|
ফলো করুন |
|
|---|---|
সাময়িক অবসরে বা মানসিক সুস্থতার জন্য ভ্রমণ খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত বিভিন্ন সরকারি ছুটি বা উৎসবের মৌসুমে পারিবারিক বা ব্যক্তিগত ভ্রমণ অনেক বেড়ে যায়। ফলে পর্যটন ব্যবসার মৌসুমে পর্যটনকেন্দ্রের আশপাশের এলাকার মানুষের জীবনযাত্রার মান ও আর্থিক স্থিতি বাড়ে। তবে এজন্য পর্যটন স্পটগুলোকে মানসম্মত রাখার পাশাপাশি কোনো ধরনের আশঙ্কা ও ঝুঁকি ছাড়াই বেড়ানোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পর্যটনবান্ধব পরিবেশের জন্য এমনটা অপরিহার্য।
অথচ হতাশার বিষয় বাংলাদেশের বেশির ভাগ পর্যটনকেন্দ্রে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেই। পর্যাপ্ত ট্যুরিস্ট পুলিশ না থাকায় নানা ধরনের উপদ্রব দেখা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক দেখা যায় না। বিশেষ করে নারী পর্যটকদের নিরাপত্তাহীনতা আশঙ্কাজনক বলেই মনে হয়। ব্ল্যাকমেইল করার অভিযোগও প্রায়ই পাওয়া যায়। আবার প্রকাশ্যেই অনেককে অসামাজিক কাজে লিপ্ত হতে দেখা যায়।
সামাজিক স্থিতি বিনষ্টের পাশাপাশি নিরাপত্তাহীনতার কারণে পর্যটনশিল্প ক্রমেই ধ্বংসের দিকে যাচ্ছে। এজন্য পর্যটনসংশ্লিষ্ট প্রশাসনের উচিত সুস্থ সামাজিক বিনোদন রক্ষায় যথেষ্ট নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি অসামাজিক কার্যক্রম বন্ধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
নাসির বাবু
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
