Logo
Logo
×

খেলা

রিয়াল মাদ্রিদে যোগ দিলেন বের্নার্দো সিলভা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৫:৩৩ পিএম

রিয়াল মাদ্রিদে যোগ দিলেন বের্নার্দো সিলভা

পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা এবার যোগ দিলেন ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদে। ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটিতে ৯ বছরের অধ্যায় ছিল সাফল্য আর ট্রফিতে সমৃদ্ধ। বের্নার্দো সিলভা এবার যোগ দিলেন ইউরোপের সফলতম ক্লাবে। বিশ্বকাপে পর্তুগালের হয়ে মাঠে নামার আগে রিয়াল মাদ্রিদে চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করলেন এ মিডফিল্ডার।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে সিলভার নতুন ঠিকানা অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল গত কিছু দিনে। রিয়াল মাদ্রিদের আনুষ্ঠানিক ঘোষণা এলো বুধবার। ৩১ বছর বয়সি তারকার সঙ্গে স্প্যানিশ ক্লাবটির চুক্তি দুই বছরের।   

ফ্রি এজেন্ট হিসেবেই সিলভাকে পেল রিয়াল। গত এপ্রিলের শুরু ম্যানচেস্টার সিটি জানায়, মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হলেই ক্লাব ছাড়বেন তাদের অধিনায়ক। 

বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, সাইনিং বোনাস হিসেবে তাকে ১ কোটি ইউরো দিয়েছে রিয়াল। এছাড়াও তার বাবা ও এজেন্ট মিলে পাচ্ছেন আরও ১ কোটি ডলার। 

২০০২ সালে ৮ বছর বয়সে বেনফিকার একাডেমিতে যোগ দিয়ে ফুটবলের পথে বিচরণ শুরু সিলভার। এ ক্লাবের হয়েই পেশাদার ক্যারিয়ার শুরু ২০১৩ সালে। পরের বছর তাকে ধারে পাঠানো হয় মোনাকোয়। পরে দলবদল করে সেখানেই রয়ে যান দুই মৌসুম। 

২০১৭ সালে যোগ দেন তিনি ম্যানচেস্টার সিটিতে। তার ক্যারিয়ারের গৌরবময় অধ্যায় রচিত হয় সেখানেই। সিটিতে ৪৬০ ম্যাচ খেলেছেন তিনি। জিতেছেন ৬টি প্রিমিয়ার লিগ, ৫টি লিগ কাপ, ৩টি করে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ। 

কৌশলগত বহুমুখিতা, টেকনিক এবং বিরামহীন ছুটে চলার জন্য পরিচিত বের্নার্দো। সিটিতে পেপ গার্দিওলার সাফল্যের রেসিপির অবিচ্ছেদ্য অংশ ছিলেন এবং রিয়ালের মাঝমাঠে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও নেতৃত্ব বয়ে আসবেন তিনি। 

টানা দুই মৌসুম ট্রফিবিহীন কাটানোর পর এবার দলের শক্তি বাড়াতে উঠেপড়ে লেগেছে রিয়াল মাদ্রিদ। সিলভার আগে চেলসি থেকে তারা এনেছে লেফট ব্যাক মার্ক কুকুরেইয়াকে। আরও দুই ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে ও ডেঞ্জিল ডামফ্রিসের যোগ দেওয়াও এখন কেবল বলা যায় সময়ের ব্যাপার।   

নতুন মেয়াদে ফিরে আসা পুরোনো কোচ জোসে মরিনিয়োর কোচিংয়ে নতুন মৌসুমে সাফল্যের ধারায় ফেরার অভিযানে নামবে রিয়াল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম