Logo
Logo
×

আইটি বিশ্ব

জাকার্তায় রোবটিক্স অলিম্পিয়াড

বাংলাদেশি শিক্ষার্থীর স্বর্ণজয়

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশি শিক্ষার্থীর স্বর্ণজয়

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক অর্জন করেন চাঁদপুরের শিক্ষার্থী এম এ সায়েম প্রিয়ন্ত। ছবি: সংগৃহীত

প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের তরুণ প্রজন্ম যে ক্রমেই নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখছে, তার আরেকটি উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছেন চাঁদপুরের শিক্ষার্থী এম এ সায়েম প্রিয়ন্ত। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক অর্জন করে তিনি দেশের জন্য বয়ে এনেছেন গৌরব। প্রিয়ন্ত চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির (ইংরেজি ভার্সন) শিক্ষার্থী। ছোটবেলা থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তার আগ্রহ ছিল। সেই আগ্রহকে কাজে লাগিয়ে রোবটিক্স ও উদ্ভাবনী চিন্তায় নিজেকে প্রস্তুত করেছেন নিয়মিত চর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে। তার এ নিরলস প্রচেষ্টার ফলই আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেল।

গত ৬ জুন জাকার্তার ইউনিভার্সিটি নেগরির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর ড. অ্যন্ডি হাদিয়ান্তো। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিশ্বের ১৭টি দেশের ৪৭০টি দল অংশ নেয়। নানা উদ্ভাবনী ও বৈজ্ঞানিক প্রকল্পের মধ্য থেকে সেরা ৩০টি দল নির্বাচিত হয়। সেই তালিকায় জায়গা করে নিয়ে স্বর্ণপদক অর্জন করেন বাংলাদেশের প্রতিনিধি প্রিয়ন্ত। সন্তানের এ অর্জনে গর্বিত তার পরিবারও। প্রিয়ন্তের বাবা মো. ওমর ফারুক অভি একজন কলেজ শিক্ষক এবং মা সালমা আক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সন্তানের সাফল্যে আনন্দ প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস ও অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিদ্যালয়টি নিয়মিত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে। প্রিয়ন্তের এ অর্জন শুধু বিদ্যালয়ের নয়, পুরো দেশের জন্যই গর্বের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম