Logo
Logo
×

চিঠিপত্র

হাইমচরে ইপিজেড চাই

Icon

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চাঁদপুর জেলার হাইমচর একটি উপকূলীয় ও প্রান্তিক উপজেলা। এ উপজেলার সঙ্গে রয়েছে বরিশাল, লক্ষ্মীপুর ও শরীয়তপুর জেলার সংযোগ। হাইমচর উপজেলার মধ্যচর অঞ্চলে এবং বিশাল মেঘনা নদী অববাহিকায় আধুনিক কৃষি, ইকো-ট্যুরিজম ও রপ্তানিমুখী অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার রয়েছে অপার সম্ভাবনা। ঢাকা থেকে মাত্র ২-৩ ঘণ্টার দূরত্বে অবস্থিত এ অঞ্চলকে পরিকল্পিতভাবে উন্নয়ন করে এখানে উন্নত বিশ্বের আদলে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর, ফরমালিনমুক্ত কৃষিপণ্য, শাক-সবজি উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ জৈব ও নিরাপদ খাদ্য উৎপাদনের বিশাল সম্ভাবনা ও বিদেশে রপ্তানির বিশাল সুযোগ রয়েছে।

একইসঙ্গে, মেঘনা নদীর মনোরম প্রাকৃতিক পরিবেশ, বিস্তীর্ণ চরাঞ্চল, নদীকেন্দ্রিক জীবনধারা ও জীববৈচিত্র্যকে কেন্দ্র করে ইকো-ট্যুরিজমনির্ভর ইপিজেড ও ইকোনমিক জোন গড়ে তোলা সম্ভব। এখানে কোল্ড স্টোরেজ ও ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি স্থাপন, লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে কৃষিপণ্য রপ্তানি করা সম্ভব। হাইমচর উপজেলা ও মেঘনা নদীকেন্দ্রিক ইপিজেড ও ইকোনমিক জোন বাস্তবায়ন করা গেলে এটি বাংলাদেশের অর্থনীতি, কৃষি, পর্যটন ও রপ্তানি খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এসব গুরুত্ব বিবেচনায় ইপিজেড বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

মোহাম্মদ আল আমিন, উত্তর আলগী, হাইমচর, চাঁদপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম