Logo
Logo
×

ফুটবল বিশ্বকাপ ২০২৬

ম্যাচ প্রিভিউ

ইংল্যান্ডের প্রতিশোধ না ক্রোয়েশিয়ার পুনরাবৃত্তি?

Icon

ইশতিয়াক সজীব

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জার্মানি-কুরাসাও ম্যাচ বাদ দিলে এবারের বিশ্বকাপে বড়-ছোট দলের ফারাক বোঝা দায়। তবে কম আলোচিত দলগুলো একের পর এক চমক উপহার দিলেও ফুটবলপ্রেমীদের চোখ থাকে বড় ম্যাচে, যেখানে দুদলই প্রায় কাছাকাছি শক্তির। তেমনই এক হাইভোল্টেজ ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে কে-গ্রুপের লড়াই। বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের ডালাসে ইউরোপিয়ান ডার্বিতে মুখোমুখি হবে হ্যারি কেইনের ইংল্যান্ড ও লুকা মদরিচের ক্রোয়েশিয়া। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে ইংল্যান্ডের স্বপ্নভঙ্গের কারণে এবারের ম্যাচ ছড়াচ্ছে বাড়তি উত্তাপ।

১৯৬৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড অনুমিতভাবেই গ্রুপের ফেভারিট। ৬০ বছরের খরা কাটিয়ে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পণ করে এবার যুক্তরাষ্ট্রে এসেছে ‘থ্রি লায়ন্সরা’। তারকায় ঠাসা দলটির নেতৃত্বে আছেন স্বপ্নের ফর্মে থাকা বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড হ্যারি কেইন। অন্যদিকে ফেভারিট না হলেও বড় মঞ্চে বরাবর প্রত্যাশার চেয়ে ভালো করায় ক্রোয়েশিয়াকে সমীহ না করে উপায় নেই। নিজেদের আগের ছয় বিশ্বকাপে তিনবারই সেমিফাইনালে খেলেছে তারা। নিজের পঞ্চম ও শেষ বিশ্বকাপেও দলের মূল চালিকাশক্তি ৪০ বছর বয়সি লুকা মদরিচ। মাঝ মাঠের এই জাদুকরের নেতৃত্বে ২০১৮ বিশ্বকাপে রানার্সআপ এবং ২০০২ বিশ্বকাপে তৃতীয় হয়েছিল ক্রোয়েশিয়া। এবারও নিজেদের পিছিয়ে রাখতে নারাজ মদরিচ, ‘আমাদের গ্রুপে ইংল্যান্ড ফেভারিট। তবে সবাইকে সম্মান করলেও আমরা কাউকে ভয় পাই না। ক্রোয়েশিয়ার সব মানুষকে আমরা গর্বিত করতে চাই। আমাদের সবচেয়ে বড় শক্তি ঐক্য। আমরা এখানে শুধু সংখ্যা বাড়াতে আসিনি। এসেছি লড়তে ও জিততে।’

প্রতিপক্ষ অধিনায়কের হুংকারকে হালকাভাবে নিচ্ছেন না ইংল্যান্ডের স্বপ্নসারথি কেইন, ‘ক্রোয়েশিয়া খুব শক্ত প্রতিপক্ষ। গত দুই বিশ্বকাপে তারা নিজেদের প্রমাণ করেছে। আমাদের খুব সতর্ক থাকতে হবে। তবে প্রস্তুতি খুব ভালো হওয়ায় এবার আমরা আত্মবিশ্বাসী।’

২০১৮ আসরে সেমিফাইনাল এবং ২০২২ আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া ইংল্যান্ড গত দুই ইউরোর ফাইনালে হেরেছে। বারবার তীরে এসে তরি ডোবার বেদনা ভুলতে এবার তারা চায় শিরোপার উষ্ণ ছোঁয়া। নকআউটের পথ মসৃণ রাখতে হতে হবে গ্রুপসেরা। সেজন্য শুরুতে ক্রোয়েশিয়া-পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কেইনদের। এল-গ্রুপের অন্য দুই দল ঘানা ও পানামা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম