Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

কাফরুলের ফ্ল্যাট থেকে তরুণীর লাশ উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর কাফরুলের কাজীপাড়া মেট্রোস্টেশনের পাশে একটি সাততলা ভবনের ফ্ল্যাট থেকে এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার লাশ উদ্ধারের পর ঘটনাস্থলের পরিস্থিতি ও প্রাথমিক আলামতের ভিত্তিতে একে হত্যাকাণ্ড বলে পুলিশ ধারণা করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে পূর্ব কাজীপাড়ার কামারের গলির একটি ভবনে ফ্ল্যাটের বাইরে থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা বাড়ির মালিকের মাধ্যমে কাফরুল থানা পুলিশকে খবর দেন। তবে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশ, সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ফায়ার সার্ভিস সদস্যরা দরজা ভেঙে ভেতর থেকে লাশ উদ্ধার করে। নিহত রাবেয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়ার কলাদিয়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। তিনি শ্যাওড়াপাড়া ট্রমা ইনস্টিটিউটের নার্সিংয়ের ছাত্রী ছিলেন।

পুলিশ জানায়, এপ্রিল থেকে ওই ফ্ল্যাটে স্বামী আশিকুজ্জামানের সঙ্গে ভাড়া থাকতেন রাবেয়া ওরফে জেনি খান (২৪)। আশিকুজ্জামানের বাসা শাহ আলী থানা এলাকায় বলে জানা গেছে।

পরিবারের অমতে বিয়ে করায় তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক টানাপড়েন ও কলহ চলছিল বলে স্বজনেরা জানিয়েছেন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ১৪ জুন রাতে আশিকুজ্জামান বাসা থেকে বের হন বলে জানা গেছে। এরপর আর ফেরেননি। ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা খুলে বিছানার ওপর রাবেয়ার লাশ পাওয়া যায়।

ওসি বলেন, লাশে পচন ধরে অর্ধগলিত অবস্থায় ছিল। এ কারণে শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলের পরিস্থিতি ও অন্যান্য আলামত বিবেচনায় একে হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকেই রাবেয়ার স্বামী আশিকুজ্জামানকে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম