Logo
Logo
×

খবর

প্রবাসী স্বামীকে বিদায় দিতে আসার পথে স্ত্রী নিহত

চার স্থানে বৃদ্ধ-বৃদ্ধাসহ ঝরল আরও ৪ প্রাণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রবাসী স্বামীকে ঢাকায় বিমানবন্দরে পৌঁছে দিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ মমতাজ বেগম প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনায় চার স্থানে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে খাগড়াছড়িতে এনজিও কর্মকর্তা, গোপালগঞ্জে যাত্রী, চাঁদপুরে বৃদ্ধা এবং নাটোরে বৃদ্ধ রয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : মমতাজ বেগম দুবাই প্রবাসী লিটন সরকারের স্ত্রী। আড়াই মাসের ছুটি শেষে দুবাই ফিরছিলেন লিটন। তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে আসতেছিলেন পরিবারের সদস্য ও স্বজনেরা। এসময় তাদের বহনকারী প্রাইভেটকারটি অপর একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে খাদে উলটে যায়। এতে গুরুতর আহত হন মমতাজ বেগম এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

খাগড়াছড়ি : মানিকছড়ি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তা সুপন চাকমার মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার গচ্ছাবিল এলাকার রেজুর দোকানসংলগ্ন একটি গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। সুপন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাসিন্দা।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে অজ্ঞাতনামা যাত্রী নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়া কান্দিতে এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৫ জনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে নয়জন গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে এবং ছয়জন গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। খুলনা থেকে ছেড়ে বাস দুটির একটি ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি বাস খাদে পড়ে যায়। এসময় দুই বাসের অন্তত ৫০ যাত্রী আহত হন।

চাঁদপুর : বাসচাপায় বৃদ্ধা তোফায়েলন্নেছা মায়ার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বন বিভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত বিল্লাল পাটোয়ারীর স্ত্রী।

লালপুর (নাটোর) : লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নবীর আলী নিহত হয়েছেন। নবীর উপজেলার জোকাদহ গ্রামের মৃত সাজু উদ্দিনের ছেলে। ১৫ জুন তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম