প্রশাসনকে তথ্য প্রদান
দুধে ভেজালকারীদের মারধরে আহত হাশেমের মৃত্যু
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার চাটমোহরে প্রশাসনকে তথ্য দেওয়ার সন্দেহে ভেজাল দুধ কারবারিদের মারধরে আহত এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার রাতে মারা যাওয়া হাশেম প্রামাণিক (৪৫) উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের মৃত নুর আলী প্রামাণিকের ছেলে। এ ঘটনায় রাতেই মামলার পর পুলিশ শাহীন নামের এক যুবককে আটক করে।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই নটাবাড়িয়া গ্রামে ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন পুলিশকে ম্যানেজ করে এবং দলীয় প্রভাব খাটিয়ে ভেজাল দুধ তৈরি করে বিভিন্ন দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে বিক্রি করতেন। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কেমিক্যাল, ভেজাল দুধ ও দুধ তৈরির সরঞ্জাম জব্দ করেন। ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এরপর দল থেকে সাময়িক বহিষ্কার হন আব্দুল মোমিন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আব্দুল মোমিন আবারও ভেজাল দুধের কারবার শুরু করলে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কেমিক্যাল ও ভেজাল দুধ জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এ ঘটনায় থানায় আব্দুল মোমিন ও তার বাবাসহ কয়েকজনের নামে মামলা হয়। এরপর পুলিশ আব্দুল মোমিনের বাবাকে আটক করে জেলহাজতে পাঠায়।
এদিকে প্রশাসনকে তথ্য দেওয়ার সন্দেহে হাশেম আলীসহ কয়েকজনকে ২৯ মে আব্দুল মোমিন ও তার লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ব্যাপক মারধর করে। এদের মধ্যে গুরুতর আহত হাশেম প্রামাণিককে প্রথমে পাবনা ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে মারা যান হাশেম প্রামাণিক।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান যুগান্তরকে জানান, মৃত হাশেম প্রামাণিকের ভাগিনা থানায় মামলা করেছেন। রাতেই অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি শাহীনকে আটক করা হয়। শুক্রবার সকালে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
