদম নরম হয়ে হাড় থেকে আলাদা হতে শুরু করলে বুঝবেন রান্না হয়ে গেছে। চাইলে শেষে ১০ মিনিট ওভেনে ব্রয়েল করে ওপরে সুন্দর ক্যারামেলাইজড ফিনিশ দিতে পারেন।

বিফ স্টেক সালাদ

যা লাগবে : বিফ টেন্ডারলাইন ১৫০ গ্রাম, সামুদ্রিক লবণ ১/২ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ, অলিভ অয়েল এক টেবিল চামচ, শসা কিউব করে কাটা একটি, লাল ক্যাপসিকাম ১/৪টি, সবুজ ক্যাপসিকাম ১/৪টি, আইসবার্গ লেটুস ১/৪টি, আরুগুলা লেটুস ১/২ কাপ, মিষ্টি ভুট্টা ১ কাপ, চেরি টমেটো দুটি, সেদ্ধ ডিম একটি, বালসামিক ড্রেসিং দুই টেবিল চামচ।

যেভাবে করবেন : আস্ত রেডি করা স্টেকটাকে স্লাইড করে দুই সাইডকে বাটারে এক মিনিট সতে নিন। প্রয়োজনে একটু বাটার দিয়ে মিষ্টি ভুট্টাসহ সবজি, মসলাগুলো ড্রেসিং দিয়ে টস করে নিন। এবার সিদ্ধ ডিম, চেরি টমেটো ড্রেসিং মিশিয়ে পরিবেশন করুন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম