|
ফলো করুন |
|
|---|---|
খ্যাতনামা কবি, সাংবাদিক হাসান হাফিজুর রহমানের জন্মবার্ষিকী আজ। তিনি ১৯৩২ সালের ১৪ জুন জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আবদুর রহমান এবং মায়ের নাম হাফিজা খাতুন। হাসান হাফিজুর রহমান ১৯৩৮ সালে ঢাকার নবকুমার স্কুলে সরাসরি তৃতীয় শ্রেণিতে ভর্তি হন। তিনি ১৯৪৬ সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। ১৯৪৮ সালে ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বিএ অনার্স শ্রেণিতে ভর্তি হন। কিন্তু অনার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ না করে ১৯৫১ সালে তিনি পাশ কোর্সে বিএ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন।
হাসান হাফিজুর রহমানের পেশাজীবন ছিল খুবই বৈচিত্র্যময়। সাপ্তাহিক বেগম পত্রিকায় ১৯৫২ সালে তিনি কর্মজীবন শুরু করেন। এরপর তিনি একাধারে সওগাত ১৯৫৩, ইত্তেহাদ ও দৈনিক পাকিস্তানে ১৯৬৫ সহকারী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন এবং স্বাধীনতার পর দৈনিক বাংলায় সম্পাদকমণ্ডলীর সভাপতি নিযুক্ত হন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ১৯৫৭ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত জগন্নাথ কলেজের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। এছাড়াও তিনি ১৯৭৩ সালে মস্কোর বাংলাদেশ দূতাবাসে প্রেস কাউন্সিলর পদে দায়িত্ব পালন করেন।
১৯৪৬ সালে তিনি যখন স্কুলছাত্র, তখন তার ছোট গল্প ‘অশ্রুভেজা পথ চলাতে’ প্রকাশিত হয় সওগাত পত্রিকায়। এর দুবছর পর সোনার বাংলায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অবদান রাখেন। ১৯৫৩ সালে তার সম্পাদনায় একুশের প্রথম সংকলন প্রকাশিত হয়।
হাসান হাফিজুর রহমান ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক নির্বাচিত হন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি সরাসরি অংশ নেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ১৬ খণ্ডের দলিলপত্রের (১৯৮২-৮৩) সম্পাদনা। তার উল্লেখযোগ্য রচনা-বিমুখ প্রান্তর, আর্ত শব্দাবলী, অন্তিম শরের মতো, শোকার্ত তরবারী, প্রতিবিম্ব, আধুনিক কবি ও কবিতা, মূল্যবোধের জন্য, সাহিত্য প্রসঙ্গ ইত্যাদি।
তিনি পাকিস্তান লেখক সংঘ পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, সুফি মোতাহার হোসেন স্মারক পুরস্কার, অলক্ত সাহিত্য পুরস্কার, সওগাত সাহিত্য পুরস্কার ও নাসিরুদ্দিন স্বর্ণপদক, মরণোত্তর একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ অগণিত পুরস্কারে ভূষিত হয়েছেন।
হাসান হাফিজুর রহমান ১৯৮৩ সালের ১ এপ্রিল মৃত্যুবরণ করেন।
