Logo
Logo
×

নগর-মহানগর

স্বাধীন সংবাদপত্রে অঙ্গীকারবদ্ধ সরকার: মির্জা ফখরুল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্বাধীন সংবাদপত্রে অঙ্গীকারবদ্ধ সরকার: মির্জা ফখরুল

জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার বিএফইউজে ও ডিইউজে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর -যুগান্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবন থেকে আমি একটা জিনিস উপলব্ধি করেছি যে, আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না। আগেও যায়নি, অর্থাৎ আওয়ামী লীগের জন্মের পরেও যায়নি, এবং বিগত ফ্যাসিবাদের সময় তো একেবারেই যায়নি। ভবিষ্যতেও এরা একসঙ্গে যাবে না। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ১৬ জুন ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মির্জা ফখরুল বলেন, ১৫-১৬ বছর ধরে প্রতি বছরই আমরা সাংবাদিক নেতাদের সঙ্গে এই কালো দিবস পালন করে আসছি। গণতন্ত্র পুনরুদ্ধার ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনার সংগ্রামে সাংবাদিকরা সবসময় আমাদের পাশে ছিলেন। বিশেষ করে আমাদের অত্যন্ত কঠিন সময়ে সাংবাদিক বন্ধুদের ভূমিকা কখনো ভোলার নয়। ফ্যাসিবাদের আক্রমণের মুখে সাংবাদিকরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ কাভার করে জনগণের সামনে তুলে ধরেছেন, সেজন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, একটি রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে আমরা কিছুটা স্বাধীনতা পেয়েছি। এখন অন্তত সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার একটি ক্ষেত্র তৈরি হয়েছে এবং বর্তমান সরকার এই স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করছে। অনুষ্ঠানে তিনি উপস্থিত তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দৈনিক বাংলা ও দ্য টাইমসসহ বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্রগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বর্তমান যুগের গণমাধ্যমের সংকট ও চ্যালেঞ্জ অতীতের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। প্রযুক্তির উৎকর্ষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই যুগে গণমাধ্যমের সামনে যে নতুন সমস্যা ও চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা গভীরভাব উপলব্ধি করে উদ্ভাবনী উপায়ে তার সমাধান খুঁজে বের করতে হবে। ডিইউজের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী। আলোচনা সভায় আরও বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং বাংলাভিশনের প্রধান সম্পাদক আব্দুল হাই সিদ্দিকসহ সাংবাদিক নেতারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম