বিজিএমইএতে ডে-কেয়ার সেন্টার চালু
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের নিরাপদ অবস্থান এবং সুনিবিড় যত্ন নিশ্চিত করার লক্ষ্যে ‘মো. রিয়াজউদ্দীন ডে-কেয়ার সেন্টারের’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান আজ সোমবার (৪ এপ্রিল) রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে এই ডে-কেয়ার সেন্টারের কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইএর কর্মীরা আমাদের এই সংগঠনের মূল চালিকাশক্তি। বিশেষ করে কর্মজীবী মা ও বাবাদের সন্তানদের নিরাপত্তা ও সঠিক বিকাশের কথা চিন্তা করে এই আধুনিক ডে-কেয়ার সেন্টারটি চালু করা হয়েছে। এর মাধ্যমে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা সন্তানদের নিরাপদ আশ্রয়ে রেখে আরও নিশ্চিন্তে ও মনোযোগের সঙ্গে দাপ্তরিক দায়িত্ব পালন করতে পারবেন।
ডে-কেয়ার সেন্টারটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এবং শিশুদের খেলাধুলা ও প্রাথমিক শিক্ষার উপযোগী করে গড়ে তোলা হয়েছে। এখানে অভিজ্ঞ তত্ত্বাবধায়ক ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এটি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক হবে।
উদ্বোধন শেষে সভাপতি ও বিজিএমইএর নেতারা ডে-কেয়ার সেন্টারের কক্ষ এবং শিশুদের জন্য বরাদ্দকৃত সুযোগ-সুবিধাগুলো পরিদর্শন করেন। বিজিএমইএর কর্মকর্তা-কর্মচারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, অফিসের অভ্যন্তরেই এমন মানসম্মত ডে-কেয়ার সুবিধা তাদের কর্মজীবনে বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে।
এ সময় বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ সোহেল এবং বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মেজর মো. সাইফুল ইসলামসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিজিএমইএ তার জনবলকে একটি কর্মীবান্ধব পরিবেশ প্রদানের লক্ষ্যে প্রতিনিয়ত বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিজস্ব প্রতিবেদক