Logo
×

Follow Us

রাজনীতি

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ গণতন্ত্রের জন্য হুমকি: আসিফ মাহমুদ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:৩১ পিএম

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ গণতন্ত্রের জন্য হুমকি: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণমাধ্যম কোনো সরকার, রাজনৈতিক দল বা ক্ষমতাকেন্দ্রের নিয়ন্ত্রিত মাধ্যম নয়; এর দায়বদ্ধতা কেবল সত্য ও জনগণের প্রতি। তিনি বলেন, স্বাধীন গণমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম ভিত্তি এবং এর ওপর যেকোনো চাপ বা নিয়ন্ত্রণের চেষ্টা গণতন্ত্রকে দুর্বল করে।

১৬ জুনকে বাংলাদেশের সংবাদপত্রের কালো দিন উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৫ সালে রাষ্ট্রীয় সিদ্ধান্তের মাধ্যমে দেশের অধিকাংশ সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল এবং মাত্র কয়েকটি প্রকাশনা চালু রাখা হয়। এর ফলে বহু সাংবাদিক ও সংবাদপত্র–সংশ্লিষ্ট মানুষ কর্মহীন হয়ে পড়েন এবং স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্র সংকুচিত হয়ে যায়।

বক্তব্যে তিনি আরও বলেন, পরবর্তী সময়েও সংবাদমাধ্যমের স্বাধীনতা নানা সময়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে বিগত বছরগুলোতে গণমাধ্যম নিয়ন্ত্রণ, সমালোচনামূলক সাংবাদিকতার ওপর প্রভাব সৃষ্টি এবং ভিন্নমত নিরুৎসাহিত করার প্রবণতা নিয়ে দেশে-বিদেশে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, সরকার পরিবর্তন হলেও যদি গণমাধ্যমের প্রতি নিয়ন্ত্রণমূলক মানসিকতার পরিবর্তন না আসে, তাহলে তা উদ্বেগের বিষয়। তার মতে, সংবাদমাধ্যমকে পছন্দ-অপছন্দের ভিত্তিতে বিভক্ত করা বা সমালোচনাকে বিরোধিতা হিসেবে দেখা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, যে রাষ্ট্র সত্যকে ভয় পায়, শেষ পর্যন্ত সে জনগণের প্রতিও আস্থাহীন হয়ে পড়ে। তাই অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে তিনি সকল ধরনের গণমাধ্যম নিয়ন্ত্রণের প্রবণতা, একক কর্তৃত্ববাদী চিন্তা এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের বিরুদ্ধে গণসচেতনতা ও ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানান।

মন্তব্য করুন