যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০১:৫১ পিএম
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সবসময়ই সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং কূটনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি ও উত্তেজনা প্রশমনের পক্ষে অবস্থান নিয়ে আসছে। এ প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট পক্ষগুলো এবং মধ্যস্থতাকারীদের গঠনমূলক উদ্যোগ ও দূরদর্শী ভূমিকার প্রশংসা করা হয়েছে।
বাংলাদেশ আশা প্রকাশ করেছে যে, এই চুক্তি সদিচ্ছা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে বাস্তবায়িত হবে এবং এর মাধ্যমে দীর্ঘমেয়াদি, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক শান্তির ভিত্তি আরও সুদৃঢ় হবে।
বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি শুধু আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নের জন্য নয়, বরং বৈশ্বিক শান্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে এই ইতিবাচক অগ্রগতি ধরে রেখে অবশিষ্ট বিষয়গুলো সংলাপ ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে।
এছাড়া চুক্তিটি আঞ্চলিক উত্তেজনা কমাতে সহায়তা করবে এবং মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ পরিবেশ, অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাভাবিকতা, সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)