রেসিপি
ঈদে মজার রান্না
রেসিপি দিয়েছেন আফরোজা খানম মুক্তা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সয়াবিন ভেজ পোলাও
যা লাগবে : বাসমতী চাল ২৫০ গ্রাম, সয়াবিন ১০০ গ্রাম, গাজর, ফুলকপি, ব্রকলি এক কাপ করে। পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, আদা ও রসুন বাটা এক চা চামচ, এলাচ ও দারুচিনি দুই পিস করে, কাঁচামরিচ তিন-চারটি, লবণ ও চিনি স্বাদমতো, গোলাপজল আধা চা চামচ, সয়াবিন তেল+ঘি চার টেবিল চামচ।
যেভাবে করবেন : বাসমতী চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন এক ঘণ্টা। আর সয়াবিন কুসুম গরম পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার মাইক্রো ওভেনের ১০০% হাই পাওয়ারে রান্নার বাটিতে সয়াবিন তেল ও ঘি গরম হলে এলাচ ও দারুচিনি ফোড়ন দিন, এক মিনিট পর আদা ও রসুন বাটা, লবণ, পেঁয়াজ কুচি, গাজর, ফুলকপি, ব্রকলি দিয়ে ঢেকে ছয় মিনিট রান্না করুন। এবার সয়াবিন, ভেজানো চাল, কাঁচামরিচ, গরম পানি দিয়ে ঢেকে ১২-১৫ মিনিট রান্না করুন। তারপর ওভেনে দিয়ে ঢেকে আরও ১০ মিনিট রেখে দিন, ওভেন বন্ধ অবস্থায়। চুলায় দুটি ডিম সিদ্ধ করে নিন। রান্না হয়ে গেলে সার্ভিং প্লেটে ভেজ পোলাও আর ডিম সিদ্ধ দিয়ে পরিবেশন করুন।
সাদা তিলে গরুর মাংস
যা লাগবে : গরুর মাংস এক কেজি, আদা ও রসুন বাটা এক টেবিল চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, কাশ্মীরি মরিচ গুঁড়া এক চা চামচ, লবণ ও চিনি স্বাদমতো, ক্যাপসিকাম সবুজ একটা, টমেটো দুটি, পেঁয়াজ লেয়ার আধা কাপ, সাদা তিল এক চা চামচ, সয়াবিন তেল ও ঘি চার টেবিল চামচ, টমেটোসস আধা কাপ, গরম মসলা এক চা চামচ।
যেভাবে করবেন : হাঁড়িতে গরুর মাংস, আদা ও রসুন বা মরিচ গুঁড়া, কাশ্মীরি মরিচ গুঁড়া, ধনিয়া ও জিরা, লবণ, গরম মসলা গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিন। সয়াবিন তেল ও ঘি গরম হলে সিদ্ধ মাংস, টমেটোসস, ক্যাপসিকাম, পেঁয়াজ লেয়ার, টমেটো চার কোনা করে কাটা দিয়ে নেড়ে রান্না করুন। সিদ্ধ হলে সাদা তিল দিয়ে নেড়ে লবণ দেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল সাদা তিলে ঝাল গরুর মাংস।
রসুন দিয়ে গরুর মাংস
যা লাগবে : গরুর মাংস দুই কেজি, পেঁয়াজ কুচি এক কাপ, আদা ও রসুন বাটা তিন টেবিল চামচ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ করে। জিরা গুঁড়া এক চা চামচ, আস্ত রসুন ছয়টা, কাঁচামরিচ সাত-আটটা, সয়াবিন তেল আধা কাপ, এলাচ ও দারুচিনি চার-পাঁচ পিস করে। গরম মসলা গুঁড়া এক টেবিল চামচ, টকদই আধা কাপ, ঘি এক টেবিল চামচ।
যেভাবে করবেন : মাংস ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন। কড়াইতে তেল গরম হলে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন। আদা-রসুন বাটা, হলুদ-মরিচ ও ধনিয়া গুঁড়া লবণ দিয়ে কষিয়ে নিন। পরে মাংস দিয়ে কম তাপে ঢেকে রান্না করুন। সিদ্ধ হলে পারিমাণমতো পানি দিন। ফুটে উঠলে কাঁচামরিচ, এলাচ, দারুচিনি, জিরা গুঁড়া, আস্ত রসুন ও গরম মসলা গুঁড়া দিয়ে আবারও ঢেকে কম তাপে রান্না করুন। রান্না হয়ে গেলে চুলা থেকে মাংস নামানোর আগে ঘি দিন। তৈরি হয়ে গেল আস্ত রসুনের গরুর মাংসের ঝাল।
গরুর নেহারি
যা লাগবে : গরুর পায়া দুটি, আদা ও রসুন বাটা দুই টেবিল চামচ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, পেঁয়াজ বাটা এক কাপ, জিরা গুঁড়া ১ চা চামচ, চিনি টেস্টিং সল্ট এক চা চামচ, গরম মসলা গুঁড়া এক টেবিল চামচ, দুধ ১/৪ কাপ, বাদাম বাটা দুই টেবিল চামচ, লবণ স্বাদমতো, পানি দুই লিটার, ময়দা বা কর্নফ্লাওয়ার ১/৪ কাপ, সয়াবিন তেল দুই টেবিল চামচ, কেওড়া জল ১/২ চা চামচ, কাঁচামরিচ সাত-সাতটি, আদা ও পেঁয়াজ কুচি ১/২ কাপ।
যেভাবে করবেন : গরুর পায়া গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করুন। এরপর হাঁড়িতে সয়াবিন তেল গরম হলে এলাচ ও দারুচিনির ফোড়ন দিন। এবার আদা, রসুন, পেঁয়াজ, বাদাম বাটা, হলুদ, মরিচ, ধনে, জিরা গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। গরুর পায়া আর পানি (দুই লিটার) দিয়ে ভালো করে রান্না করুন প্রায় ৩-৪ ঘণ্টা। পরে জিরা গুঁড়া, চিনি টেস্টি সল্ট, গরম মসলা গুঁড়া, লিকুইটড দুধ, কেওড়া জল দিয়ে ঢাকনাসহ আরও কিছু সময় রান্না করুন। সবশেষে কাঁচামরিচ ও ময়দা গুলিয়ে দিয়ে নেড়ে ঘন করুন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ও আদা কুচি বাদামি করে ভেজে রান্না করা পায়া ঢেলে দিন। তৈরি হয়ে গেল গরুর পায়া বা নেহারি। এবার নান রুটি দিয়ে পরিবেশন করুন।
