|
ফলো করুন |
|
|---|---|
পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্যই ফুটপাত নির্মাণ করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক জায়গায় ফুটপাত বিভিন্ন ধরনের নির্মাণসামগ্রী রাখার স্থানে পরিণত হয়েছে। এর একটি বড় উদাহরণ হচ্ছে যশোরের কেশবপুর উপজেলা পরিষদ-সংলগ্ন সড়ক। দীর্ঘদিন ধরে ওই সড়কের ফুটপাতজুড়ে ইট, মাটি ও বালু ফেলে রাখা হয়েছে। ফলে ফুটপাত দিয়ে হেঁটে চলার সুযোগ প্রায় নেই বললেই চলে। প্রতিদিন শিক্ষার্থী, নারী, প্রবীণ ব্যক্তি ও সাধারণ পথচারীরা বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করছেন। এতে যেমন চলাচলে ভোগান্তি বাড়ছে, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যাচ্ছে। আরও বিস্ময়ের বিষয় হলো, উপজেলা পরিষদের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের পাশেই এমন অবস্থা বিরাজ করছে। স্বাভাবিকভাবেই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার কথা। ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসাধারণের চলাচলের অধিকার নিশ্চিত করা স্থানীয় প্রশাসনের দায়িত্বের মধ্যেই পড়ে। কোনো অবস্থাতেই ফুটপাত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্মাণসামগ্রী রাখার স্থান নয়। এটি সাধারণ মানুষের চলাচলের জন্য সংরক্ষিত একটি জনসম্পদ। তাই জনস্বার্থে অবিলম্বে ফুটপাত থেকে ইট, মাটি ও বালু অপসারণ করে পথচারীদের জন্য উন্মুক্ত করা জরুরি। পাশাপাশি ভবিষ্যতে যেন কেউ ফুটপাত দখল করে জনভোগান্তির সৃষ্টি করতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানাচ্ছি।
জিএম মিন্টু, কেশবপুর, যশোর
