|
ফলো করুন |
|
|---|---|
সুরকার ও সংগীত পরিচালক আনোয়ার পারভেজের মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৪৪ সালে (আনুমানিক) জন্মগ্রহণ করেন। তার বোন শাহনাজ রহমতুল্লাহ ছিলেন দেশের একজন খ্যাতনামা গায়িকা এবং ভাই জাফর ইকবাল ছিলেন চলচ্চিত্র অভিনেতা। ষাটের দশকের গোড়ায় আনোয়ার পারভেজ পেশাদার সংগীতজীবন শুরু করেন চট্টগ্রাম বেতারে সুরকার পদে যোগ দিয়ে। পরে ঢাকায় এসে বিভিন্ন মাধ্যমে সংগীত পরিচালনা করেন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন তিনি স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে বেশকিছু দেশাত্মবোধক গানে সুর করেন। এছাড়া তার সুরকৃত শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে ‘একতারা তুই দেশের কথা’ ও ‘একবার যেতে দে না আমার’ গান দুটিও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। স্বাধীনতার পর বাংলাদেশের অন্যতম ব্যবসাসফল ছবি রংবাজের সুরকার ছিলেন তিনি। সে সময় তার সুরারোপিত ‘সে যে কেন এলো না কিছু ভালো লাগে না’, ‘এই পথে পথে, আমি একা চলি’ গানগুলো জনপ্রিয়তা লাভ করে। এছাড়া দি রেইন (১৯৭৬) চলচ্চিত্রের গানে সুর করে তিনি সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেন। সংগীতজীবনের ৪০ বছরে দুই হাজারেরও বেশি গানে সুর দিয়েছেন তিনি। বিবিসির জরিপে যে ২০টি বাংলা গান ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ’ বলে স্বীকৃতি পেয়েছে, সেগুলোর মধ্যে তিনটিই তার সুরারোপিত।
আনোয়ার পারভেজের সুরারোপিত চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-বিজলী (১৯৬৯), বিন্দু থেকে বৃত্ত (১৯৭০), ছন্দ হারিয়ে গেল (১৯৭২), রংবাজ (১৯৭৩), বন্দিনী (১৯৭৬), দি রেইন (১৯৭৬), মাটির মায়া (১৯৭৬), অভিযান (১৯৮৪), ছুটির ফাঁদে (১৯৯০) ইত্যাদি।
সংগীতে অবদানের জন্য তাকে মরণোত্তর একুশে পদকে (২০০৭) ভূষিত করা হয়। এছাড়া তিনি বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি থেকে আজীবন সম্মাননা (২০০৬) লাভ করেন। দীর্ঘদিন প্রস্টেট ক্যানসারে ভোগার পর তিনি ২০০৬ সালে ১৭ জুন মৃত্যুবরণ করেন।
