Logo
Logo
×

নগর-মহানগর

দালালচক্রের ফাঁদে মাদারীপুরের রাব্বি

লিবিয়ায় নির্যাতন দেখে স্ট্রোকে মা-বাবার মৃত্যু

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লিবিয়ায় নির্যাতন দেখে স্ট্রোকে মা-বাবার মৃত্যু

মাদারীপুর সদরের মধ্য খাগদী এলাকার রফিকুল ইসলাম রাব্বি উন্নত জীবনের আশায় ইতালিতে যেতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্য সহায় হয়নি। দালালের খপ্পরে পড়ে তিনি সর্বস্ব হারিয়েছেন। উলটো মুক্তিপণের টাকা দিতে দিতে তার পরিবার নিঃস্ব হয়ে গেছে। এমনকি রাব্বিকে লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ চেয়ে নির্যাতন শুরু করে দালালচক্র। এক পর্যায়ে নির্যাতনের ভিডিও পাঠায় তারা। আর সেই ভিডিও দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রাব্বির মা-বাবা।

পরিবার থেকে মাফিয়াদের হাতে এ পর্যন্ত কয়েক দফায় ৮৫ লাখ টাকা দিলেও এক সপ্তাহ ধরে খোঁজ নেই রাব্বির। উপায় না পেয়ে মঙ্গলবার দুপুরে দালালের বাড়ি ঘেরাও করে পরিবারের সদস্যরা। অভিযুক্তদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

রাব্বির বড় ভাই তানজিল আক্তার জানান, প্রায় দুই বছর আগে ইতালির উদ্দেশে রাব্বি বাড়ি ছাড়েন। পরে তাকে লিবিয়ায় আটকে নির্যাতন চালায় মাফিয়ারা। নির্যাতনের ভিডিও পাঠানো হয় পরিবারের কাছে। সেই ভিডিও দেখে দেড় বছর আগে বাবা জলিল বেপারী ও ৬ মাস আগে মা মেহেরুন নেছা মারা যান। মুক্তিপণের ৮৫ লাখ টাকা দিয়েও রাব্বির মুক্তি মিলছে না।

রাব্বির স্বজনরা জানান, কেন্দুয়া ইউনিয়নের তালতলা এলাকার আয়ুব আলী মাতুব্বরের ছেলে রিয়াজুল মাতুব্বর ও রিয়াজুলের শ্বশুর মধ্য খাগদী এলাকার জামাল ফকির এবং শাশুড়ি রোমানা বেগম মানব পাচার চক্রের সদস্য। রাব্বিকে ইতালিতে পাঠাতে তাদের সঙ্গে চুক্তি করে পরিবার।

এলাকাবাসী জানান, রিয়াজুল কিছুদিন ধরে ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে যুবকদের নির্যাতন চালিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তালজিল তার ভাই রাব্বিকে ফেরত চান। স্থানীয় বাসিন্দা সাগর বেপারী বলেন, দীর্ঘদিন ধরে রিয়াজুল বিদেশে লোক নেওয়ার কথা বলে প্রতারণা করে আসছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রোমানা বেগম। তিনি বলেন, রাব্বি কবে কার মাধ্যমে কোথায় গেছে তিনি কিছুই জানেন না। টাকা লেনদেনের বিষয়টিও অবগত নন। তার মেয়ের স্বামী রিয়াজুল ইতালিতে থাকেন। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, পুলিশ ঘটনার ব্যাপারে তথ্য সংগ্রহ করছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম