রেসিপি
পাকা আমের রেসিপি
রেসিপি দিয়েছেন আঞ্জুমান্দ জাহিদ সেতু আলোকচিত্রী মনির আহমেদ
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আমের হালুয়া
যা লাগবে : আম সাতটি, কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ, চিনি এক কাপ, ঘি দুই চা চামচ, কাজু ও পেস্তা বাদাম গুঁড়া এক টেবিল চামচ, এলাচ গুঁড়া সামান্য, জাফরান পরিমাণমতো।
যেভাবে করবেন : আম টুকরা করে কেটে ব্লেন্ড করে নিন। পানি ও চিনি জ্বাল দিয়ে সিরা করে নিন। এবার ব্লেন্ড করা আমের সঙ্গে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে প্যানে চিনির সিরায় নাড়তে থাকুন। বারবার অল্প করে ঘি দিয়ে নাড়তে থাকুন। সঙ্গে বাদাম গুঁড়া, এলাচ গুঁড়া, জাফরান দিয়ে হালুয়া তৈরি করুন। নামিয়ে বিভিন্ন মোল্ডে ঘি মাখিয়ে ঢেলে পরিবেশন করুন।
আমের কাস্টার্ড
যা লাগবে : আম চারটি, ক্রিম দুই কৌটা, তরল দুধ দুই কাপ, সাগুদানা আধা কাপ, কাস্টার্ড পাউডার দুই চা চামচ, চিনি এক কাপ।
যেভাবে করবেন : দুটি আম ব্লেন্ড করে নিন আর দুটি আম টুকরা করে কেটে নিন। একটি পাত্রে দুধ, ভেজানো সাগুদানা, চিনি, কাস্টার্ড পাউডার দিয়ে জ্বাল দিন। অন্য একটি পাত্রে ব্লেন্ড করা আম, চিনি ও ক্রিম দিয়ে জ্বাল দিন। এবার গ্লাসে অথবা যে কোনো পাত্রে প্রথমে দুধের মিশ্রণ ও তার ওপর আমের মিশ্রণ দিয়ে ওপরে টুকরা আম ও ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
আম ভাপা দই
যা লাগবে : টকদই ৫০০ গ্রাম, পাকা আম পাঁচটি, চিনি এক কাপ।
যেভাবে করবেন : প্রথমে টকদই ছাঁকনিতে নিয়ে পানি ঝরিয়ে নিন। এবার আম টুকরা করে কেটে চিনি দিয়ে ব্লেন্ড করে নিন। টকদই ও ব্লেন্ড করা আম দিয়ে ভালোভাবে মিশিয়ে ছেঁকে পাত্রে ঢেলে পানিতে ভাপ দিন। ৩০ মিনিট পর ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।
