মেসির প্রতি ভালোবাসা আর্জেন্টিনার প্রতি টান
আলফাজ আহমেদ। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক তারকা ফুটবলার আলফাজ আহমেদ দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী ও মোহামেডানের জার্সিতে মাঠ কাঁপিয়েছেন, জাতীয় দলের আক্রমণভাগে ছিলেন ভরসার প্রতীক। এই সাবেক স্ট্রাইকার খেলা ছেড়েছেন অনেক আগে। কিন্তু ফুটবল তাকে ছাড়েনি। খেলা নিয়ে ভাবেন, দেখেন, বিশ্লেষণ করেন। বিশ্বকাপ এলে আবেগে ভাসেন।
‘আমার পছন্দের দল আর্জেন্টিনা। আর প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। এটা আমি কখনো লুকাই না। মেসিকে শুধু একজন ফুটবলার হিসাবে দেখি না। দেখি একজন মানুষকে, যিনি বছরের পর বছর প্রত্যাশা, সমালোচনা ও ব্যর্থতা নিয়ে হেঁটেছেন; কিন্তু থামেননি। শেষ পর্যন্ত নিজের দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন,’ বলেছেন আলফাজ। তিনি যোগ করেন, ‘আমি মনে করি, বিশ্বকাপ জিততে হলে শুধু বড় খেলোয়াড় হলে হয় না। পুরো দলকে একসঙ্গে খেলতে হয়। আর্জেন্টিনার দিকে তাকালে আমার সবচেয়ে বেশি ভালো লাগে তাদের ঐক্য। গোলবারে এমিলিয়ানো মার্তিনেজ দলকে আত্মবিশ্বাস দেয়। রক্ষণে ক্রিস্তিয়ান রোমেরো দৃঢ়তা আনে। মাঝমাঠে এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দে পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার খেলা ধরে রাখে। সামনে হুলিয়ান আলভারেজ। আর মেসি এমন একজন, যিনি মাঠে থাকলে অন্যরাও নিজেদের সেরা হয়ে ওঠে। তাই আর্জেন্টিনা আমার চোখে শিরোপার অন্যতম দাবিদার।’
আলফাজ আরও বলেন, ‘তবে যদি সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল বেছে নিতে বলা হয়, আমি স্পেনকে বেছে নেব। স্পেন নতুন প্রজন্মের দল। নিজেদের নতুন করে গড়ে তুলেছে। পেদ্রি, গাভি, রদ্রি, নিকো উইলিয়ামস, লামিনে ইয়ামালরা শুধু প্রতিভাবান না, খেলাটা বোঝে। তাদের বল ধরে রাখার ক্ষমতা আছে। আছে ম্যাচ বদলে দেওয়ার সামর্থ্যও। ফ্রান্সকেও বাদ দেওয়ার সুযোগ নেই।’
তার কথায়, ‘ইংল্যান্ডকেও আমি এবার আলাদা করে দেখছি। অনেক বছর পর তাদের দলে পরিণত ভাব এসেছে। তারাও ভয়ংকর হয়ে উঠতে পারে।’
‘তবে আমি একটা কথা সব সময় বিশ্বাস করি। বিশ্বকাপ হিসাব মেনে চলে না। একটা গোল, একটা সেভ, একটা ভুল সিদ্ধান্ত, কিংবা সাহস সব বদলে দিতে পারে। ফেভারিট দল বিদায় নেয়, অচেনা দল ইতিহাস লেখে। আমার হৃদয়ে আর্জেন্টিনার নীল-সাদা রং, মেসির প্রতি ভালোবাসা। কিন্তু একজন সাবেক ফুটবলার হিসাবে আমি দেখছি চারটি বড় শক্তিকে-স্পেনের তারুণ্য, ফ্রান্সের গভীরতা, আর্জেন্টিনার ঐক্য আর ইংল্যান্ডের পরিণত ফুটবল,’ বলেছেন আলফাজ।

