Logo
Logo
×

শেষ পাতা

পাটগ্রাম সীমান্তে বিজিবির গুলি

Icon

প্রতিনিধি (পাটগ্রাম) লালমনিরহাট

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পাটগ্রাম সীমান্তে বিজিবির গুলি

ফাইল ছবি।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের গিড়িয়ারপাড় গ্রাম সীমান্তে এ গুলিবর্ষণ করে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের কলসিরমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজিবি সূত্রে জানা গেছে, গিড়িয়ারপাড় গ্রাম সীমান্তের ৮০৬ মেইন পিলারের কাছ দিয়ে গভীর রাতে ভারতীয় একটি চোরাকারবারির দল কাঁটাতারের বেড়া ভেদ করে বাংলাদেশের ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য ওই সীমান্তে টহলে ছিলেন। তারা চোরাকারবারির দলকে দেখতে পেয়ে সতর্ক করেন। চোরাকারবারি দল তখন সতর্কবার্তা অমান্য করে বিজিবির দিকে এগিয়ে আসতে থাকে। পরে বিজিবির সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। গুলির শব্দে চোরাকারবারিরা ভারতের দিকে পালিয়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল নাজিউর রহমান বলেন, ভারতীয় চোরাকারবারিরা সীমান্তের কাঁটাতারের বেড়া ভেদ করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়েছেন। সীমান্ত রক্ষায় বিজিবি সব সময় সতর্ক রয়েছে।

বিএসএফের খুঁটি স্থাপন বন্ধ : পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্যরেখা লাগোয়া স্থানে আবারও বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এ খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যদের তীব্র আপত্তি ও কঠোর প্রতিবাদের মুখে বিএসএফ খুঁটি স্থাপন বন্ধ করে দেয়। বিজিবি সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় দহগ্রাম বিজিবি ক্যাম্পের (বিওপি) আওতায় দহগ্রাম সীমান্তে শূন্যরেখা হতে ভারতের ১০-২০ গজ অভ্যান্তরে আবারও বিএসএফ বাঁশের খুঁটি স্থাপনের প্রচেষ্টা চালায়। পরে তাৎক্ষণিক বিজিবি টহলদল খবর পেয়ে জোড়ালো প্রতিবাদ জানালে তারা খুঁটি স্থাপন কার্যক্রম বন্ধ রাখে। এর আগে সোমবার একই সীমান্তের শূন্য লাইন হতে ১০-২০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফ ব্যাটালিয়নের তরুণ ক্যাম্পের সদস্যরা ১৫টি বাঁশের খুঁটি স্থাপন করতে এলে বিজিবির বাধায় পিছু হটে এবং স্থান ত্যাগ করে চলে যায়। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে ভারতীয় বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম