Logo
Logo
×

স্মরণীয়-বরণীয়

সরদার ফজলুল করিম

Icon

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দার্শনিক ও শিক্ষাবিদ সরদার ফজলুল করিমের মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯২৫ সালের ১ মে বরিশালের উজিরপুর থানাধীন আটিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা খবিরউদ্দিন সরদার কৃষিকাজ করতেন। মা সফুরা বেগম ছিলেন গৃহিণী। সরদার ফজলুল করিমের শৈশবকাল কেটেছে গ্রামে। ম্যাট্রিকুলেশন শেষে তিনি প্রথম ঢাকায় আসেন ১৯৪০ সালে। ১৯৪২ সালে তিনি তার আইএ পাঠ সমাপ্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৪৫ সালে দর্শনশাস্ত্রে অনার্স এবং ১৯৪৬ সালে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি তার নিজ গ্রাম আটিপাড়ায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যার নাম আটিপাড়া মুইনুল উলুম ফাজিল মাদ্রাসা।

১৯৪৬ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রের শিক্ষক হিসাবে নিয়োজিত ছিলেন। পরবর্তী সময়ে তিনি সাম্যবাদী সামাজিক-রাজনৈতিক আন্দোলনে যুক্ত থাকার কারণে পাকিস্তান সরকার কর্তৃক নিগৃহীত হন। রাজবন্দি হিসাবে তিনি বিভিন্ন পর্যায়ে দীর্ঘ ১১ বছর কারাবন্দি ছিলেন। জেলে থাকা অবস্থাতেই ১৯৫৪ সালে তিনি পাকিস্তান সংবিধান সভার সদস্য হিসাবে কাজ করেন। পরে ১৯৬৩ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলা একাডেমির সংস্কৃতি বিভাগের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে, স্বাধীনতার পর ১৯৭২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে শিক্ষাদান করেন।

সরদার ফজলুল করিমের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে-চল্লিশের দশকে ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ : অধ্যাপক আবদুর রাজ্জাকের আলাপচারিতা, নানা কথার পরের কথা, নূহের কিশতী ও অন্যান্য প্রবন্ধ, গল্পের গল্প, প্লেটোর রিপাবলিক, রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট, দর্শনকোষ ইত্যাদি।

তিনি স্বাধীনতা দিবস পুরস্কার, দেওয়ান গোলাম মোর্তাজা স্মৃতিপদক, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক গুণীজন সম্মাননায় ভূষিত হয়েছেন।

সরদার ফজলুল করিম ২০১৪ সালের ১৫ জুন মৃত্যুবরণ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম