Logo
Logo
×

ফুটবল বিশ্বকাপ ২০২৬

একদিনে চার ম্যাচ ড্র

বিশ্বকাপ ফিরিয়ে আনল ৬৮ বছর আগের স্মৃতি

ফিফা বিশ্বকাপের ইতিহাসে ৬৮ বছর পর একদিনের চারটি ম্যাচের সবকটি ড্র হলো। শেষবার ১৯৫৮ বিশ্বকাপের একদিনে চারটি ম্যাচ ড্র হয়েছিল। সেদিন ছিল ১৫ জুন। এবারও একই ঘটনা ঘটল সেই ১৫ জুন (উত্তর আমেরিকার সময় অনুযায়ী)। ৬৮ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনল এবারের বিশ্বকাপ-

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এবারের বিশ্বকাপ ৪৮ দলের বাগান। চারটি দল-কুরাসাও, কেপ ভার্দে, জর্ডান ও উজবেকিস্তান প্রথমবার খেলছে। ইতিহাসের সর্ববৃহৎ ফিফা বিশ্বকাপের আসর এই প্রথম বসেছে তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ২০২৬ বিশ্বকাপের পঞ্চম দিনে (বাংলাদেশ সময় অনুযায়ী ১৫ ও ১৬ জুন) চারটি ম্যাচের সবকটি ড্র হয়েছে। ৪৮ দলের বিশ্বকাপ হওয়ায় চারটি নতুন দল সুযোগ পেয়েছে। কিছু দল অপ্রত্যাশিতভাবে এবং কিছু দল প্রত্যাশিতভাবেই বিশ্বমঞ্চে আবির্ভূত হয়েছে। সেই মোতাবেক এবার নতুন সুযোগ পাওয়া দলগুলোর দিকে সবার দৃষ্টি। আশ্চর্যজনকভাবে তারাই সূচনায় চমক দেখাল বিশ্বকাপে ফুটবল পরাশক্তিদের আটকে দিয়ে। বাংলাদেশ সময় সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে চার ম্যাচের প্রতিটি ড্র হয়। শুরুটা হয় বেলজিয়াম ও মিসরের ম্যাচ দিয়ে। যেটা শেষ হয় ১-১ গোলে। এরপর সৌদি আরব ও উরুগুয়ে ম্যাচে শুরু থেকে সৌদি এগিয়ে থাকলেও উরুগুয়ে শেষবেলার গোলে ম্যাচ ১-১ ব্যবধানে ড্র করে। এরপর ইরান ও নিউজিল্যান্ডের ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টায়। এই ম্যাচ ড্র হয় ২-২ গোলে। সোমবার রাতে স্পেন ও কেপ ভার্দে গোলশূন্য ড্র করে। এ ম্যাচ অন্য ম্যাচগুলো থেকে সম্পূর্ণ আলাদা। কারণ, স্পেনের মতো শক্তিশালী দলকে একা আটকে দিয়েছেন কেপ ভার্দের ৪০ বছর বয়সি গোলকিপার ভোজিনিয়া। তিনি গোটা ম্যাচে নয়টি সেভ করেন। ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত ১৬টি ম্যাচের মধ্যে আটটি ম্যাচ ড্র হয়েছে। একই দিনে চারটি ম্যাচ ড্র হওয়ার ঘটনা বিশ্বকাপের ইতিহাসে বিরল। শেষবার ১৯৫৮ বিশ্বকাপে একদিনে চারটি ম্যাচ ড্র হয়েছিল। সেই দিনটি ছিল ১৫ জুন। এবারও সেই ১৫ জুন (দক্ষিণ আমেরিকান সময় অনুযায়ী)। ৬৮ বছর আগে ম্যাচ চারটি ছিল প্যারাগুয়ে-যুগোস্লাভিয়া (৩-৩), সুইডেন-ওয়েলস (০-০), ইংল্যান্ড-অস্ট্রিয়া (২-২) এবং পশ্চিম জার্মানি-উত্তর আয়ারল্যান্ডের (২-২)। ৬৮ বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম