কম্বোডিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
কম্বোডিয়ায় অনিয়মিতভাবে বা অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে ব্যাংককের বাংলাদেশ দূতাবাস। আজ শুক্রবার (১৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কম্বোডিয়া সরকার আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সে দেশে অনিয়মিতভাবে অবস্থানরত বিদেশি নাগরিক, বিশেষ করে যারা অনলাইন স্ক্যাম সেন্টারে কাজ করছেন, তাদের নিজ দেশে ফেরার জন্য নমনীয়তা প্রদর্শনের ঘোষণা দিয়েছে। এই সময়সীমার পর কম্বোডিয়ান কর্তৃপক্ষ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
আরও পড়ুন : শিগগিরই ইরান যুদ্ধের প্রভাব পড়বে মানুষের খাবার প্লেটে
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক কম্বোডিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ওভারস্টে জরিমানা মওকুফ ও ট্রাভেল পাস দেওয়ার মাধ্যমে দেশে ফিরতে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। এর অংশ হিসেবে গত ৪ থেকে ৫ এপ্রিল নমপেনে দূতাবাস কনস্যুলার ক্যাম্পের মাধ্যমে শতাধিক ট্রাভেল পাস ইস্যু করেছে।
দূতাবাস জানায়, লক্ষ্য করা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে ট্রাভেল পাসের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশে ফেরার উদ্যোগ না নিয়ে বিভিন্ন দেশি/বিদেশি ব্যক্তিদের পরামর্শে কম্বোডিয়ায় অবস্থান করে যাচ্ছেন বা পার্শ্ববর্তী অন্যান্য দেশে অনুপ্রবেশের চেষ্টা করছেন। এর ফলে তাদের পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ছে এবং জেল-জরিমানার আশঙ্কা বাড়ছে।
এ অবস্থায় কম্বোডিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের এ মাসের মধ্যে যত দ্রুত সম্ভব এ দূতাবাসে আবেদন করে ট্রাভেল পাস সংগ্রহ ও বাংলাদেশে নিরাপদে ফেরত যাওয়ার উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবেদন সংক্রান্ত তথ্য: ইমেইলের [email protected], [email protected] মাধ্যমে অথবা বাংলাদেশ দূতাবাস, ব্যাংককের ঠিকানায় হার্ডকপিতে আবেদন করা যাবে।
ক. ট্রাভেল পাশের জন্য আবেদনপত্রের সঙ্গে পাসপোর্টের কপি, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি এবং বর্তমান অবস্থানের বিস্তারিত তথ্য সংযুক্ত হবে।
খ. ওভারস্টে জরিমানা মওকুফের জন্য পাসপোর্ট ও ভিসার কপি সংযুক্ত করতে হবে।

এনটিভি অনলাইন ডেস্ক