যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে তেলের দাম কমেছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৬:০৯ পিএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা চুক্তির খবর আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে। ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতে পারে—এমন প্রত্যাশায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
বুধবার (১৭ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে যায়। বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে এটি প্রায় এক-তৃতীয়াংশ কম।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর পর থেকেই বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। ওই সময় ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দেয়।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য থেকে পুনরায় তেল রপ্তানি শুরু হওয়ার সম্ভাবনায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে অনেক দেশের কৌশলগত তেলের মজুত ইতোমধ্যেই কমে গেছে।
ওয়েস্টপ্যাকের অর্থনীতিবিদ লুকা বেলোব্রাজিক বলেন, ইরানের মোট রপ্তানি বিশ্ব চাহিদার প্রায় ২ শতাংশের সমান হতে পারে। তবে তিনি সতর্ক করে জানান, নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার সম্ভাবনা কম এবং এটি স্থায়ী রাজনৈতিক সমঝোতার ওপর নির্ভরশীল।
আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি সই হওয়ার কথা থাকলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)