ম্যাচ প্রিভিউ
উজবেকিস্তানের অভিষেক এবং কলম্বিয়ার ফেরার অপেক্ষা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বকাপে এই প্রথম খেলছে উজবেকিস্তান। ঐতিহাসিক অভিযাত্রার শুরুতেই তাদের সামনে দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়া। আগামীকাল সকাল ৮টায় মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ‘কে’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করে এই প্রথম বিশ্বকাপ নিশ্চিত করে উজবেকিস্তান। তবে মূলপর্বের আগে বড় চমক দেখায় দেশটির ফুটবল ফেডারেশন। বিশ্বকাপে দলকে তুলে আনা কোচ তিমুর কাপাদজেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় ইতালির কিংবদন্তি এবং ২০০৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক ফাবিও কানাভারোকে। কানাভারোর অধীনে উজবেকিস্তান নিজেদের রক্ষণভাগ আরও গুছিয়েছে। দলটির সবচেয়ে বড় ভরসা অধিনায়ক এলদর শোমুরোদভ। বাছাইপর্বে গোল ও অ্যাসিস্ট দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রাখা এই ফরোয়ার্ডের দিকে তাকিয়ে মধ্য এশিয়ার দেশটি। তবে বিশ্বকাপের অভিষেক ম্যাচে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কলম্বিয়ার আক্রমণভাগ সামাল দেওয়া। ২০২২ বিশ্বকাপে জায়গা না পাওয়ার হতাশা কাটিয়ে এবার দারুণভাবে ফিরেছে কলম্বিয়া। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নেস্তর লরেঞ্জোর দল। কলম্বিয়ার সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণভাগ। লুইস দিয়াজ-ঝন আরিয়াসের মতো ফুটবলারদের নিয়ে গড়া আক্রমণভাগে রয়েছে গতি ও গোল করার সামর্থ্য। তবে দলের ছন্দ ঠিক রাখার দায়িত্ব অভিজ্ঞ হামেস রদ্রিগেজের। ২০১৪ বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে বিশ্ব ফুটবলে আলোচনায় আসা হামেসের বয়স ৩৪। বয়স বাড়লেও তার সৃজনশীলতা ও পাসিং দক্ষতা এখনো কলম্বিয়ার সবচেয়ে বড় অস্ত্র। বিশ্বকাপের শুরুতেই সেই জাদু দেখানোর প্রত্যাশা থাকবে সমর্থকদের।
সাম্প্রতিক ফর্মেও এগিয়ে কলম্বিয়া। শেষ পাঁচ ম্যাচে তিনটি জয় পেয়েছে তারা। উজবেকিস্তান একই সময়ে দুটি জয়, একটি ড্র ও দুটি হার দেখেছে। দুই দলের মধ্যে এর আগে কখনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। গ্রুপে পর্তুগাল ও ডিআর কঙ্গোর মতো প্রতিপক্ষ থাকায় প্রথম ম্যাচের তিন পয়েন্ট দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।
