Logo
Logo
×

নগর-মহানগর

যুবদল নেতা মাসুদ হত্যা

রায়হানকে প্রধান করে ১৯ জনের বিরুদ্ধে মামলা

Icon

চট্টগ্রাম ব্যুরো ও রাউজান প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রায়হানকে প্রধান করে ১৯ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের রাউজানে গুলি করে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে হত্যার ঘটনায় মোহাম্মদ রায়হানকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। সোমবার রাতে নিহতের ভাই মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে মামলাটি করেন। এতে সুনির্দিষ্ট ১১ জনের নাম উল্লেখ করে আরও সাত-আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন-ভিডিও ফটেজে শনাক্ত ইলিয়াছ প্রকাশ ধামা ইলিয়াছ, জাকির হোসেন, জাভেদ, আফসার ও ইউসুফ। এর মধ্যে জাকিরকে আগেই একটি ডাকাতি মামলার তদন্তপ্রাপ্ত আসামি হিসাবে গ্রেফতার করা হয়েছিল।

শনিবার দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারের আশরাফিয়া ফার্মেসির সামনে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে (৪৫) গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পাঁচ সন্ত্রাসী ভারী অস্ত্র নিয়ে প্রকাশ্যে তাকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ওই পাঁচজনকে শনাক্ত করে। তাদের নামসহ ১১ জনের নাম উল্লেখ করেই মামলাটি দায়ের করা হয়।

প্রধান আসামি রায়হানের বাড়ি রাউজানে। বাবার নাম বদিউল আলম। তার বাহিনীতে ২০ থেকে ২২ জন সদস্য রয়েছে। এ বাহিনীর হাতে রয়েছে একে-৪৭ রাইফেল, চায়নিজ রাইফেলসহ ভয়ংকর সব মারণাস্ত্র।

বিদেশে পলাতক দুর্ধর্ষ সন্ত্রাসী, চট্টগ্রামে এইট মার্ডার মামলাসহ বহু মামলার আসামি সাজ্জাদ আলী খানের সেকেন্ড ইন কমান্ড হিসাবে কাজ করত ছোট সাজ্জাদ। তার নেতৃত্বেও চট্টগ্রামে ডাবল মার্ডারসহ বিভিন্ন হত্যাকাণ্ড ঘটে। ছোট সাজ্জাদ গ্রেফতার হওয়ার এ গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন রায়হান। প্রতিদ্বন্দ্বী সরওয়ার বাবলাকে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলি করে হত্যা করা হয় এ রায়হানের নেতৃত্বে।

২০২৪ সালের ৫ আগস্টের পর কেবল রাউজানেই ২৫টি হত্যাকাণ্ড ঘটে। চট্টগ্রাম শহরেও এ বাহিনী হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এর মধ্যে অন্তত ১০টি হত্যাকাণ্ডে রায়হান বাহিনী জড়িত রয়েছে বলে পুলিশের কাছে তথ্য আছে। চট্টগ্রামে শিল্পপতি মোস্তাফিজুর রহমান ও মুজিবুর রহমানের চন্দনপুরার বাড়ি লক্ষ্য করে দুই দফায় ভারী অস্ত্র দিয়ে গুলি ছোড়ার ঘটনায়ও এ রায়হান নেতৃত্ব দেয় বলে জানা গেছে। ওই শিল্পপতি পরিবারের কাছে ১০-১২ কোটি টাকা চাঁদা চেয়ে বিদেশ থেকে সাজ্জাদ আলী সরাসরি ফোন করে ও মেসেজ দিয়ে হুমকি দেয়। পরে চাঁদা না পেয়ে গুলি চালায়।

চট্টগ্রাম শহর ও রাউজান-রাঙ্গুনিয়ার মানুষ এ বাহিনীর অব্যাহত খুন, চাঁদাবাজির কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন। সিএমপি ও জেলা পুলিশও নানাভাবে অভিযান পরিচালনা করেও রায়হানকে ধরতে পারছে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম