রৌমারীর শূন্যরেখায় ৯ জনের মানবেতর জীবন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইন করা ৯ নাগরিক ৩ দিন ধরে তীব্র গরমে শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছেন। নিদারুণ দুর্ভোগ থেকে বাঁচার আকুতি জানিয়েছেন তারা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে এক নারীকে ঢোকানের চেষ্টা হয়েছে। এছাড়া একই সীমান্তে পুশইনে সহায়তার অভিযোগে সাত বাংলাদেশি আটক হয়েছেন। জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে একজনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। এসব ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। প্রতিনিধিদের পাঠানো খবর-
রৌমারী (কুড়িগ্রাম) : রৌমারী সীমান্তের দুই স্থানে ৩ দিন ধরে তীব্র গরমে খোলা আকাশের নিচে বাস করছেন ৯ জন মানুষ। এসব মানুষ শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছেন। রোববার ভোরে বিএসএফ রৌমারীর গয়টাপাড়া ১০৬০/১-এস সীমান্ত ও মানকারচর ১০৬৬ সীমান্ত পিলার এলাকা দিয়ে পৃথকভাবে তাদের ঠেলে দেয়। গয়টাপাড়া সীমান্তে ছয়জন এবং মানকারচর সীমান্তে রয়েছেন তিনজন। শূন্যরেখায় অবস্থানের পর বিজিবি ও স্থানীয়রা সীমান্তে সতর্ক অবস্থান নেন। তীব্র গরমে তাদের অবস্থা খারাপ। বিশেষ করে নারী ও শিশুদের অবস্থা অত্যন্ত করুণ। খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসহ মৌলিক সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত। বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে একাধিকবার যোগাযোগ ও পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও সমস্যার সমাধান হয়নি।
গয়টাপাড়া সীমান্তে অবস্থানরত ছয়জন হলেন-ময়মনসিংহের ভালুকার বংশেরকুল গ্রামের বিল্লাল হোসেন, একই গ্রামের সাব্বির হোসেন, হিমেল, বিল্লালের স্ত্রী সুমি আক্তার এবং তাদের দুই শিশু মেয়ে ফাতেমা ও ফাহিমা। মানকারচর সীমান্তে অবস্থানরত তিনজন হলেন-সুনামগঞ্জের তাহিরপুরের কাউকান্দি গ্রামের জহিরুল, নেত্রকোনার বারহাট্টার মো. পারভেজ এবং ময়মনসিংহের হালুয়াঘাটের মো. নাঈম।
৩৫ বিজিবির গয়টাপাড়া বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম বলেন, আমরা সাফ জানিয়ে দিয়েছি, পুশইন করা নাগরিকদের কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
পুশইনের শিকার সুমি আক্তার বলেন, গত ৩ দিন ধইরা আমরা গরমের মধ্যে এই জায়গাটায় আছি। কোলে ছয় মাসের ও ৪ বছরের শিশু রয়েছে। খাবার নাই, পানি নাই, মাথার ওপর ছাদ নাই।’
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : গোমস্তাপুরের রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। এদিকে একই সীমান্তে পুশইনে সহায়তা করার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করে পুলিশে দিয়েছে বিজিবি। সোমবার রাতে রাধানগর ইউনিয়নের রোকনপুর বিওপির সীমান্ত পিলার ২২৫/৩-আর-এর বিপরীতে বিএসএফ সদস্যরা স্থানীয় মাঝির সহায়তায় নৌকায় ওই নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। পরে ওই নারীকে ভারতের অভ্যন্তরে শূন্যরেখায় থাকতে দেখা যায়। পুশইন চেষ্টায় সহায়তার অভিযোগে আটক সাতজন গোমস্তাপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইন চেষ্টার অভিযোগ উঠেছে। ঝাউডাঙা বিওপির অধীন সীমান্তের মেইন পিলার ১০৭৮ সংলগ্ন মধ্যেরচর এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ব্যক্তি শূন্যরেখায় অবস্থান করছেন। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
