রেমিট্যান্স প্রবাহে বড় উত্থান, ২৩ দিনে এলো প্রায় ৩ বিলিয়ন ডলার
চলতি বছরের মে মাসের প্রথম ২৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩৬ হাজার ৫৩১ কোটি এক লাখ ৩৭ হাজার ৫০০ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।
আজ রোববার (২৪ মে) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল শনিবার (২৩ এপ্রিল) প্রবাসী আয় এসেছে দুই হাজার ১৩১ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা। গত বছরের মে মাসের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৬০ লাখ ২০ হাজার মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪১ দশমিক ৩১ শতাংশ।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৩ মে পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে তিন হাজার ২৩০ কোটি ৯০ লাখ ৪০ হাজার ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৬৬৪ কোটি ৩৪ লাখ ২০ হাজার ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ২৬ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক