পাবনায় লিচু বাণিজ্যে ৮শ কোটি টাকার আশা
আখতারুজ্জামান আখতার, পাবনা
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কেউ গাছ থেকে লিচু পাড়ছেন, কেউবা পাতা থেকে ছাড়িয়ে ভরছেন কার্টুনে বা লটে। আবার ব্যাপারীরা এসে ট্রাকসহ নানা যানবাহনে করে দূর-দূরান্তে নিয়ে যাচ্ছেন লিচু। এভাবেই লিচুর ভরা মৌসুমে মালিক, শ্রমিক, ব্যাপারী-সবাই ব্যস্ত সময় পার করছেন। এটি পাবনার ঈশ্বরদীর লিচুবাগানের ও হাটের বর্তমান চিত্র। এ বছর লিচু থেকে ৮শ কোটি টাকা আয় হতে পারে বলে পাবনার চাষি এবং কৃষি সম্প্রসারণ বিভাগ আশা করছে।
কৃষি বিভাগ ও লিচুচাষিদের সূত্রমতে, পাবনায় এ বছর লিচুর বাম্পার ফলন হয়েছে। চাষিদের ভাষায়, এ বছর লিচুর ‘অন এয়ার’ হওয়ায় লিচুগাছে আশাতিত ফল ধরেছে। ঈদের এক সপ্তাহ আগে থেকে স্থানীয় মোজাফফরীবাদ বা আঁটি লিচু ভাঙা হয়। এখন বোম্বাই ও চায়না-৩ জাতের লিচুর ভরা মৌসুম। পাবনার সুস্বাদু বোম্বাই লিচুর চাহিদা শিশু-বৃদ্ধসহ সব বয়সের মানুষের কাছেই। দেশের দ্বিতীয় বৃহত্তম লিচু উৎপাদনকারী জেলা হিসাবে পাবনা পরিচিত। লিচুচাষে জেলায় ভাগ্য বদলেছে অনেক প্রান্তিক কৃষকেরও। কৃষিতে তিনবার রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত কৃষক শাহজাহান আলী ওরফে পেঁপে বাদশা জানান, প্রথমদিকে পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর, মানিকনগর এবং মিরকামারি এলাকায় লিচু চাষ শুরু হয়। এখন ঈশ্বরদী, আটঘরিয়া, চাটমোহর, পাবনা সদরসহ জেলার বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপকভাবে লিচু চাষ হচ্ছে। অনেক ধনাঢ্য কৃষক লিচু চাষে বিনিয়োগ করেছেন।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে, এ বছর ৪ হাজার ৭২৩ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এর মধ্যে শুধু ঈশ্বরদীতে আবাদ হয়েছে ৩ হাজার হেক্টর। চাষিরা জানান, প্রতিবছর ৬০০ থেকে ৭০০ কোটি টাকার লিচু বিক্রি হয়ে থাকে। এ বছর কমপক্ষে ৮শ কোটি টাকার লিচু বিক্রির আশা করা হচ্ছে।
জানা যায়, চাষিরা সবচেয়ে বেশি আবাদ করেছেন বোম্বাই জাতের লিচু। ঈশ্বরদীর বোম্বাই লিচুর কদর দেশজোড়া। অন্য জাতের মধ্যে রয়েছে বেদানা, কদমী, দেশি আঁটি বা মোজাফফরী, চায়না-থ্রি, ইত্যাদি। ঈশ্বরদী উপজেলার সলিমপুর, সাহাপুর, দাশুয়িা এবং লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নসহ উপজেলায় অন্তত ২৫ হাজার লিচুচাষি রয়েছেন।
লিচুচাষি কেতাব মন্ডল ওরফে লিচু কেতাব জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর লিচুর বাম্পার ফলন হয়েছে। বাগান থেকে ১০০ লিচু ২৫০ থেকে মানভেদে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে আরও দামে বিক্রি হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, এ বছর বাম্পার ফলন হয়েছে। ৩৫ হাজার মেট্রিক টন লিচু উৎপাদন হবে।
