বিল গেটস। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তা ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস আবারও ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় এসেছেন। দীর্ঘদিনের স্ত্রী মেলিন্ডা গেটসের সঙ্গে বিচ্ছেদের সময় তার বিরুদ্ধে ওঠা একাধিক বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ নিয়ে নতুন তথ্য প্রকশ্যে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের এক অভ্যন্তরীণ টাউনহল সভায় গেটস কর্মীদের সামনে স্বীকার করেন যে, ২০২১ সালে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলাকালে তার বিরুদ্ধে ২০টিরও বেশি সম্পর্কের অভিযোগ উঠেছিল। একইসঙ্গে তিনি প্রয়াত অর্থনীতিক ও দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে উল্লিখিত দুই রুশ নারীর সঙ্গে সম্পর্ক থাকার কথাও স্বীকার করেন। গেটসের স্বীকারোক্তিতে উঠে আসে রুশ ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভার নাম। ২০১০ সালে এক ব্রিজ টুর্নামেন্টে তাদের পরিচয় হয়। পরে আন্তোনোভা একটি ব্রিজ একাডেমির জন্য অর্থায়নের খোঁজে এপস্টেইনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এ ছাড়া টেরাপাওয়ারের এক সাবেক কর্মীর সঙ্গেও তার সম্পর্ক ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিল গেটস ও জেফ্রি এপস্টেইনের সম্পর্ক নিয়ে বিতর্ক নতুন নয়। অতীতে একাধিকবার তাদের বৈঠক ও যোগাযোগের বিষয়টি সামনে এসেছে। সর্বশেষ প্রকাশিত তথ্যে দাবি করা হয়েছে, এপস্টেইন গেটসের ব্যক্তিগত সম্পর্কসংক্রান্ত তথ্য জানতেন এবং সেগুলো ব্যবহার করে তাকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন। যদিও গেটসের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ অস্বীকার করা হয়েছে। মেলিন্ডা গেটসের সঙ্গে ২৭ বছরের দাম্পত্য জীবনের অবসানের পর বিল গেটস প্রকাশ্যে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। তবে তিনি বরাবরই দাবি করে আসছেন, এপস্টেইনের সঙ্গে তার যোগাযোগের ক্ষেত্রে কোনো বেআইনি কর্মকাণ্ড ঘটেনি। প্রযুক্তি জগতের একজন আইকনিক ব্যক্তিত্ব হিসাবে বিল গেটসের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন এ তথ্যগুলো আবারও জনমনে নানা প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে।
