আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করে ভুল করিনি: স্বাস্থ্যমন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করে ভুল করেননি বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার রাজধানীর মগবাজারে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে হাম চিকিৎসা-সংক্রান্ত ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘প্রথমে আমরা লাইসেন্সটা বাতিল করেছি। আমি মনে করি, আমি কোনো ভুল করিনি। এই পদক্ষেপ যৌক্তিক। ছয়টি শিশুকে অবহেলায় মারা যেতে দেওয়া হবে, আর কর্তৃপক্ষ শান্তিতে থাকবে এটা হতে পারে না।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং দায় নির্ধারণ করা হবে। মন্ত্রী আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবায় জবাবদিহি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা জরুরি। কোনো হাসপাতাল বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অবহেলার কারণে রোগীর মৃত্যু হলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। মন্ত্রী জানান, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। প্রাথমিক তথ্যে একটি বদ্ধ কক্ষে পর্যাপ্ত বায়ু চলাচল, তদারকি ও চিকিৎসকের উপস্থিতি সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
চিকিৎসকদের উদ্দেশে সরদার সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসা একটি মানবিক ও মহৎ পেশা। রোগীদের প্রতি দায়িত্বশীলতা, সহমর্মিতা ও নৈতিক আচরণের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তিনি রোগীদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং মানবিক আচরণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে তিনি করোনাকালে চিকিৎসক ও নার্সদের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। স্বাস্থ্য খাতে সরকারের বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, চলতি অর্থবছরের বাজেটে এ খাতে জিডিপির এক দশমিক শূন্য দুই শতাংশ, অর্থাৎ প্রায় ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক পদ ছাড়লেন শেখ মহিউদ্দিন : বেসরকারি আদ্-দ্বীন হাসপাতালে সম্প্রতি ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। পরিচালনা পর্ষদ এই দায়িত্ব ন্যস্ত করেছে অধ্যাপক জামালুন্নেসার ওপর। একই সঙ্গে হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক শিশু মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন পরিবার গভীরভাবে শোকাহত। ঘটনার পর প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের তদারকি ব্যবস্থা জোরদার এবং চিকিৎসা প্রোটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
ফাউন্ডেশন আরও জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। আলো-বাতাস চলাচল ও পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে তিনজন স্বতন্ত্র পরামর্শকের নেতৃত্বে কাজ চলছে। পাশাপাশি করপোরেট অফিসের ওপর অবস্থিত বেকারটিও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
অধ্যাপক জামালুন্নেসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক। তিনি ২৫ বছরের বেশি সময় ধরে ওই বিভাগে শিক্ষকতা করেছেন। আদ্-দ্বীন ফাউন্ডেশন জানায়, ১৯৮০ সাল থেকে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বিবৃতির শেষে রোগীর নিরাপত্তা, মানসম্মত চিকিৎসা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে আদ্-দ্বীন ফাউন্ডেশন।
