সরাসরি

পর্তুগালের একাদশে রোনালদো, আর কারা আছেন

১৬: ১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের একাদশ ঘোষণা করা হয়েছে।

পর্তুগালের একাদশ: কস্তা; কানসেলো, আরাউজো , ভেইগা, মেন্দেস; ভিতিনিয়া, নেভেস; ফার্নান্দেজ, বের্নার্দো, নেতো; ক্রিস্টিয়ানো রোনালদো।

০৯: ৩৭

রিয়াল মাদ্রিদে বের্নার্দো সিলভা

২ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা। রিয়ালের সঙ্গে তাঁর চুক্তি ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।

ম্যানচেষ্টার সিটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত মৌসুম শেষে।

০৬: ০৯

জর্ডানকে ৩–১ গোলে হারাল অস্ট্রিয়া

ম্যাচজুড়ে লড়াই করলেও শেষ দিকে দুই গোল হজম করে হতাশা নিয়েই মাঠ ছাড়ল জর্ডান। প্রথমবার বিশ্বকাপে পা রাখা এশিয়ান দলটি অস্ট্রিয়ার কাছে হেরেছে ৩–১ গোলে।

শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রিয়া
এএফপি

২০ মিনিটে রোমানো স্মিড অস্ট্রিয়াকে এগিয়ে দেওয়ার পর ৫০ মিনিটে সেটি শোধ দেন আলী ওলওয়ান। ৭৬ মিনিটে জর্ডান আবার পিছিয়ে যায় আত্মঘাতী গোলে। কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন ইয়াজান আল–আরব।

ম্যাচের যোগ করা সময়ের শেষ দিকে সেলিম ওবাইদের হ্যান্ডবলে পেনাল্টি পায় অস্ট্রিয়া। যা কাজে লাগিয়ে গোল করেন মার্কো আরনাউতোভিচ।

‘জে’ গ্রুপে আর্জেন্টিনার মতো অস্ট্রিয়ার পয়েন্টও তিন। তবে গোল হজম করায় পয়েন্ট তালিকায় অস্ট্রিয়া দুইয়ে।

প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা জর্ডানের খেলোয়াড়েরা দর্শকদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান
এএফপি
০৫: ৫৪

আত্মঘাতী গোল জর্ডানের

অস্ট্রিয়া ২–১ জর্ডান

৭৬ মিনিটে দ্বিতীয় গোল হজম করেছে জর্ডান। এটি ছিল আত্মঘাতী। কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন ইয়াজান আল–আরব।

০৫: ৩৬

ভিএআরে গোল বাতিল

অস্ট্রিয়া ১–১ জর্ডান

৬৭ মিনিটে জর্ডানের জালে বল পাঠিয়েছিলেন মার্কো আরনাউতোভিচ। অস্ট্রিয়ার খেলোয়াড়দের উদ্‌যাপনের এক পর্যায়ে হস্তক্ষেপ করেন ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি। রিপ্লেতে দেখা যায়, আরনাউতোভিচকে যিনি বল পাঠিয়েছিলেন, সেই স্টেফান পশের হাতে বল লেগেছিল। হ্যান্ডবলে গোল বাতিল।

০৫: ২৫

সমতা ফেরাল জর্ডান

অস্ট্রিয়া ১–১ জর্ডান

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা এনেছে জর্ডান। ৫০ মিনিটে গোল করেছেন আলী ওলওয়ান।

০৫: ০০

জর্ডানের বিপক্ষে এগিয়ে অস্ট্রিয়া

অস্ট্রিয়া ১–০ জর্ডান

বিশ্বকাপ অভিষেক হওয়া জর্ডান প্রথম ম্যাচের প্রথমার্ধে অস্ট্রিয়ার বিপক্ষে পিছিয়ে গেছে। সান ফ্রান্সিসকো বে অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে গোল করেছেন রোমানো স্মিড।

গোলের পর স্মিডের উল্লাস
এএফপি
০৩: ০০

মেসি ৩: ০ আলজেরিয়া

কাতার বিশ্বকাপ যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই মেসি করলেন জাদুকরী এক হ্যাটট্রিক। মেসির মায়া ছড়ানোর ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে।

এই ম্যাচে হ্যাটট্রিক করে মেসি ছুঁয়ে ফেললেন বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসার করা সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড। এখন আরেক গোল করলে এককভাবে শীর্ষে উঠবেন আর্জেন্টাইন মহাতারকা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। দি পলের কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে করেন চোখধাঁধানো এক গোল।

এরপর আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের ভুলে মেসি নিজের দ্বিতীয় গোলটি পান ম্যাচের ৬০ মিনিটে। ৭৬ মিনিটে আরেকটি দুর্দান্ত গোলে মেসি আদায় করে নেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক।

সব মিলিয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশনটা মেসি ও আর্জেন্টিনা শুরু করল বড় বার্তা দিয়ে। কাতারে বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হলেও, ক্ষুধাটা এখনো চার বছর আগের মতোই আছে।

আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচ নিয়ে প্রথম আলোর প্রতিবেদনগুলো দেখে নিতে পারেন:

মেসির হ্যাটট্রিক, মেসির রেকর্ড, মেসির চোখে জল

পৃথিবীটা এখনো মেসির

তিন ‘কবিতা’য় শুরু মেসির শেষের ‘কবিতা’

‘মেসিকে নিয়ে কী বলব, ভাষায় প্রকাশ করা কঠিন’

ছবিতে ছবিতে আলজেরিয়ার বিপক্ষে অদম্য মেসি

দুর্দান্ত মেসি
এএফপি
০২: ৪৬

মেসি ছুঁলেন ক্লোসাকে 

অবিশ্বাস্য! হ্যাট্রটিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠলেন মেসি। রোনালদো নাজারিওর ১৫ গোল ছাড়িয়ে ছুঁয়ে ফেললেন সর্বোচ্চ গোল করা ক্লোসাকে। বিশ্বকাপে মেসির গোল এখন ক্লোসার সমান ১৬টি। হ্যাটট্রিকের পরপর ৮০ মিনিটে মাঠ ছাড়েন মেসি। মাঠ ছাড়ার সময় মেসিকে দেয়া হলো ‘স্ট্যান্ডিং অভেশন।’

স্ট্যান্ডিং অভেশন নিয়ে মাঠ ছেড়েছেন মেসি
এএফপি
০২: ৪২

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাট্রটিক 

আটকে রাখা গেল না মেসিকে। হ্যাটট্রিকটা পেয়েই গেলেন জাদুকর–মেসি। ম্যাচের ৭৬ মিনিটে দারুণ এক গোলে আদায় করে নিলেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক।

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন মেসি
এএফপি
০২: ৩০

অল্পের জন্য হ্যাটট্রিক হলো না মেসির

মেসিকে হ্যাটট্রিক বঞ্চিত করলেন লুকা জিদান। মেসির দ্বিতীয় গোলটিতে ভুল করেছিলেন আলজেরিয়ান গোলরক্ষক। তবে একটু পর পুষিয়ে দিলেন সেটি। ৬৬ মিনিটে মেসির গোলের লক্ষ্যে নেওয়া শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দিয়েছেন জিনেদিন জিদান–পুত্র।

০২: ২৫

বিশ্বকাপে মেসির ১৫তম গোল 

আবারও মেসি মোমেন্ট! ম্যাচের ৬০ মিনিটের মাথায় আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে ২–০ গোলে এগিয়ে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক। ফিরতি শটে গোল করে বল জালে জড়ান মেসি।

এটি বিশ্বকাপে মেসির ১৫তম গোল। এই গোলে মেসি ছুঁয়ে ফেললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে (১৫)। মেসির সামনে এখন শুধুই ১৬ গোল করা মিরোস্লাভ ক্লোসা।

০২: ২০

আর্জেন্টিনার আরও দুই বদল 

দলে আরও দুটি পরিবর্তন আনলেন স্কালোনি। ৫৫ মিনিটে লাওতারো মার্তিনেজের বদলে মাঠে নেমেছেন হুলিয়ান আলভারেজ। একই সময়ে থিয়াগো আলমাদার বদলে মাঠে নামেন নিকোলাস গঞ্জালেস।

০২: ১৮

মার্তিনেজের শট ঠেকালেন আলজেরিয়ার গোলরক্ষক

৫৫ মিনিটে লাওতারো মার্তিনেজের শট দারুণভাবে ঠেকিয়ে দিলেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান।

০২: ১১

মন্তিয়েলের বদলে মাঠে নামলেন মলিনা

দ্বিতীয়ার্ধের শুরুতেই দলে পরিবর্তন আনলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। গঞ্জালো মান্তিয়েলের জায়গায় মাঠে নামালেন নাহুয়েল মলিনাকে।

০১: ৫২

মেসিময় প্রথমার্ধ

আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচের প্রথমার্ধের পুরোটা জুড়ে ছিলেন লিওনেল মেসি। খেলার মাত্র পাঁচ মিনিটেই বল জালে পাঠান মেসি। গ্যালারিতে শুরু হয় উল্লাস, কিন্তু মুহূর্তের মধ্যেই সহকারী রেফারির পতাকা উঠলে সেই উদ্‌যাপন থেমে যায়। এরপর বাতিল হয় আলজেরিয়ার একটি গোলও।

তবে ১৭ মিনিটে আবারও দৃশ্যপটে মেসি। দি পলের কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে করলেন অসাধারণ এক গোল। বিশ্বকাপে মেসির করা ১৪তম গোলটি নিয়েই বিরতিতে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতির পরও কি হবে মেসি জাদু?

অপ্রতিরোধ্য মেসি
এএফপি
০১: ২০

বিশ্বকাপে মেসির ১৪তম গোল 

এমন কিছুর জন্য অপেক্ষায় ছিল সবাই! ম্যাচের ১৭ মিনিটে আসল সেই জাদুকরী মুহূর্তটি। লিওনেল মেসির দুর্দান্ত এক গোলে আলজেরিয়ার বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে নিজের ২০০তম ম্যাচে খেলতে নামা মেসির এটি জাতীয় দলের হয়ে ১১৮তম এবং বিশ্বকাপে ১৪তম গোল

মিডফিল্ড থেকে রদ্রিগো দি পল বল বাড়িয়ে দেন মেসির কাছে। বল পেয়ে তিনি পরিচিত ভঙ্গিতে এগিয়ে যান এবং প্রায় ২৫ গজ দূর থেকে নেন জোরালো শট।

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান দুই হাত লাগাতে পারলেও সেই দুর্দান্ত শট ঠেকাতে পারেননি। বল জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

মেসির অসাধারণ এক গোল
এএফপি
০১: ১৪

আলজেরিয়ার গোলও বাতিল 

মেসির গোল বাতিল হওয়ার পর একই অভিজ্ঞতার সাক্ষী হলো আলজেরিয়াও। অফসাইডের কারণে বাতিল হলো তাদের গোলও।

০১: ১০

মেসির গোল বাতিল

আর্জেন্টিনা ও লিওনেল মেসির জন্য স্বপ্নের মতো শুরু হতে পারত ম্যাচটি।

খেলার মাত্র পাঁচ মিনিটেই বল জালে পাঠান মেসি। গ্যালারিতে উল্লাস শুরু হয়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই সহকারী রেফারির পতাকা উঠলে সেই উদ্‌যাপন থেমে যায়।

রিপ্লেতে দেখা যায়, মেসি খুব অল্প ব্যবধানে অফসাইড ছিলেন। ফলে তার গোলটি বাতিল হয়।

এটি হতে পারত বিশ্বকাপে মেসির ১৪তম গোল, কিন্তু ইতিহাসের সেই মুহূর্তের জন্য তাঁকে আরও অপেক্ষা করতে হবে।

০০: ৫৯

আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০০ তম ম্যাচ

ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন মেসি। এর আগে এই মাইলফলকের দেখা পেয়েছেন শুধু পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও কুয়েতের সাবেক ফরোয়ার্ড বাদের আল–মুতওয়া। মেসির জন্য এই দিনটা আরেকটি কারণে বিশেষ। ২০ বছর আগে এই দিনেই বিশ্বকাপে অভিষেক হয়েছিল তাঁর।

তবে বিশ্বকাপে দেশের হয়ে ২০০ তম ম্যাচ খেলার অভিজ্ঞতায় মেসিই প্রথম!

এটি মেসির ষষ্ঠ বিশ্বকাপ। ছেলেদের বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ছয়টি আসরে খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন কিংবদন্তি। এবারের আসরে পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও মেক্সিকোর গোলকিপার গিয়ের্মো ওচোয়া মাঠে নামলে তাঁরাও মেসির এ রেকর্ডে ভাগ বসাবেন।

০০: ৩৯

মাঠে পৌঁছেছেন মেসিরা 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আর্জেন্টিনা দল এরই মধ্যে কানসাস সিটি স্টেডিয়ামে পৌঁছে গেছেন। আজ বাংলাদেশ সময় সকাল ৭টায় বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আলজেরিয়া।

কানসাস সিটি স্টেডিয়ামের মাঠে ম্যাচের আগে ওয়ার্ম আপ করেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
এএফপি
০০: ১৩

এবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মাঠে নামার পালা 

বিশ্বকাপে এবার বিশ্বচ্যাম্পিয়নের মাঠে নামার পালা। গ্রুপ ‘জে’-এর প্রথম ম্যাচে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা।

কানসাস সিটি স্টেডিয়ামে ওয়ার্ম আর্পে আর্জেন্টিনা দল
এএফপি

কাতার ২০২২ বিশ্বকাপ জয়ের সাড়ে তিন বছর পরও আলবিসেলেস্তেদের নেতৃত্বে আছেন লিওনেল মেসি। এই ম্যাচের মধ্য দিয়ে তিনি নিজের ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছেন। যার ফলে যৌথভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ডও গড়বেন আর্জেন্টাইন মহাতারকা। এই রেকর্ডে তাঁর সঙ্গী পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া

ম্যাচটি পরিচালনা করবেন পোলিশ রেফারি শিমোন মারচিনিয়াক, যিনি ফ্রান্সের বিপক্ষে ২০২২ বিশ্বকাপের ফাইনালেও দায়িত্বে ছিলেন।

মেসি ও রদ্রিগো দি পল
এএফপি
০০: ০২

জোড়া গোলে নরওয়েকে জিতিয়ে বিশ্বকাপ মিশন শুরু হলান্ডের

নরওয়ে ৪ : ১ ইরাক

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরাকের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে নরওয়ে। দলের জয়ে জোড়া গোল করেছেন প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা ‘গোলমেশিন’ খ্যাত আর্লিং হলান্ড। ম্যাচের ২৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে ডেভিড মোলারের দেওয়া ক্রসে পা ছুঁইয়ে গোল করেন হলান্ড। ম্যানচেস্টার সিটি তারকার এই ট্রেডমার্ক গোলের পর ৩৯ মিনিটে লিড হারায় নরওয়ে। বাঁ প্রান্ত থেকে আমির আল আম্মারির ক্রসে লাফিয়ে উঠে হেডে গোল করেন ইরাক স্ট্রাইকার আইমেন হুসেইন।

তবে ফের ব্যবধান বাড়াতে হলান্ডের লেগেছে মাত্র ৪ মিনিট। দৌড়ে আসা হলান্ডের সামনে থেকে বল ‘ক্লিয়ার’ করতে গিয়ে ভুল করেন ইরাকের গোলকিপার জালাল হাসান। তাঁর ফিরিয়ে দেওয়া বল হলান্ডের পায়ে লেগে জালে জড়ায়। বিরতির পর এই ব্যবধান ৩–১ করেন লিও স্কিরি অস্টিগার্ড। এরপর ম্যাচের শেষ মুহূর্তে আইমেন হুসেইনের আত্মঘাতী গোলে ৪–১ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে। সব মিলিয়ে দারুণ এক জয়ে মিশন শুরু করল বিশ্বকাপের অন্যতম আলোচিত ‘ডার্ক হর্স’ নরওয়ে।

ম্যাচ শেষে হাত মেলাচ্ছেন দুই দলের খেলোয়াড়রা
এএফপি
০০: ০২

নরওয়ে ৪ : ১ ইরাক

ম্যাচের শেষ মুহূর্তে নরওয়েকে চতুর্থ গোলটি উপহার দিয়েছেন ইরাকি ফরোয়ার্ড আইমেন হুসেইন।

২৩: ৪১ , জুন ১৬

৩–১ গোলে এগিয়ে গেল নরওয়ে

হলান্ডের জোড়া গোলের পর নরওয়ের হয়ে ৭৬ মিনিটে তৃতীয় গোলটি করলেন লিও স্কিরি অস্টিগার্ড। ম্যাচে জয়ের পথে থাকা নরওয়ে এখন এগিয়ে ৩–১ গোলে।

২৩: ১৯ , জুন ১৬

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাওতারো মার্তিনেজ।

২২: ৪৮ , জুন ১৬

চলছে হলান্ড ‘শো’—আবারও এগিয়ে নরওয়ে

নরওয়ে ২–১ ইরাক

সমতায় ফেরা ইরাকের খেলোয়াড়দের মনে মনে একটু খুশি হওয়ার সময়ও দিলেন না হলান্ড!

গোল হজমের ৪ মিনিটের মাথায় (ম্যাচে ৪৩ মিনিট) আবারও গোল করলেন নরওয়ে স্ট্রাইকার। দৌড়ে আসা হলান্ডের সামনে থেকে বল ‘ক্লিয়ার’ করতে গিয়ে ভুল করেন ইরাকের গোলকিপার জালাল হাসান। তাঁর শট হলান্ডের পায়ে লেগে জালে জড়ায়।

দ্বিতীয় গোলটি এভাবে করেন হলান্ড
এএফপি
২২: ৪৩ , জুন ১৬

গোল! সমতায় ইরাক

ইরাক ১–১ নরওয়ে

হলান্ডের গোলে নরওয়ের লিড টিকল মাত্র ১০ মিনিট। কারণ ইরাক পিছিয়ে পড়েও হাল ছাড়েনি।

৩৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে আমির আল আম্মারির ক্রসে লাফিয়ে উঠে হেডে গোল করেন ইরাক স্ট্রাইকার আইমেন হুসেইন।

গোলের পর আইমেন হুসেইনের উদ্‌যাপন
এএফপি
২২: ৩৩ , জুন ১৬

২৯ মিনিটে গোল হলান্ডের

নরওয়ে ১–০ ইরাক

বাঁ প্রান্তে ডেভিড মোলারের দেওয়া ক্রসে পা ছুঁইয়ে গোল নরওয়ে স্ট্রাইকার আর্লিং হলান্ডের। ম্যানচেস্টার সিটিতে নিয়মিতই এভাবে গোল করেন।

বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই গোল পেলেন হলান্ড।

গোলের পর হলান্ডের চিরাচরিত উদ্‌যাপন
এএফপি
২২: ০১ , জুন ১৬

শুরু হলো নরওয়ে–ইরাক ম্যাচ 

বোস্টন স্টেডিয়ামে গ্রুপ ‘আই’–এর ম্যাচে এখন মুখোমুখি হচ্ছে নরওয়ে ও ইরাক। এর আগে সেনেগালের বিপক্ষে ৩–১ গোলে জিতে এই গ্রুপের শীর্ষে উঠেছে ফ্রান্স।

২১: ৫৪ , জুন ১৬

বিশ্বকাপে গোলের দৌড়ে এমবাপ্পে কোথায়

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা:

মিরোস্লাভ ক্লোসা—১৬ গোল (২৪ ম্যাচ)

রোনালদো নাজারিও—১৫ গোল (১৯ ম্যাচ)

গার্ড মুলার—১৪ গোল (১৩ ম্যাচ)

কিলিয়ান এমবাপ্পে—১৪ গোল (১৫ ম্যাচ)

জাস্ট ফন্টেইন—১৩ গোল (৬ ম্যাচ)

লিওনেল মেসি—১৩ গোল (২৬ ম্যাচ)

পেলে—১২ গোল (১৪ ম্যাচ)

এমবাপ্পেকে অভিনন্দন জানান ফ্রান্স কোচ দিদিয়ের দেশম
এএফপি
২১: ১৪ , জুন ১৬

এমবাপ্পের রেকর্ডের জাদু

ফ্রান্স ৩ : ১ সেনেগাল

নিউ জার্সিতে প্রথমার্ধে খুঁজে পাওয়া না যাওয়া ফ্রান্সকে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফেরালেন কিলিয়ান এমবাপ্পে। ৬৬ মিনিটে ফ্রান্সের হয়ে এবারের বিশ্বকাপে নিজের প্রথম গোলটি করেন অধিনায়ক এমবাপ্পে। এর ফলে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলে অলিভিয়ের জিরুর পাশে বসেন এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। দুজনের গোল তখন ৫৭।

ফ্রান্সের বিপক্ষে পারল না সাদিও মানের সেনেগাল
এএফপি

যোগ করা সময়ের ৬ মিনিটে গোল করে জিরুকে পেছনে ফেলে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে ওঠেন এমবাপ্পে (৯৯ ম্যাচে ৫৮ গোল)। বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য এক শটে গোল করেন ২০১৮ আসরে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের নায়ক। বিশ্বকাপে এমবাপ্পের মোট গোল এখন ১৪টি।

এমবাপ্পে রেকর্ড গড়ার আগে ৮২ মিনিটে ফ্রান্সের হয়ে গোল করেন বদলি নামা ব্র্যাডলি বারকোলা। সেনেগালের হয়ে যোগ করা সময়ে এক গোল শোধ করেন ইব্রাহিমা এমবায়ে।

প্রথমার্ধে ভালো খেলতে না পারলেও বিরতির পর ৩ গোল করেছে ফ্রান্স। জয় উদ্‌যাপন খেলোয়াড়দের
এএফপি
২১: ০২ , জুন ১৬

এমবাপ্পের রেকর্ড গড়া গোল

এমব্বাপের রেকর্ড গড়া গোলে সেনেগালের বিপক্ষে ফ্রান্স এগিয়ে গেল ৩–১ গোলে। যোগ করা সময়ের ৫ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য এক শটে লক্ষ্যভেদ করেন এই ফরাসি তারকা। এই গোলে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা মুকুটও পরলেন এমবাপ্পে। অলিভিয়ের জিরুর ৫৭ গোল ছাড়িয়ে এমবাপ্পের গোল এখন ৫৮। বিশ্বকাপে তাঁর গোল ১৪।

২১: ০১ , জুন ১৬

সেনেগালের গোল শোধ

এক গোল শোধ করেছে সেনেগাল। সেনেগালের হয়ে যোগ করা সময়ের ৫ম মিনিটে গোলটি করেছেন ইব্রাহিমা এমবায়ে।

২০: ৪৮ , জুন ১৬

নেমেই গোল করলেন বারকোলা

মাঠে নামার মাত্র তিন মিনিটের মধ্যে ফ্রান্সকে ২–০ গোলে এগিয়ে দিলেন ব্র্যাডলি বারকোলা। ম্যাচের ৭৯ মিনিটে উসমান দেম্বেলের বদলি হিসেবে মাঠে নামেন এই ফরোয়ার্ড। ৮২ মিনিটে আদ্রিয়াঁ রাবিওর লম্বা করে বাড়ানো থ্রু পাস ধরে ঠাণ্ডা মাথায় গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান এই পিএসজি তারকা।

২০: ৩৩ , জুন ১৬

এমবাপ্পের মাইলফলক

কিলিয়ান এমবাপ্পে আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন। সেনেগালের বিপক্ষে গোল করে তিনি ফ্রান্সের হয়ে নিজের গোলসংখ্যা ৫৭-তে নিয়ে গেছেন। এর ফলে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুকে ছুঁয়েছেন এমবাপ্পে।

বিশ্বকাপেও বেড়েছে তার গোলসংখ্যা। এই গোল নিয়ে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোল দাঁড়িয়েছে ১৩। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছুঁতে এখন তার প্রয়োজন আর মাত্র তিনটি গোল।

২০: ৩২ , জুন ১৬

এমবাপ্পের গোল

প্রথমার্ধের হতাশা ভুলে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফিরেছে ফ্রান্স। একের পর এক আক্রমণের জেরে ম্যাচের ৬৬ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে গেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মাইকেল ওলিসের অ্যাসিস্টে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেছেন ফ্রান্স অধিনায়ক। এমবাপ্পের এই গোলের পরপর বল জালে জড়িয়েছিল সেনেগালও। যদিও গোলটি বাতিল হয় অফসাইডের কারণে।

২০: ২৮ , জুন ১৬

পেনাল্টি পেল না ফ্রান্স

ফ্রান্সের আক্রমণের একপর্যায়ে বক্সের ভেতর কিলিয়ান এমবাপ্পেকে ট্যাকল করেন সাদিও মানে। রেফারি শুরুতে পেনাল্টি না দিলেও পরে ভিএআর যাচাই করে। তবে তাতেও সিদ্ধান্ত পাল্টায়নি। ৬০ মিনিট পেরিয়ে গেলেও এখনো গোলশূন্য সমতায় ম্যাচ।

২০: ২৩ , জুন ১৬

মেন্দি ঠেকিয়ে দিলেন এমবাপ্পে–ওলিসেকে 

দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে স্বরূপে ফেরার ইঙ্গিত দিচ্ছে ফ্রান্স। তবে মাইকেল ওলিসে ও এমবাপ্পেকে ঠেকিয়ে ফ্রান্সকে গোল বঞ্চিত রেখেছেন সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি।

১৯: ৫৭ , জুন ১৬

প্রথমার্ধে হতাশ করেছেন এমবাপ্পে–দেম্বেলেরা

ফ্রান্স ০ : ০ সেনেগাল

প্রতিভায় ঠাসা ফ্রান্স দল সেনেগালের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে হতাশ করেছে। দল হিসেবে তারকা খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার ঘাটতি ছিল স্পষ্ট। এমবাপ্পে–দেম্বেলেরা একেকজন উজ্জ্বল তারকা, কিন্তু সবাই মিলে একই ছন্দে খেলতে পারেননি।গোল দূরে থাক, প্রথমার্ধে ফ্রান্স লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি। ফ্রান্সের চেয়ে সেনেগাল বরং বেশি উজ্জ্বল ছিল। গোলের একাধিক সুযোগও পেয়েছিল তারা। কিন্তু পোস্টের বাধা এবং ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পায়নি আফ্রিকান দেশটি। হতাশা ভুলে দ্বিতীয়ার্ধে ফ্রান্স কি ছন্দে ফিরতে পারবে?

প্রথমার্ধে হতাশ করেছেন এমবাপ্পে
এএফপি
১৯: ৩৪ , জুন ১৬

সমতায় চলছে ফ্রান্স–সেনেগাল ম্যাচ

নিউ জার্সিতে প্রথমার্ধের ৩০ মিনিটে শেষে গোলশূন্য সমতায় আছে ফ্রান্স–সেনেগাল ম্যাচ। দুই দলই চেষ্টা করছে সুযোগ তৈরির। তবে গোলের সবচেয়ে কাছাকাছি গিয়েছিল সেনেগালই। ২৫ মিনিটে নিকোলাস জ্যাকসনের শট পোস্টে লেগে ফিরে আসে। ফ্রান্স এখনো বলার কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

ফ্রান্স–সেনেগাল ম্যাচের একটি মুহূর্ত
এএফপি
১৯: ২৯ , জুন ১৬

পোস্টে লাগল জ্যাকসনের শট

ম্যাচের ২৫ মিনিটে নিকোলাস জ্যাকসনের শট পোস্টে লেগে প্রতিহত হওয়ায় অল্পের জন্য গোল পাওয়া হলো না। সেনেগালের।

১৯: ০৫ , জুন ১৬

এমবাপ্পে–মানে মুখোমুখি 

নিউ জার্সিতে গ্রুপ ‘আই’–এর ম্যাচে এখন লড়ছে ফ্রান্স–সেনেগাল। তারকায় ঠাসা ফ্রান্স দলকে কি চ্যালেঞ্জ জানাতে পারবেন সাদিও মানেরা?

১৮: ৫২ , জুন ১৬

ইতিহাস গড়ার সুযোগ এমবাপ্পের

আজকের ম্যাচে কিলিয়ান এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে।

ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৫৬ গোল করেছেন ২৭ বছর বয়সী এই তারকা। আর একটি গোল করলেই দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুর রেকর্ডে ভাগ বসাবেন তিনি।

বিশ্বকাপেও এমবাপের গোলসংখ্যা ঈর্ষণীয়। ফ্রান্সের জার্সিতে তার ৫৬ গোলের ১২টিই এসেছে বিশ্বকাপের মঞ্চে। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের মালিক জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের রেকর্ড ছুঁতে এমবাপের দরকার আর মাত্র চারটি গোল।

১৮: ২২ , জুন ১৬

দিদিয়ের দেশমের কীর্তি

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম এখন একই জাতীয় দলকে চারটি বিশ্বকাপে কোচিং করানো ইতিহাসের ষষ্ঠ কোচ। ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬—টানা চারটি বিশ্বকাপেই তিনি ফ্রান্সের দায়িত্বে আছেন।

এর আগে এই কীর্তি গড়েছিলেন—

সেপ হারবার্গার (জার্মানি) — ১৯৩৮, ১৯৫৪, ১৯৫৮ ও ১৯৬২

ওয়াল্টার উইন্টারবটম (ইংল্যান্ড) — ১৯৫০, ১৯৫৪, ১৯৫৮ ও ১৯৬২

লায়োশ বারোতি (হাঙ্গেরি) — ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭৮

হেলমুট শ্যোন (পশ্চিম জার্মানি) — ১৯৬৬, ১৯৭০, ১৯৭৪ ও ১৯৭৮

অস্কার তাবারেজ (উরুগুয়ে) — ১৯৯০, ২০১০, ২০১৪ ও ২০১৮

১৮: ১৪ , জুন ১৬

ফ্রান্সের বিপক্ষে সেনেগালের একাদশ

এদুয়ার্দ মেন্দি (গোলরক্ষক), ক্রেপিন দিয়াতা, কালিদু কুলিবালি, মুসা নিয়াখাতে, এল হাজি মালিক দিউফ, লামিনে কামারা, ইদ্রিসা গেয়ে, পাপে গেয়ে, ইসমাইলা সার, নিকোলাস জ্যাকসন, সাদিও মানে।

ফ্রান্সের একাদশ
এএফপি
১৮: ০০ , জুন ১৬

সেনেগালের বিপক্ষে ফ্রান্সের একাদশ

মাইক মাইনিয়ঁ (গোলরক্ষক), দায়োত উপামেকানো, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ, অরেলিয়াঁ চুয়ামেনি, আদ্রিয়াঁ রাবিও, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে।

১৫: ৫৯ , জুন ১৬

মাঠে নামার আগেই আর্জেন্টিনা–আলজেরিয়ার সমর্থকদের মারামারি

বিশ্বকাপের মাঠের উত্তাপ এবার ছড়াল নিউইয়র্কের রাস্তায়। ২০২৬ বিশ্বকাপের ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার আগেই মারামারিতে জড়ালেন আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকেরা। আজ নিউইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটনের বিখ্যাত টাইমস স্কয়ারে দুই দলের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি পরা একদল সমর্থকের সঙ্গে আলজেরিয়ার জার্সি পরিহিত সমর্থকদের ধস্তাধস্তি ও হাতাহাতি হচ্ছে। ‘ব্রুট অফিশিয়াল’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথম শেয়ার করা হয়, যা পরে দ্রুতই ভাইরাল হয়ে যায়।

১৫: ১৩ , জুন ১৬

বড় ধাক্কা খেল ইংল্যান্ড

মাঠে নামার আগেই বড় এক ধাক্কা খেল ইংল্যান্ড। বিশ্বকাপ মিশন শুরুর ঠিক আগের দিনই দল থেকে ছিটকে গেলেন টিনো লিভ্রামেন্টো। কাফ ইনজুরির কারণে এই ইংলিশ ডিফেন্ডারের এবারের বিশ্বকাপের স্বপ্নটা এখানেই শেষ হয়ে গেল।

লিভ্রামেন্টোর দুর্ভাগ্য অবশ্য ভাগ্য খুলে দিয়েছে ট্রেভো চালোবাহর। স্কোয়াডে তাঁর বদলি হিসেবে ডাক পেয়েছেন এই চেলসি ডিফেন্ডার।

০৮: ১৪ , জুন ১৬

উদ্‌যাপনটা ‘রাজনৈতিক ছিল’

নিউজিল্যান্ডের বিপক্ষে ইরানের প্রথম গোলটি করেন রামিন রেজাইয়ান। গোলের পর তিনি দর্শকের দিকে ছুটে গিয়ে জার্সি দিয়ে মুখ ঢেকে দেন।

খেলাশেষে তাঁকে এমন উদ্‌যাপনের কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হলে সম্প্রচার ক্যামেরায় বলেন, ‘এটা কিছুটা রাজনৈতিক ছিল। এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না।’

লস অ্যাঞ্জেলেসে হওয়া ম্যাচটির সময় সোফাই স্টেডিয়ামের বাইরে প্রবাসী ইরানিদের একটি অংশ বিক্ষোভ করে, যারা দেশটির বর্তমান শাসনকাঠামোর বিরোধী। একটি অংশ খেলা শুরুর আগে জাতীয় সংগীতের সময় দুয়োও দেয়।

খুব সম্ভবত সে দিকে ইঙ্গিত করে রেজাইয়ান বলেন, ‘আমরা এখান ফুটবল নিয়ে কথা বলতে এসেছি। যদি আমাদের মধ্যে (ইরানি দর্শক) কোনো সমস্যা থাকে, আমাদের ভেতরের ব্যাপার।’

রেজাইয়ানের সেউ উদ্‌যাপন
এএফপি
০৭: ৩৫ , জুন ১৬

তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

বিশ্বকাপের মাঝপথে হার্ভে রেনার্ডকে কোচ নিয়োগ দিয়েছে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। মেক্সিকোয় পৌঁছে মঙ্গলবার তিউনিসিয়া দলের অনুশীলনে দায়িত্ব নেওয়ার কথা তাঁর।

এর আগে গতকাল সাব্রি লামুশিকে বরখাস্ত করে তিউনিসিয়া ফেডারেশন। আফ্রিকান দলটি ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫–১ গোলে হারে।

৫৭ বছর বয়সী রেনার্ড এবার নিয়ে টানা তৃতীয় বিশ্বকাপের ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন। ২০১৮ বিশ্বকাপে ছিলেন মরক্কোর কোচ। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের, যে দলটি প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়েছিল। ফরাসি এই কোচের অধীনে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছিল সৌদি আরব। গত ১৭ এপ্রিল তাঁকে বরখাস্ত করা হয়।

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা–সৌদি আরব ম্যাচের পরের ছবি
রয়টার্স
০৩: ৫৬ , জুন ১৬

৬৮ বছর পর এক দিনে চারটি ড্র

বিশ্বকাপের পঞ্চম দিনে ম্যাচ হয়েছে চারটি, সব কটিই শেষ হয়েছে সমতায়। স্পেন–কেপ ভার্দে ০–০, বেলজিয়াম–মিসর ও সৌদি আরব–উরুগুয়ে ১–১ এবং ইরান–নিউজিল্যান্ড ২–২ ড্র করেছে।

ফিফা বিশ্বকাপের ইতিহাসে এক দিনে চারটি ড্র দেখা গেল ৬৮ বছর পর। সুইডেনে হওয়া ১৯৫৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে ১৫ জুন ড্র করেছিল সুইডেন–ওয়েলস (০–০), যুগোস্লোভিয়া–প্যারাগুয়ে (৩–৩), ইংল্যান্ড–অস্ট্রিয়া (২–২) ও নর্দান আয়ারল্যান্ড–জার্মানি (২–২)।

১৯৩০ থেকে শুরু হওয়া ফিফা বিশ্বকাপে এক দিনে চারটির ড্রর ঘটনা এ দুটিই।

০৩: ০৪ , জুন ১৬

ইরানকে রুখে দিল নিউজিল্যান্ড

ইরান ২–২ নিউজিল্যান্ড

এক যুগ পর বিশ্বকাপে ফেরা নিউজিল্যান্ড আজ ইরানের সঙ্গে ড্র করেছে। ম্যাচে দুই দফায় এগিয়ে গিয়েছিল ওশেনিয়ার দলটি। দুবারই সমতা ফিরিয়েছে ইরান।

নিউজিল্যান্ডের হয়ে দুটি গোলই করেছেন এলিজা জাস্ট (৭ ও ৫৪ মিনিট)। ইরানের হয়ে সমতা ফিরিয়েছেন রামিন রেজাইয়ান (৩২) মোহাম্মদ মোহেবি (৬৪)।

পূর্ণাঙ্গ ম্যাচ রিপোর্ট পড়ুন এখানে: ইরানকে কাঁপিয়ে দিল নিউজিল্যান্ড

কেউ ছিলেন আক্রমণে, কেউ রক্ষণে। শেষ পর্যন্ত সফল কেউই নন। ইরান–নিউজিল্যান্ড ম্যাচে
এএফপি
০২: ৩৮ , জুন ১৬

ইরান আবার সমতায়

ইরান ২ : ২ নিউজিল্যান্ড

ম্যাচে সমতায় ফিরল ইরান। ম্যাচের ৬৩ মিনিটে ডান প্রান্ত দিয়ে রামিন রেজাইয়ানের বাড়ানো বলে মোহাম্মদ মোহেবি জোরালো হেডে বলটি জালে জড়ান।

এই গোলে সহায়তা করা রামিনই করেছিলেন ইরানের প্রথম গোল।

০২: ২৪ , জুন ১৬

জাস্টের জোড়া গোল 

ইরানের বিপক্ষে দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে আবার লিড নিল নিউজিল্যান্ড। এই গোলটিও করেছেন এলিজা জাস্ট।

ইরান ১ : ২ নিউজিল্যান্ড

০১: ৫৮ , জুন ১৬

ইরান ১ : ১ নিউজিল্যান্ড

বিশ্বকাপে আক্রমণ ও প্রতি–আক্রমণে দারুণ এক ম্যাচ উপহার দিচ্ছে ইরান–নিউজিল্যান্ড। প্রথমার্ধ শেষে ম্যাচটি এখন ১–১ সমতায় আছে। ম্যাচের ৭ মিনিটে এলিজা জাস্টের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। পরে ম্যাচের ৩২ মিনিটে সমতা ফেরান ইরানের রামিন রেজাইয়ান।

০১: ৩৯ , জুন ১৬

গোল! নিউজিল্যান্ড ১–১ ইরান

পিছিয়ে পড়ার পর ম্যাচের ২৪ মিনিটেই গোল পেতে পারত ইরান। ফরোয়ার্ড মেহদি তারেমির শট পোস্টে লেগে ফিরে আসে। এর ৮ মিনিট পরই কাঙ্খিত গোলটি পেয়ে গেল ইরান। নিউজিল্যান্ডের বক্সে জটলার ভেতর থেকে নেওয়া শটে গোল করেন ইরানের ডিফেন্ডার রামিন রেজাইয়ান।

০১: ১৪ , জুন ১৬

নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ল ইরান 

বিশ্বকাপের অন্যতম আলোচিত দল ইরানের বিপক্ষে ম্যাচের শুরুতেই লিড নিল নিউজিল্যান্ড। ম্যাচের ৭ মিনিটে দলীয় সমন্বয়ে গড়া আক্রমণ থেকে দুর্দান্ত এক গোলে নিউজিল্যান্ডকে এগিয়ে দিয়েছেন এলিজা জাস্ট।

০০: ৫২ , জুন ১৬

এখন মুখোমুখি ইরান–নিউজিল্যান্ড 

বিশ্বকাপে ‘জি’ গ্রুপের ম্যাচে এখন মুখোমুখি ইরান–নিউজিল্যান্ড। এই ম্যাচটি ইরান ফুটবল দলের জন্য সাধারণ একটি ম্যাচের চেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ, ভিসা পাওয়া নিয়ে জটিলতা, বেস ক্যাম্প সরিয়ে নেওয়াসহ বিভিন্ন কারণে ইরানের ফুটবল দল এবারের বিশ্বকাপের আলোচিত দলগুলোর একটি। নিউজিল্যান্ড ম্যাচ সামনে রেখে এক দিন আগে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পা রেখেছিল তারা। ইরান যখন এই ম্যাচ খেলার জন্য মাঠে নেমেছে, তখনো মাঠের বাইরে চলছে নানা ধারনের রাজনৈতিক স্লোগান।  

০০: ১২ , জুন ১৬

গোলকিপারের জাদুতে উরুগুয়েকে আটকে দিয়েছে সৌদি আরব 

২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারানোর স্মৃতিটা এবারও প্রায় ফিরিয়ে এনেছিল সৌদি আরব। উরুগুয়ের বিপক্ষে ৪১ মিনিটে এগিয়ে গিয়ে সেই লিড ৭৯ মিনিট পর্যন্ত ধরে রাখে তারা। তবে এবার শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মরুর দেশটি। ৮০ মিনিটে মাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে সমতা ফেরায় উরুগুয়ে। ১–১ সমতাতেই শেষ হয় ম্যাচ।

এই ম্যাচে উরুগুয়ে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছে। কিন্তু একটির বেশি গোল আদায় করতে পারেনি তারা। এই ম্যাচের আসল নায়ক সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল–ওয়াইস। ম্যাচে ৯টি গোল সেভ করেছেন তিনি।

পূর্ণাঙ্গ ম্যাচ রিপোর্ট পড়ুন এখানে: উরুগুয়েকে ভয় ধরিয়ে দিয়ে পয়েন্ট কাড়ল সৌদি আরব

২৩: ৪৯ , জুন ১৫

উরুগুয়ে ১ : ১ সৌদি আরব

মাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে অবশেষে গোলের দেখা পেল উরুগুয়ে। ৮০ মিনিটে পাওয়া এই গোলে সৌদি আরবের বিপক্ষে ১–১ গোলে সমতা ফেরাল দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২৩: ৩৭ , জুন ১৫

সমতা ফেরানোর চেষ্টায় উরুগুয়ে

৭০ মিনিটে পেরোলেও এখনো সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরানোর জন্য লড়ছে উরুগুয়ে। তারা পিছিয়ে ১–০ গোলে। লাতিন দেশটির একাধিক প্রচেষ্টা গোলের কাছাকাছি গিয়ে নষ্ট হয়েছে।

২২: ৪৭ , জুন ১৫

বিরতির আগে সৌদি আরবের গোল

বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে চমক দেখানোর বার্তা দিল সৌদি আরব। আবদুলেলাহ আল–আমরির গোলে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৪১ মিনিটে লিড নিল এশিয়ান দেশটি।

কর্নার থেকে ভেসে আসা বলে শক্তিশালী হেড নেন হাসান আল তামবাকতি। উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা বলটি ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি। তাঁর হাত ফসকে বল বেরিয়ে গেলে সুযোগটি লুফে নেন আবদুলেলাহ আল আমরি। কাছ থেকে বল জালে জড়িয়ে সৌদি আরবকে এগিয়ে দেন তিনি। রক্ষণে ভুলের মাশুল দিয়ে ম্যাচে পিছিয়ে পড়ল উরুগুয়ে। এই গোল নিয়েই বিরতিতে গেছে সৌদি আরব।

সৌদি আরবের গোল উদ্‌যাপন
এএফপি
২২: ০৩ , জুন ১৫

উরুগুয়ের সামনে সৌদি আরব 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এখন মুখোমুখি হচ্ছে সৌদি আরব ও দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। ২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সে আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে চমক উপহার দিয়েছিল সৌদি আরব। এবারও কি তেমন কিছু করতে পারবে এশিয়ান দলটি।

২১: ০২ , জুন ১৫

আত্মঘাতী গোলে জয় হাতছাড়া মিসরের

সিয়াটল স্টেডিয়ামে বেলজিয়াম–মিসর ম্যাচ ১–১ গোলে ড্র হয়েছে। ১৯ মিনিটে বক্সের বাইরে থেকে মোহাম্মদ সালাহর সহায়তায় মিসরকে এগিয়ে দেন ইমাম আশুর। ৬৬ মিনিটে মিসর ডিফেন্ডার মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে বেলজিয়াম। ‘জি’ গ্রুপে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১ পয়েন্ট করে পেল দুই দল।

পূর্ণাঙ্গ ম্যাচ রিপোর্ট পড়ুন এখানে: আত্মঘাতী গোলে প্রথম জয়ের অপেক্ষা বাড়ল মিসরের

২০: ৩২ , জুন ১৫

মিসরের বিপক্ষে অবশেষে সমতা ফেরাল বেলজিয়াম

মাঠে নেমেই বেলজিয়ামের সমতাসূচক গোলের উপলক্ষ হলেন রোমেলু লুকাকু। ম্যাচের ৬৬ মিনিটে লুকাকুকে ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়ান মিসরীয় ডিফেন্ডার মোহাম্মদ হানি। এটি চলতি বিশ্বকাপের তৃতীয় আত্মঘাতী গোল।

মিসর ১ : ১ বেলজিয়াম

২০: ১৬ , জুন ১৫

পোস্ট কাঁপালেন ডি ব্রুইনা!

৫৩ মিনিটে ফ্রি কিক থেকে বল মিসরের পোস্টে মারেন বেলজিয়াম তারকা কেভিন ডি ব্রুইনা। দুভার্গ্য!

১৯: ৫১ , জুন ১৫

প্রথমার্ধ শেষে: মিসর ১–০ বেলজিয়াম

বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল মিসর।

১৯: ২২ , জুন ১৫

গোল: মিসর ১–০ বেলজিয়াম

১৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে ইমান আশুরের গোলে এগিয়ে গেল মিসর। আন্তর্জাতিক ফুটবলে এটা তাঁর প্রথম গোল। বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে এগিয়ে গেল মিসর।

ইমান আশুরের গোল
রয়টার্স
১৯: ০৩ , জুন ১৫

শুরু হলো বেলজিয়াম–মিসর ম্যাচ

বেলজিয়াম ও মিসরের ম্যাচ শুরু হয়েছে। মোহাম্মদ সালাহকে নিয়ে নেমেছে মিসর। স্পেন খেলতে নেমেছে লুকাকুকে ছাড়াই।

১৮: ২৭ , জুন ১৫

এটাই কি বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন?

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে ২০০২ বিশ্বকাপে ১–০ গোলে হারিয়েছিল নবাগত সেনেগাল। ১৯৬৬ বিশ্বকাপে ইতালিকেও একই ব্যবধানে হারিয়েছিল উত্তর কোরিয়া। এমনকি চার বছর আগে সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দিয়েছিল সৌদি আরব।

স্পেন ০–০ কেপ ভার্দে—এই ম্যাচটি তেমন নয়। কিন্তু বিশ্বকাপে অভিষেক ম্যাচে অন্যতম ফেবারিট স্পেনের কাছ থেকে পয়েন্ট কেড়ে নেওয়াও চাট্টিখানি অর্জন নয়! কেপ ভার্দের এই দলটি যে বিশ্বকাপ শেষ হওয়ার আগেই দেশে ‘জাতীয় বীরে’র মর্যাদা পাবেন, তা নিশ্চিত।

আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে কেপ ভার্দে গ্রুপসেরা হয়েছে। ক্যামেরুনের মতো দলকে হারিয়েছে। জিতেছে অ্যাঙ্গোলা ও লিবিয়ার বিপক্ষেও।

কেপ ভার্দেকে সবাই এখন চিনবে। এমনটাই মনে করেন অস্ট্রেলিয়া, টটেনহাম হটস্পার ও নটিংহাম ফরেস্টের সাবেক কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু, ‘ছোট্ট একটি দেশের মানুষ বুক ফুলিয়ে বলতে পারবে যে তারা কেপ ভার্দের নাগরিক, আর আজ সারা বিশ্বের প্রত্যেকেই তাদের এই নতুন পরিচয়কে এক নামে চিনে নিল।’

আসলেই তাই!

১৭: ৫৮ , জুন ১৫

অবিশ্বাস্য, বিখ্যাত এক ড্র কেপ ভার্দের!

এটাই কি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ড্র? স্পেনের খেলোয়াড়দের মুখের দিকে তাকানো যাচ্ছে না! কেপ ভার্দের খেলোয়াড়দের চোখে অশ্রু। আহা! বিশ্বকাপের এই তো মজা!

এবার বিশ্বকাপে অন্যতম ফেবারিট ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ব্যবধানে রুখে দিয়েছে বিশ্বকাপ ইতিহাসে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ (৫ লাখ ২৫ হাজার) কেপ ভার্দে! সেটাও বিশ্বকাপে তাদের অভিষেক ম্যাচে!

কেপ ভার্দে গোলকিপার ভোজিনিয়ার চোখে অশ্রুর বান। দেশের ইতিহাসে অন্যতম সেরা উৎসবের এই লগ্ন নেমেছে তাঁর হাতে ভর করে। ৭টি দারুণ সেভ করেছেন ম্যাচে।

তারকাখচিত স্পেন, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন—৮০১টি পাস খেলেও ফিফা র‍্যাঙ্কিংয়ে ৬৪ তম কেপ ভার্দের জালে বল পাঠাতে পারেনি!

কেপ ভার্দে ৬টি শট নিতে পেরেছে। পোস্টে রাখতে পেরেছে মাত্র একটি। বেশির ভাগ সময়ই পাঁচজনের ব্যাকলাইন নিয়ে রক্ষণ সামলেছে। কখনো কখনো একজন মিডফিল্ডার নিচে নামিয়েও ছয়জন মিলে ডিফেন্স করেছে।

স্পেনের কাছ থেকে পয়েন্ট কাড়ার পর কেপ ভার্দের খেলোয়াড়দের উদ্‌যাপন
এএফপি

স্পেন যে চেষ্টা করেনি তা নয়, মরিয়া হয়েই খেলেছে। চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে না ওঠা লামিনে ইয়ামালকে বাধ্য হয়ে বদলি নামিয়েছে। ২৭টি শট নিয়ে পোস্টে রাখতে পেরেছে ৭টি। কিন্তু গোলটা আর পাওয়া হয়নি। বল পোস্টেও লেগেছে।

পুরো ম্যাচে গোলের সুযোগ কম বের করেনি স্পেন। কিন্তু প্রায় সময়ই কেপ ভার্দের বক্সে ঢুকে কিংবা তার সামনে মুখ থুবড়ে পড়েছে ফেরান তোরেস, দানি ওলমো, ইয়ামালদের আক্রমণভাগ। কারণ? বুক চিতিয়ে লড়েছে কেপ ভার্দে। স্পেনের বেশির ভাগ শটের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন কেপ ভার্দের ডিফেন্ডাররা। তখন মনে হয়নি দুই দলের মধ্যে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৬১ ধাপের ব্যবধান!

ম্যাচে ৭৪ শতাংশ বল ধরে রেখেছে স্পেন।

গোলকিপার ভোজিনিয়ার বীরত্ব। কেপ ভার্দের ইতিহাসে স্মরণীয় দিন
ওয়ার্ল্ড কাপ ২০২৬ এক্স হ্যান্ডল
১৭: ৪৫ , জুন ১৫

ইয়ামাল ও ভোজিনিয়ায় রেকর্ড!

কেপ ভার্দের বিপক্ষে বদলি নেমে ১৮ বছর ৩৪২ দিন বয়সে বিশ্বকাপে অভিষেক হলো স্পেন তারকা লামিনে ইয়ামালের। কেপ ভার্দে গোলকিপার ভোজিনিয়ারও এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক ঘটল ৪০ বছর ২২ দিন বয়সে।

ভোজিনিয়া ও ইয়ামালের মধ্যে বয়সের ব্যবধান ২১ বছর ৪৫ দিন!

বিশ্বকাপের ইতিহাসে ম্যাচে দুই প্রতিপক্ষ খেলোয়াড়ের মধ্যে এটাই সবচেয়ে বেশি বয়সের ব্যবধান।

১৭: ৩৫ , জুন ১৫

মাঠে নামলেন ইয়ামাল

মিকেল মেরিনোর বদলি হয়ে ৭১ মিনিটে মাঠে নেমেছেন লামিনে ইয়ামাল। অনেক চেষ্টা করেও গোল পাচ্ছে না স্পেন। গোলের পথ বের করতেই সম্ভবত চোটের পর পুরোপুরি সুস্থ হয়ে না ওঠা ইয়ামালকে নামালেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

বদলি নামছেন ইয়ামাল
এএফপি
১৬: ৫২ , জুন ১৫

লড়াকু কেপ ভার্দে!

প্রথমার্ধের খেলা শেষে স্কোরলাইন যে ০-০ থাকবে, তা হয়তো ম্যাচের আগে খুব কম মানুষই ভেবেছিলেন। তবে পুরো কৃতিত্ব দিতেই হবে কেপ ভার্দে এবং তাদের গোলরক্ষক ভোজিনিয়াকে। রক্ষণভাগে রীতিমতো দুর্গ গড়ে তুলে স্পেনকে চমৎকারভাবে আটকে রেখেছেন তারা।

মাঠের লড়াইয়ে বলের দখল পুরোপুরি স্পেনের নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু ম্যাচের শেষ ৫ মিনিটের আগপর্যন্ত সেই বল দখলে রেখে খুব একটা ধার ছড়াতে পারেনি তারা। তবে প্রথমার্ধের শেষ দিকে এসে খোলস ছেড়ে বের হয় স্প্যানিশরা। তোরেস গোল করার এক সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন, তাঁর শটটি প্রতিহত হয় ক্রসবারে লেগে। ফিরতি বলে ওইয়ারসাবালের নেওয়া হেড দুর্দান্তভাবে রুখে দেন ভোজিনিয়া। ৪০ বছর বয়সী কেপ ভার্দের এই গোলরক্ষক যেন আজ দেয়াল হয়ে দাঁড়িয়েছেন। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে তোরেস ও লাপোর্তের দুটি নিশ্চিত আক্রমণ নষ্ট করে আতলান্তা স্টেডিয়ামে প্রথমার্ধের সমতা (০-০) ধরে রাখেন তিনি।

দারুণ সব সেভ করেছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া।
এএফপি
১৬: ৩৪ , জুন ১৫

আধঘণ্টা গোলশূন্য

ম্যাচের আধঘণ্টা পেরিয়ে গেছে। কেপ ভার্দেকে কোনো গোল দিতে পারেনি স্পেন। এমনকি শট অন টার্গেটই মাত্র একটা!

১৬: ০৪ , জুন ১৫

বিশ্বকাপে অভিষেক হলো কেপ ভার্দের

চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী একাদশ নিয়ে মাঠে নামার রেকর্ড গড়ল কেপ ভার্দে। আজ স্পেনের বিপক্ষে তাদের শুরুর একাদশের গড় বয়স ৩১ বছর ২৬ দিন। এই একাদশে আছেন দলটির ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়াও।

কাকতালীয়ভাবে, গতকাল জার্মানির হয়ে মাঠে নেমেছিলেন ম্যানুয়েল নয়ার। আর আজ ভোজিনিয়া মাঠে নামতেই ফিফা বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য রেকর্ড হয়ে গেল। এই প্রথম বিশ্বকাপের একই আসরে ৪০ বা তার বেশি বয়সী দুজন ফুটবলারকে খেলতে দেখল ফুটবল বিশ্ব।

১৪: ৫৭ , জুন ১৫

ইয়ামালকে ছাড়াই নামছে স্পেন

কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচের একাদশে নেই লামিনে ইয়ামাল। গত এপ্রিলে বার্সেলোনার হয়ে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান। এরপর গত কয়েক সপ্তাহ মাঠের বাইরেই ছিলেন ইয়ামাল। তাঁর পুর্নবাসন প্রক্রিয়া এখনও শেষ না হওয়ায় এই ম্যাচের শুরু থেকে নেই ইয়ামাল।

স্পেনের প্রথম একাদশ গোলরক্ষক: ২৩–উনাই সিমন। ডিফেন্ডার: মার্কোস ইয়োরেন্তে, ১৪–এমেরিক লাপোর্ত ,২২–পাউ কুবারসি, ২৪–মার্ক কুকুরেয়া। মিডফিল্ডার: ৮– ফাবিয়ান রুইজ, ৯–গাভি, ১৬–রদ্রি, ২০–পেদ্রি। ফরোয়ার্ড: ৭–ফেরান তোরেস, ২১– মিকেল ওইয়ারসাবাল
০৪: ৫২ , জুন ১৫

শুরুতেই বিড়ম্বনায় উরুগুয়ে

ফ্লাইট বিলম্বের কারণে দেরিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে উরুগুয়ে ফুটবল দল। সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল ভোরে বিশ্বকাপ অভিযান শুরু করবে মার্সেলো বিয়েলসার দল।

এর আগে মেক্সিকোর কানকুনে অবস্থান করছিল উরুগুয়ে। সেখান থেকে রোববার দুপুরে ফোর্ট লডারডেলের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমান সংক্রান্ত কাগজপত্র জটিলতার কারণে তাদের প্রথম ফ্লাইটটি বাতিল করা হয়।

উরুগুয়ে দলকে নিয়ে যাওয়ার জন্য এরপর দ্বিতীয় একটি বিমানের ব্যবস্থা করা হয়। তবে সেই ফ্লাইটটিও বিলম্বিত হয় এবং শেষ পর্যন্ত মায়ামি স্টেডিয়ামে যখন তারা ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের জন্য পৌঁছান, ততক্ষণে বেশ কয়েক ঘণ্টা দেরি হয়ে গেছে। এই পরিস্থিতির জন্য দলটি ফিফাকে দায়ী করেছে।

মেক্সিকোর কারাসকো বিমানবন্দরে উরুগুয়ে ফুটবল
এএফপি
০৪: ২৫ , জুন ১৫

স্পেনের প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকছেন না ইয়ামাল

ফিট থাকার পরও কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন না ইয়ামাল, জানিয়েছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

গত এপ্রিলে বার্সেলোনার হয়ে খেলার সময় চোটে পড়েন ইয়ামাল। আজ ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনি মাঠে নামতে পারেন।

০৩: ৫৯ , জুন ১৫

৫–১ গোলে তিউনিসিয়াকে হারাল সুইডেন

শুরুটা করেছিলেন ইয়াসিন আয়ারি, শেষটাও করলেন তিনিই।

২২ বছর বয়সী এই মিডফিল্ডারের জোড়া গোলের ম্যাচে তিউনিসিয়াকে ৫–১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সুইডেন। অন্য তিনটি গোল করেছেন ভিক্টর ইয়োকেরেস, আলেকসান্দার ইসাক ও মাটিয়াস সভানবার্গ।

গোল উদ্‌যাপন
এএফপি
০৩: ৪৯ , জুন ১৫

সুইডেনের চতুর্থ গোল

সুইডেন ৪:১ তিউনিসিয়া

বদলি নেমেই গোল পেলেন মাটিয়াস সভানবার্গ। ৮৪ মিনিটে হওয়া গোলটি বেশ নাটকীয়তার পরই নিশ্চিত করা হয়েছে।

প্রথম অফসাইডের কারণে বাতিল করা হয়েছিল। পরে ভিএআর দেখে সভানবার্গ শট নেওয়ার আগে ইসাকের পা ছুঁয়েছিল বল।

মাটিয়াস সভানবার্গ মাঠে নেমেই গোল করেছেন (১৯ নম্বর জার্সি)
এএফপি
০৩: ২১ , জুন ১৫

গোলদাতার খাতায় ইয়োকেরেসও

তিউনিসিয়ার বিপক্ষে গোল ব্যবধান আবারও বাড়াল সুইডেন। ৫৯ মিনিটে গোল করেছেন ভিক্টর ইয়োকেরেস।

এই গোলে ইয়োকেরেসের নৈপূণ্যের চেয়ে তিউনিসিয়ার দায়ই বেশি। গোলকিপার শামাখ হাত দিয়ে বল বাড়িয়েছিলেন স্খিরির দিকে। ইসাক যে কাছাকাছি আছেন খেয়াল করেননি। ক্ষীপ্র সুইডিশ স্ট্রাইকার স্খিরির কাছ থেকে বল কেড়ে নিয়ে পাশে থাকা ইয়োকেরেসকে দেন। কোনাকুনি শটে বল জালে জড়াতে কোনো কষ্টই হয়নি আর্সেনাল ফরোয়ার্ডের।

সুইডেন ৩–১ তিউনিসিয়া

০২: ৫০ , জুন ১৫

প্রথমার্ধে এগিয়ে সুইডেন

মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে গ্রুপের ‘এফ’–এর ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে গেছে সুইডেন। সপ্তম মিনিটে ইয়াসিন আয়ারি আর ৩০তম মিনিটে আলেকসান্দার ইসাক গোল করেন। ৪৩ মিনিটে তিউনিসিয়ার হয়ে এক গোল শোধ দেন ওমর রেকিক।

০২: ৪৬ , জুন ১৫

তিউনিসিয়ার গোল

সুইডেন ২–১ তিউনিসিয়া

দুই গোলে পিছিয়ে যাওয়ার পর বিরতির আগেই এক গোল শোধ দিয়েছে তিউনিসিয়া। ৪৩ মিনিটে হানিবাল মেজব্রির বাড়ানো ক্রসে হেডে বল জালে জড়িয়েছেন ওমর রেকিক।

হেডে গোল করেছেন ওমর রেকিক (৪ নম্বর জার্সি)
এএফপি
০২: ৩২ , জুন ১৫

ইসহাকের দারুণ গোল

গোল করেছেন লিভারপুলে খেলা সুইডিশ স্ট্রাইকার আলেকসান্দার ইসাক
এএফপি

৩০ মিনিটে আলেকসান্দার ইসাক গোল করে ২–০ গোলে এগিয়ে দেন সুইডেনকে।

সুইডেন ২–০ তিউনিসিয়া।

০২: ১০ , জুন ১৫

সুইডেন ১ : ০ তিউনিসিয়া

ইয়াসিন আয়ারির অসাধারণ এক গোলে তিউনিসিয়ার বিপক্ষে এগিয়ে গেল সুইডেন। ম্যাচের ৭ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে সুইডেনের হয়ে গোলটি করেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।

০২: ০১ , জুন ১৫

শুরু হলো তিউনিসিয়া–সুইডেন ম্যাচ

বিশ্বকাপে এখন মুখোমুখি হয়েছে তিউনিসিয়া–সুইডেন। এর আগে গ্রু ‘এফ’–এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও জাপান। ম্যাচটি শেষ হয়েছে ২–২ গোলের ড্রয়ে।

০১: ১৪ , জুন ১৫

আমাদ দিয়ালো জেতালেন আইভরিকোস্টকে 

১–০ গোলের জয়ে ইকুয়েডরের ১৯ ম্যাচের অপরাজিত যাত্রা থামিয়ে দিল আইভরিকোস্ট। ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আমাদ দিয়ালোর ৯০ মিনিটে করা গোলে এই জয়টি পেয়েছে আফ্রিকার দলটি। তাদের জন্য এই ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল।

১২ বছর পর বিশ্বকাপে ফিরে নিজেদের প্রথম ম্যাচেই আইভরিকোস্ট হারিয়েছে দারুণ ছন্দে থাকা ইকুয়েডরকে। ম্যাচজুড়ে শারীরিক শক্তি, গতি ও লড়াকু মানসিকতার পরিচয় দেওয়া আইভরিকোস্টের জন্য এই জয়টা প্রাপ্যই ছিল। ম্যাচে অবশ্য ইকুয়েডরও দারুণ কিছু সুযোগ পেয়েছিল, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারেনি তারা।

এর আগে গ্রুপ ‘ই’র অন্য ম্যাচে কুরাসাওকে ৭–১ গোলে হারিয়েছে জার্মানি। বড় জয় পাওয়ায় শীর্ষেও আছে তারা।

০০: ৫৭ , জুন ১৫

দিয়ালোর গোলে আইভরিকোস্টের লিড

ইকুয়েডরের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে এগিয়ে গেল আইভরিকোস্ট। ম্যাচের ৯০ মিনিটে গোলটি করেছেন আমাদ দিয়ালো।

২৩: ৫৪ , জুন ১৪

গোলশূন্য প্রথমার্ধ ইকুয়েডর–আইভরিকোস্টের

ম্যাচে ২২ মিনিট ও ২৮ মিনিটে দুবার আইভরিকোস্টের পোস্টে বল মেরেছে ইকুয়েডর। আইভরিকোস্ট গোল করার মতো ভালো সুযোগ তৈরি করতে পারেনি। দুই দলই বক্সে ঢুকে শট নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু গোল হয়নি।

২৩: ০৪ , জুন ১৪

ইকুয়েডরের মুখোমুখি আইভরিকোস্ট

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শুরু হয়েছে ইকুয়েডর ও আইভরিকোস্টের মধ্যকার ম্যাচ।

২২: ০৩ , জুন ১৪

ডাচদের কাছ থেকে পয়েন্ট কাড়ল জাপান

জাপান যে কখনো হাল ছাড়ে না সেটা দেখা গেল আবারও!

ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ৮৮ মিনিটে কামাদার গোলে শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র করেছে জাপান।

প্রথমার্ধ গোলশূন্য ব্যবধানে শেষ হওয়ার পর চারটি গোলই হয়েছে পরের অর্ধে। ৫১ মিনিটে ডাচ অধিনায়ক ভার্জিন ফন ডাইকের গোল শোধ করেন জাপানের কেইতো নাকামুরা। ৬৪ মিনিটে সামারভিলের গোলে ডাচরা আবারও এগিয়ে গেলেও কামাদার গোলে শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে এশিয়ার দলটি।

২১: ৫০ , জুন ১৪

নেদারল্যান্ডস ২ : ২ জাপান 

নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৯ মিনিটে সমতা ফিরিয়েছে জাপান। জয়ের স্বপ্ন দেখা ডাচদের থমকে দিয়ে গোলটি করেছেন দাইচি কামাদা।

২১: ২৬ , জুন ১৪

সামারভিলের গোলে নেদারল্যান্ডসের লিড

দ্বিতীয়ার্ধে দারুণভাবে জমে ওঠেছে জাপান–নেদারল্যান্ডস ম্যাচ। ৫১–৬৪ এই ১৩ মিনিটে আসল তিন গোল। ১–১ সমতা ফেরার পর ৬৪ মিনিটে নেদারল্যান্ডসের হয়ে দ্বিতীয় গোলটি করেন ক্রিসেনসিও সামারভিল।

নেদারল্যান্ডস ২ : ১ জাপান।

২১: ১৮ , জুন ১৪

সমতা ফিরল জাপান–নেদারল্যান্ডস ম্যাচে

নেদারল্যান্ডসের বিপক্ষে পিছিয়ে পড়ার মাত্র ৬ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফিরিয়েছে জাপান। ৫৭ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে গড়া দারুণ এক আক্রমণ থেকে গোলটি করেছেন মিডফিল্ডার কেইতো নাকামুরা।

২১: ১২ , জুন ১৪

গোল! নেদারল্যান্ডস ১–০ জাপান

৫১ মিনিটে ভার্জিল ফন ডাইকের গোলে এগিয়ে গেল নেদারল্যান্ডস। ডান প্রান্ত থেকে আসা ক্রসে হেড করে গোল করেন ডাচ তারকা। বক্সে লিভারপুল ডিফেন্ডারের সেই চিরাচরিত হেডে গোল। বল পোস্টে লেগে জালে জড়ায়।

দেশের হয়ে বড় টুর্নামেন্টে এটাই প্রথম গোল ফন ডাইকের।

২০: ৫১ , জুন ১৪

প্রথমার্ধ শেষে সমতায় জাপান–নেদারল্যান্ড

জাপান–নেদারল্যান্ডস ম্যাচের প্রথমার্ধ ছিল নিষ্ফলা। আক্রমণ ও পাল্টা আক্রমণে দুই দলই চেষ্টা করেছে গোল আদায়ের। কিন্তু প্রথম ৪৫ মিনিটে গোল পায়নি কোনো দলই।

জাপান ০–০ নেদারল্যান্ডস

২০: ৩৭ , জুন ১৪

সেভ!

৩৪ মিনিটে কর্নার থেকে ডাচ ফরোয়ার্ড ডনিয়েল মালেনের হেড কোনোমতে ঠেকান জাপানের গোলকিপার জিওন সুজুকি। তাঁর আরেকটি দারুণ সেভ!

জাপান ০–০ নেদারল্যান্ডস।

২০: ০৫ , জুন ১৪

বিশ্রাম নেই ফন ডাইকের

লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্ডিল ফন ডাইক ২০২৫-২৬ মৌসুমে ক্লাব (৫৫) ও জাতীয় দল (১১) মিলিয়ে ৬৬তম ম্যাচ খেলতে নেমেছেন। শুধু তাই নয়, ৬৬টি ম্যাচের প্রতিটিতেই তিনি ছিলেন শুরুর একাদশে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা ফুটবলারদের মধ্যে চলতি মৌসুমে এটিই সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড।

২০: ০০ , জুন ১৪

মুখোমুখি নেদারল্যান্ডস–জাপান 

বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে নেদারল্যান্ডসের শুরুর একাদশে নেই ডাচ শীর্ষ লিগের কোনো খেলোয়াড়। অথচ প্রতিপক্ষ জাপানের শুরুর একাদশেই ওই লিগে খেলা দুই ফুটবলার রয়েছেন, আয়াসে উয়েদা ও সুয়োশি ওয়াতানাবে।

১৯: ০৫ , জুন ১৪

জার্মানি ৭ : ১ কুরাসাও

ম্যাচটা যে অসম হতে যাচ্ছে সেই ইঙ্গিত আগে থেকেই ছিল। ম্যাচের ৬ মিনিটে ফেলিক্স এনমেচা জার্মানির হয়ে প্রথম গোলটি করেন। কিন্তু এরপর ২১ মিনিটে ইতিহাস গড়া সমতাসূচক গোলটি করে কুরাসাও।

জনসংখ্যার হিসাবে বিশ্বকাপের ইতিহাসে ক্ষুদ্রতম দেশটির হয়ে গোল করনে লিভানো কোমেনেনসিয়া। তবে ম্যাচে কুরাসাওয়ের প্রাপ্তি অইটুকুই।

এরপরের গল্পটা ছিল জার্মানির গোলবন্যার। বিরতির আগেই ব্যবধান ৩–১ করে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিরতির পর আরও চার গোল যোগ করে ম্যাচটা জার্মানি শেষ করে ৭–১ ব্যবধানের জয়ে। এই জয় ব্রাজিলের বিপক্ষে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির ৭–১ গোলের ঐতিহাসিক জয়টাকেই যেন মনে করিয়ে দিল। জার্মানির হয়ে এই ৭ গোল করেছেন আলাদা ৬ জন ফুটবলার। জোড়া গোল করেছেন কাই হাভার্টজ।

১৮: ৫৩ , জুন ১৪

জার্মানির হয়ে ৭ম গোল করলেন হাভার্টজ

ব্রাজিলের বিপক্ষে ৭–১ গোলের সেই স্মৃতিই যেন ফিরিয়ে আনল জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির হয়ে ৭ম গোলটি করেছেন হাভার্টজ। ম্যাচে এটি হাভার্টজের দ্বিতীয় গোল।

১৮: ৪৪ , জুন ১৪

জার্মানি ৬ : ১ কুরাসাও

জার্মানির হয়ে এবার ৬ষ্ঠ গোলটি করলেন ডেনিজ উনদাভ। ম্যাচের ৭৮ মিনিটে এসেছে এই গোলটি। জার্মানির ছয় গোলের প্রত্যেকটি এসেছে আলাদা খেলোয়াড়ের কাছ থেকে।

১৮: ৩৪ , জুন ১৪

জার্মানির হয়ে ব্রাউনের গোল 

কুরাসাওয়ের বিপক্ষে গোল বন্যায় মেতেছে জার্মানি। এবার জার্মানদের হয়ে ৫ম গোলটি করলেন নাথানিয়েল ব্রাউন। ম্যাচের ৬৮ মিনিটে গোলটির করেন এই লেফটব্যাক।

১৮: ১৫ , জুন ১৪

দুই কোচের ইতিহাস

২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক প্রধান কোচ কুরাসাওয়ের ডিক অ্যাডভোকাট। তাঁর বয়স ৭৮ বছর। অন্যদিকে সবচেয়ে কম বয়সী প্রধান কোচ ইউলিয়ান নাগেলসমান, যার বয়স ৩৮। দুজনের বয়সের পার্থক্য ৪০ বছর। ফিফা বিশ্বকাপের ইতিহাসে কোনো ম্যাচে মুখোমুখি হওয়া দুই কোচের মধ্যে এটিই সর্বোচ্চ বয়সের ব্যবধান।

১৮: ১২ , জুন ১৪

কুরাসাওয়ের জালে মুসিয়ালার গোল 

কুরাসাওয়ের বিপক্ষে বিরতির পরপরই ব্যবধান বাড়িয়েছেন জামাল মুসিয়ালা। ইয়োশুয়া কিমিখের পাস ধরে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন মুসিয়ালা। ম্যাচে জার্মানি এগিয়ে ৪–১ গোলে।

১৭: ৫১ , জুন ১৪

গোল! জার্মানি ৩–১ কুরাসাও

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মুহূর্তে পেনাল্টি পায় জার্মানি। জার্মানির মিডফিল্ডার ফেলিক্স এনমেচা কুরাসাওয়ের বক্সে ফাউলের শিকার হন যোগ করা সময়ে।

পেনাল্টি থেকে গোল করেন জার্মানি ফরোয়ার্ড কাই হাভার্টজ।

৩–১ গোলে এগিয়ে বিরতিতে জার্মানি। বিশ্বকাপে প্রথম গোল পেয়েছে কুরাসাও।

কুরাসাওয়ের গোল উদ্‌যাপন
রয়টার্স
১৭: ৪২ , জুন ১৪

গোল! আবারও এগিয়ে গেল জার্মানি

সমতায় থাকা মাত্র ১৭ মিনিট সহ্য করল জার্মানি।

৩৮ মিনিটে কর্নার থেকে সহজ হেডে গোল করেন জার্মানির ডিফেন্ডার নিকো শ্লটারবেক। ২–১ গোলে এগিয়ে জার্মানি।

গোলের পর নিকো শ্লটারবেক
এএফপি
১৭: ২৩ , জুন ১৪

গোল! জার্মানির জালে কুরাসাও!

বিশ্বকাপে ২১ মিনিটেই ইতিহাস কুরাসাওয়ে।

জনসংখ্যার হিসাবে বিশ্বকাপের ইতিহাসে তাঁরা ক্ষুদ্রতম দেশ। এবারই বিশ্বকাপে অভিষেক। প্রথম ম্যাচেই চারবারের চ্যাম্পিয়ন জার্মানির মতো প্রতিপক্ষের বিপক্ষে ২১ মিনিটেই গোল শোধ করল!

বক্সের ভেতর থেকে কুরাসাও রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়ার বাঁ পায়ের শট ঠেকাতে পারেননি জার্মানি গোলকিপার ম্যানুয়েল নয়্যার। গোল!

রেসলার জন সিনার মতো গোল উদ্‌যাপন কোমেনেনসিয়ার। জার্মানির প্রথম গোলে সিনার এই উদ্‌যাপনই করেছিলেন দলটির এক সমর্থক।

বিশ্বকাপে প্রথম গোল কুরাসাওয়ের!

হিউস্টন স্টেডিয়ামের গ্যালারির একটি অংশে ‘নীল ঢেউ’য়ের দলের গর্জন উঠেছে। এই মুহূর্তটা কখনো ভুলবে না ১ লাখ ৫৮ হাজার জনসংখ্যার দেশ কুরাসাও!

ধারাভাষ্যকার ইয়ান ডার্কের কণ্ঠে আবেগ, ‘হিউস্টনে ইতিহাস। মাত্র এক লাখের একটু বেশি মানুষের দেশ স্তব্ধ করে দিল কোটি কোটি মানুষকে!’

কুরাসাওয়ের বিশ্বকাপ ইতিহাসে অমরত্ব পাওয়া গোলের পর কোমেনেনসিয়া
এএফপি
১৭: ১১ , জুন ১৪

গোল! ৬ মিনিটেই এগিয়ে গেল জার্মানি

কুরাসাওয়ের জালে বল পাঠাতে জার্মানির লাগল মাত্র ৬ মিনিট, গোল করেছেন জার্মান মিডফিল্ডার এনমেচা।

১৭: ০৪ , জুন ১৪

কী সাহস

কুরাসাও কোচ আডভোকাট
ফিফা

কুরাসাও কোচের বিশ্বাস, তাঁর দল জার্মানিকে ভালোই পরীক্ষায় ফেলতে পারবে।

তিনি বলেছেন, ‘কোচেরা সব সময়ই প্রতিপক্ষকে বিপদে ফেলার পরিকল্পনা করেন। আর এই ম্যাচে জার্মানি যে পরিষ্কার ব্যবধানে এগিয়ে, তা বলাই বাহুল্য; এমনকি তারা বিশ্বকাপেরও অন্যতম দাবিদার। তবে ফুটবলে মাঝেমধ্যেই এমন হয় যে, ছোট দলগুলো এই বড় দলগুলোকে হারিয়ে দেয়। জার্মানির পাশে আমরা খুবই ছোট একটা দল, কিন্তু মাঠের লড়াইয়ে ওদের জন্য আমরা বেশ কঠিন প্রতিপক্ষই হব।’

১৭: ০২ , জুন ১৪

বিশ্বকাপ অভিষেক কুরাসাওয়ের

আহা, দেশের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কুরাসাওয়ের খেলোয়াড়দের চোখে-মুখে কী আবেগটাই না ফুটে উঠেছিল! ওদের জন্য সত্যিই এক অবিস্মরণীয় মুহূর্ত।

ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় লেখা হতে যাচ্ছে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশটি আজ মুখোমুখি হচ্ছে পরাশক্তি জার্মানির। ইউরোপের এই জায়ান্টরা কি অনায়াসে জয় তুলে নেবে? নাকি কুরাসাও এমন এক অঘটন ঘটিয়ে দেবে, যার কম্পন টের পাওয়া যাবে পুরো বিশ্বজুড়ে?

১২: ১৪ , জুন ১৪

পারিশ্রমিক পাবেন সেই রেফারি

যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালি রেফারিকে তাঁর পুরো পারিশ্রমিক দেবে ফিফা। সংশ্লিষ্ট একটি সূত্র বিবিসিকে এ তথ্য জানিয়েছে।

ওমর আরতান নামের এই রেফারিকে বিশ্বকাপের অফিশিয়ালসদের তালিকায় রেখেছিল ফিফা। এ লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্রের মায়ামি বিমানবন্দরেও পৌঁছান। তবে যুক্তরাষ্ট্র সরকার তাঁকে তাদের দেশে ঢুকতে দেয়নি। এ নিয়ে বিস্তারিত পড়তে পারেন এখানেএখানে

০৬: ০৭ , জুন ১৪

অস্ট্রেলিয়া ২: ০ তুরস্ক

তুরস্ক পারল না। একের পর এক আক্রমণ করেও একবারও অস্ট্রেলিয়ার জালে বল জড়াতে পারেনি দলটি।

নিজেদের গোলপোস্টের সামনে নিখুঁত দেয়াল তুলে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া। সেটারই ফল পেয়েছে দলটি। অস্ট্রেলিয়ার হয়ে গোল করেছেন নেস্তরি ইরানকুন্ডা ও কনর মেটকাফ।

০৫: ৩৮ , জুন ১৪

অস্ট্রেলিয়ার দ্বিতীয় গোল

আবার পাল্টা আক্রমণ, আবার গোল!

গোলপোস্ট থেকে প্রায় ২০ গজ দূরে বল পান কনর মেটকাফ। ম্যাচের ৭৫ মিনিটে সেখান থেকে দারুণ এক শটে বল জালে জড়ান তিনি।

০৪: ৫৫ , জুন ১৪

এক গোলে এগিয়ে বিরতিতে অস্ট্রেলিয়া

তুরস্কের বিপক্ষে ১–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে অস্ট্রেলিয়া। ২৭ মিনিটে গোলটি করেন নেস্তরি ইরানকুন্ডা

০৪: ৩৬ , জুন ১৪

সেই ইরানকুন্ডার গোল

এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

ম্যাচের ২৭ মিনিটে পাল্টা আক্রমণে গোল আদায় করে নিল অস্ট্রেলিয়া। গোল করেছেন নেস্তরি ইরানকুন্ডা।

বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন ইরানকুন্ডা। ২০ বছর বয়সী এই ফুটবলার পৃথিবীর আলো প্রথম দেখেছিলেন তানজানিয়ার এক শরণার্থীশিবিরে।

আরও জানতে চাইলে

আরও পড়ুন
০৩: ০৮ , জুন ১৪

হাইতিকে হারাল স্কটল্যান্ড

২৮ মিনিটে জন ম্যাকগিনের করা গোলেই শেষ পর্যন্ত ১–০ গোলে জিতল স্কটল্যান্ড। ৩৬ বছর পর বিশ্বকাপে প্রথম জয় পেল স্কটিশরা।

‘সি’ গ্রুপে প্রথম ম্যাচ খেলেই ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে স্কটল্যান্ড। ১ পয়েন্ট পাওয়া মরক্কো দুইয়ে ও তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল। পয়েন্ট না পাওয়া হাইতি চারে।

০২: ০১ , জুন ১৪

১–০ গোলে এগিয়ে স্কটল্যান্ড

হাইতির বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে গেছে স্কটল্যান্ড। ম্যাচের ২৮ মিনিটে স্কটিশদের হয়ে গোল করেছেন জন ম্যাকগিন।

০১: ৩৫ , জুন ১৪

লিড নিল স্কটল্যান্ড 

হাইতির বিপক্ষে এগিয়ে গেছে স্কটল্যান্ড। ম্যাচের ২৮ মিনিটে স্কটিশদের হয়ে গোল করেছেন জন ম্যাকগিন।

০০: ০৯ , জুন ১৪

ব্রাজিল ১ : ১ মরক্কো 

প্রথমার্ধের হতাশাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে নেয় ব্রাজিল। কিন্তু মরক্কোর বিপক্ষে জয়ের জন্য তা মোটেই যথেষ্ট ছিল না। অন্যদিকে প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে ম্লান ছিল মরক্কোর পারফরম্যান্সও। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১–১ সমতাতে মাঠ ছেড়েছে দুই দল। ম্যাচে দুই দলের পারফরম্যান্স বিবেচনা করলে ন্যায্য ফলই বলা যায়। ম্যাচ রিপোর্ট পড়ুন এখানে: ভিনিসিয়ুসের জাদুতে বাঁচল ব্রাজিল

ব্রাজিল মরক্কোর কেউ জেতেনি
এএফপি
২২: ৩৯ , জুন ১৩

দুর্দান্ত গোল ভিনিসিয়ুসের

গোল হজম করে একটু অগোছাল হয়ে পড়েছিল ব্রাজিল। দরকার ছিল এমন কাউকে যিনি সমতায় ফেরার পথ দেখাবেন। ঠিক তখনই ভিনিসিয়ুসের পা থেকে উছলে পড়ল জাদু!

৩২ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে গোল করেন ব্রাজিল তারকা। টিপিক্যাল রিয়াল মাদ্রিদ গোল! স্প্যানিশ ক্লাবটিতে ঠিক এভাবেই বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে গোল করতে অভ্যস্ত ভিনিসিয়ুস। ব্রাজিলের জার্সিতে এটা তাঁর ৫০ তম ম্যাচ।

ব্রাজিল ১–১ মরক্কো।

গেম অন!

ভিনিসিয়ুসের গোল উদ্‌যাপন
এএফপি
২২: ২৯ , জুন ১৩

গোল হজম করল ব্রাজিল

ম্যাচে যখনই একটু গোছাল ফুটবল খেলতে শুরু করেছে ব্রাজিল, ঠিক তখনই গোল হজম করল! ২১ মিনিটে থ্রু পাস ধরে ব্রাজিলের গোলকিপার আলিসনের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করেন মরক্কো ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি। পাসটি দেন মরক্কো তারকা ব্রাহিম দিয়াজ।

গোলের পর সাইবারির উদ্‌যাপন
ফিফা ওয়েবসাইট
২২: ১৬ , জুন ১৩

চাপ তৈরি করেছে মরক্কো

ম্যাচে প্রথম ১০ মিনিটে মরক্কোই চড়াও হয়ে খেলছে। হাই প্রেসিংয়ের মাধ্যমে ব্রাজিলের রক্ষণকে চাপে রেখেছে মরক্কো। দুটি শটও নিয়েছে তারা। ব্রাজিল এখন পর্যন্ত পোস্টে শট রাখতে পারেনি।

২১: ১২ , জুন ১৩

কাতারের জয়ের সমান ড্র 

অবিশ্বাস্য!

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডকে শেষ মুহূর্তের গোলে রুখে দিয়েছে কাতার। ম্যাচে বেশিরভাগ সময় পিছিয়ে থাকা কাতার ড্র করেছে ১–১ গোলে।

ক্যালিফোর্নিয়ায় ১৭ মিনিটে পেনাল্টি থেকে সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলোর গোলে পিছিয়ে পড়ে কাতার। যোগ করা সময়ে (৯৪ মিনিট) বুয়ালেম খুখির গোলে সমতায় ফেরে তারা।

ম্যাচজুড়ে দাপট দেখিয়েছে সুইসরাই। কিন্তু ২৭টি শট নিয়েও একটির বেশি গোাল পায়নি সুইজারল্যান্ড। আর এই সুযোগ কাজে লাগিয়ে শেষ মুহূর্তের গোলে বাজিমাত করেছে কাতার। ‘বি’ গ্রুপে সব দলেরই সমান ১ পয়েন্ট।

সুইজারল্যান্ডের বিপক্ষে সমতাসূচক গোলের পর কাতারের খেলোয়াড়দের উদ্‌যাপন
এএফপি
২০: ৫৩ , জুন ১৩

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ :

আলিসন বেকার (গোলরক্ষক), ইবানিয়েজ, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনিয়া।

কদিন ধরেই মরক্কোর বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলের সম্ভাব্য একাদশ দিয়ে আসছিল ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো, যেখানে ছিলেন দানিলো, অ্যালেক্স সান্দ্রো এবং মাতেউস কুনিয়া। তবে আনচেলত্তির ঘোষিত একাদশে আছেন ইবানিয়েজ, দগলাস সান্তোস এবং ইগর থিয়াগো।

ব্রাজিলের অনুশীলনে ভিনিসিয়ুস
এএফপি
২০: ২১ , জুন ১৩

ব্রাজিল ৯২ বছর ধরে অপরাজিত...

বিশ্বকাপে ব্রাজিল সর্বশেষ তাদের প্রথম ম্যাচে হেরেছিল ৯২ বছর আগে, ১৯৩৪ আসরে। স্পেনের বিপক্ষে ম্যাচটিতে ব্রাজিলের হার ৩–১ গোলে। মরক্কো এ পর্যন্ত ছয়টি বিশ্বকাপে খেলেছে। এই ছয়টি আসরেই মরক্কো কখনো নিজেদের প্রথম ম্যাচ জিততে পারেনি। ৩ হারের বিপরীতে আছে ৩ ড্র।

অনুশীলনে ভিনিসিয়ুস
এএফপি
১৯: ৫৮ , জুন ১৩

দারুণ খেলেও মাত্র এক গোল পেল সুইজারল্যান্ড

সানফ্রান্সিসকোতে ম্যাচের শুরুতে ১০ মিনিটের মধ্যে সুইজারল্যান্ড–কাতার দুই দলই একটি করে সুযোগ করে হাতছাড়া করে। এরপর ১৩ মিনিটে ব্রিল এমবোলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে ছুটে যান রেমো ফ্রয়েলার। বলের কাছে সবার আগে পৌঁছালেও কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা তাঁকে ফাউল করে বসেন। রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি বাজান। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন এমোবলো। এটি বিশ্বকাপে পেনাল্টি থেকে পাওয়া প্রথম গোল। এগিয়ে গিয়ে প্রথমার্ধের বাকি সময়েও দুর্দান্ত দাপট দেখায় সুইজারল্যান্ড। যদিও আর কোনো গোল পায়নি তারা।

সুইজারল্যান্ডকে কাতারের পেনাল্টি উপহার দেওয়ার মুহূর্ত
রয়টার্স
১৯: ২৩ , জুন ১৩

বিশ্বকাপে পেনাল্টি থেকে প্রথম গোল সুইজারল্যান্ডের

ম্যাচের ১৩ মিনিটে ব্রিল এমবোলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে ছুটে যান রেমো ফ্রয়েলার। বলের কাছে সবার আগে পৌঁছালেও কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা তাঁকে ফাউল করে বসেন। রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন এমোবলো। এটি বিশ্বকাপে পেনাল্টি থেকে পাওয়া প্রথম গোল।

১৯: ০৪ , জুন ১৩

শুরু হলো সুইজারল্যান্ড–কাতার ম্যাচ

বিশ্বকাপে গ্রুপ ‘বি’তে এখন মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড ও কাতার। এর আগে গতকাল রাতে এই গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক কানাডা মুখোমুখি হয়েছিল বসনিয়া ও হার্জেগোভিনার। সেই ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছিল। এই ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে ওঠার সুযোগ আছে কাতার ও সুইজারল্যান্ডের।

১৮: ৪৬ , জুন ১৩

আনচেলত্তির আলাদা আলাদা একাদশ

ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১২টি ম্যাচে কোচ হিসেবে ডাগআউটে দাঁড়িয়েছেন কার্লো আনচেলত্তি। সবগুলো ম্যাচেই তিনি খেলিয়েছেন আলাদা আলাদা একাদশ।

১৮: ০১ , জুন ১৩

১৯৮৬ বিশ্বকাপের পর ব্রাজিল দলে নেই ‘নাম্বার টেন’

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচটি একটি দীর্ঘ ঐতিহ্যের অবসান ঘটাবে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে আজ ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না নেইমার। ফলে ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মাঠে কোনো ‘নাম্বার টেন’ ছাড়া খেলতে নামবে ব্রাজিল। এর আগে ১৯৮৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে শারীরিক সমস্যার কারণে খেলতে পারেননি জিকো।

১৩: ৩০ , জুন ১৩

মার্তিনেজের হাতে ব্যথা

অনুশীলনে গ্লাভস হাতে বল ধরতে গিয়ে ব্যথায় কাতরেছেন এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টিনা দলের অনুশীলনের প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকায় টিওআইসি স্পোর্টসের ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ে।

০৭: ৫৭ , জুন ১৩

রেফারি বদল

চোটের কারণে সরে যেতে হলো রেফারি মাইকেল অলিভারকে। ১৫ তারিখ আইভরিকোস্ট ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ পরিচালনা করার কথা ছিল এই ইংলিশ রেফারির। তাঁর পরিবর্তে এখন এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া ল্যাতেক্সিয়ার।

মাইকেল অলিভার
এক্স
০৪: ২৫ , জুন ১৩

ইংল্যান্ড দলে চুরি

ইংল্যান্ড ফুটবল দলের বিভিন্ন সরঞ্জাম খোয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজনকে দুজনকে আটক করেছে কানসাস সিটি পুলিশ। বিস্তারিত পড়ুন এখানে

০৩: ০৬ , জুন ১৩

জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

প্যারাগুয়েকে গোলে ভাসিয়ে জয়ে বিশ্বকাপ শুরু করেছে যু্ক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে স্বাগতিকেরা জিতেছে ৪–১ গোলে।

যুক্তরাষ্ট্রের হয়ে দুটি গোল করেছেন বালোগান, একটি রেইনা। অন্য একটি গোল প্যারাগুয়ের বোবাদিয়ার আত্মঘাতী। লাতিন আমেরিকার দেশটির হয়ে এক গোল শোধ দেন মরিসিও।

ম্যাচের যোগ করা সময়ের অষ্টম মিনিটে গোল করেন জোভান্নি রেইনা
এএফপি
০২: ৪৩ , জুন ১৩

এক গোল শোধ প্যারাগুয়ের

তিন গোল হজমের পর একটি শোধ দিয়েছে প্যারাগুয়ে। ৭৩ মিনিটে গোলটি করেছেন মরিসিও।

০১: ৫১ , জুন ১৩

দুর্দান্ত যুক্তরাষ্ট্র

প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ খেলছে যুক্তরাষ্ট্র। প্রথমার্ধ শেষে ৩–০ গোলে এগিয়ে গেল তারা। ম্যাচের ৭ মিনিটে আত্মঘাতী গোলে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। এরপর ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে (৪৫‍+৫) তৃতীয় গোলটিও করেন বালোগান।

দ্বিতীয় গোলের পর যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের উদ্‌যাপন
এএফপি
০১: ৫১ , জুন ১৩

যুক্তরাষ্ট্রের সামনে অসহায় প্যারাগুয়ে

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে আধঘণ্টা না পেরোতেই ২–০ গোলের লিড নিল যুক্তরাষ্ট্র। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ফোলারিন বালোগান। এর আগে একটি গোল অফসাইডের কারণে বাতিল না হলে ব্যবধান ৩–০ হতে পারত।

০১: ১১ , জুন ১৩

শুরুতেই যুক্তরাষ্ট্রের গোল 

ম্যাচের শুরুতেই লিড নিল যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের দুর্দান্ত এক আক্রমণ ঠেকাতে গিয়ে ম্যাচের ৭ মিনিটে নিজেদের জালেই বল জড়ান প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া।

০০: ৫৩ , জুন ১৩

আলো ছড়ালেন কেটি পেরি

অবশেষে মঞ্চ আলোকিত করেছেন কেটি পেরি। মার্কিন এই পপ তারকা পারফর্ম তাঁর বিখ্যাত গান ‘ওয়ান্ডার।’ তবে কেটি পেরি একা নন, তাঁর সঙ্গে মঞ্চে যোগ দেয় একটি ছোট ছেলেও!

কেটি পেরির পারফরম্যান্সের পরই শুরু হয়ে গেল স্বাগতিক যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচ।

কেটি পেরির পারফর‍ম্যান্স
এএফপি
০০: ৪০ , জুন ১৩

লস অ্যাঞ্জেলেসে তারার মেলা 

যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান খুব একটা জমল না। পরিবেশটা বিশ্বকাপের উদ্বোধনের চেয়ে একটি স্বাভাবিক ম্যাচ-পূর্ব আবহই হয়ে রইল।

তবে যুক্তরাষ্ট্রের ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত হয়েছেন বেশ কয়েকজন পরিচিত তারকা। মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব ও ব্যবসায়ী প্যারিস হিলটন, জনপ্রিয় কলম্বীয়-আমেরিকান অভিনেত্রী সোফিয়া ভারগারা এবং হলিউড অভিনেতা ও কৌতুকাভিনেতা ওয়েন উইলসন মাঠে উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান
এএফপি
২৩: ৪৫ , জুন ১২

আনচেলত্তি আরও যা বললেন...

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এক অর্থে তাঁর সব প্রতিপক্ষকেই সতর্কবার্তা দিয়েছেন। ইতালিয়ান এই কোচ বলেছেন, ‘আমাদের দলটা পৃথিবীর যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমরা এটাই মনে করি। অভিজ্ঞতা ও যোগ্যতার সংমিশ্রণে গড়া দল। যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে—সে বিষয়ে পূর্ণ আস্থা আছে আমাদের।’

২২: ২২ , জুন ১২

মরক্কোর বিপক্ষে খেলতে পারবেন না নেইমার 

মরক্কোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে কথা বলেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ফিটনেসের সমস্যায় ভোগা নেইমার রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে খেলতে পারবেন না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি, ‘নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। আশা করা হচ্ছে, সে আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরবে।’

সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি
এএফপি
২১: ০০ , জুন ১২

কানাডা–বসনিয়া ম্যাচ ১–১ গোলে ড্র

বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা। টরন্টো স্টেডিয়ামে গতকাল রাতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে দারুণ খেলেও ১–১ গোলে ড্র করেছে স্বাগতিকেরা। এর আগে ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে মোট ৬ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছিল তারা। কিন্তু এবার ঘরের মাঠে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ড্র করে পয়েন্টের মুখ দেখল কানাডা।

২১ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে বসনিয়াকে এগিয়ে দেন ফরোয়ার্ড ইয়োভো লুকিচ। ৭৯ মিনিটে ফরোয়ার্ড কাইল লারিনের গোলে সমতায় ফেরে কানাডা।

২০: ৪১ , জুন ১২

সমতায় কানাডা

৭৯ মিনিটে ফরোয়ার্ড কাইল লারিনের গোলে বসনিয়ার বিপক্ষে ১–১ গোলে সমতায় ফিরেছে কানাডা।

সমতাসূচক গোলের পর লারিনের উদ্‌যাপন
এএফপি
২০: ১৪ , জুন ১২

আলফানসো ডেভিস কেন মাঠে নেই?

মৌসুমের শেষ দিকে বায়ার্ন মিউনিখের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন কানাডার লেফট ব্যাক আলফানসো ডেভিস। সেই চোট থেকে পুরো সেরে না ওঠায় আজ বসনিয়ার বিপক্ষে কানাডার বেঞ্চে ঠাঁই হয়েছিল কানাডা তারকা। পরে সংবাদমাধ্যম জানিয়েছে, চোটের কারণে এই ম্যাচ থেকেই ছিটকে গেছেন ডেভিস।

১৯: ৫৪ , জুন ১২

প্রথমার্ধ শেষে বসনিয়া এগিয়ে

স্বাগতিক কানাডার বিপক্ষে ১–০ গোলে এগিয়ে বিরতিতে বসনিয়া ও হার্জেগোভিনা। ২১ মিনিটে জোভো লুকিচের গোলে এগিয়ে যায় বলকান অঞ্চলের দেশটি। লুকিচের আন্তর্জাতিক ক্যারিয়ারে এটাই প্রথম গোল।

গোলের পর লুকিচের উদ্‌যাপন
এএফপি
১৯: ২৫ , জুন ১২

বসনিয়ার গোল

কর্নার থেকে ২১ মিনিটে হেডে কানাডার জালে গোল করেন বসনিয়া ও হার্জেগোভিনার ফরোয়ার্ড জোভো লুকিচ। ম্যাচে ১–০ গোলে এগিয়ে বসনিয়া ও হার্জেগােভিনা।

গোলের পর বসনিয়ার খেলোয়াড়দের উদ্‌যাপন
এএফপি
১৯: ০৪ , জুন ১২

মুখোমুখি কানাডা–বসনিয়া

টরন্টো স্টেডিয়ামে শুরু হয়েছে স্বাগতিক কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যকার ম্যাচ।

১৮: ১৬ , জুন ১২

বসনিয়ার একাদশে নেই জেকো 

কানাডার বিপক্ষে বসনিয়ার একাদেশ জায়গা হয়নি দলটির অভিজ্ঞ ও তারকা ফুটবলার এদিন জেকোর। এ বিশ্বকাপের সবচেয়ে বয়সী ৮ ফুটবলারের জেকো একজন।

১৭: ৫১ , জুন ১২

কানাডার বিশ্বকাপ বরণ

কানাডার প্রথম অধিবাসী আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

আদিবাসী বংশোদ্ভূত কানাডীয় গায়ক উইলিয়াম প্রিন্স ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্যের সমন্বয়ে একটি মনোমুগ্ধকর পরিবেশনা মঞ্চস্থ করেন।

কানাডার বিশ্বকাপ বরণ অনুষ্ঠানে পারফর্ম করেছেন বলিউড তারকা নোরা ফাতেহি, ফ্রেঞ্চ হিপ হপ গায়ক ভেগেড্রিম ও বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। আকর্ষণীয় ড্রাম বিটে ভরপুর তাদের পরিবেশনা দ্রুতই দর্শকদের মন কাড়ে।

২০২৬ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করছেন শিল্পীরা
এএফপি
১৭: ৪৬ , জুন ১২

বিশ্বকাপ শুরুর আগেই ঘানার ধাক্কা 

ঘানার মিডফিল্ডার থমাস পার্টি কানাডায় প্রবেশের অনুমতি না পাওয়ায় টরন্টোতে পানামার বিপক্ষে দলের প্রথম বিশ্বকাপ ম্যাচে খেলতে পারবেন না।

৩২ বছর বয়সী পার্টির বিরুদ্ধে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে চারজন ভিন্ন নারীর করা অভিযোগের ভিত্তিতে সাতটি ধর্ষণ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন।

আগামী বছর এ মামলার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

থমাস পার্টি
এএফপি
১৩: ২৩ , জুন ১২

মার্তিনেজ সুস্থ

আর্জেন্টিনার জন্য স্বস্তির খবর— বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ থেকেই এমিলিয়ানো মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা। আজ তাঁর মেডিকেল ‘টেস্ট’ হয়েছিল। আর্জেন্টাইন সাংবাদিক টিওআইসি স্পোর্টস জানিয়েছে, তিনি পুরোপুরি সুস্থ এখন। হাতের ব্যান্ডেজ খুলে গ্লাভস পরেই আজ অনুশীলনও করেছেন।

এমিলিয়ানো মার্তিনেজ
টুইটার
০৫: ০৬ , জুন ১২

ছিটকে গেলেন ডেভিস

আজ রাত ১টায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক কানাডা। এই ম্যাচ থেকে চোটের কারণে ছিটকে গেছেন দলটির অধিনায়ক আলফোনসো ডেভিস।

০৪: ০০ , জুন ১২

দক্ষিণ কোরিয়ার জয়

দক্ষিণ কোরিয়া ২:১ চেক প্রজাতন্ত্র

শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়াই জিতল। ৫৯ মিনিটে ১–০ গোলে পিছিয়ে গিয়েছিল তারা। তবে ৬৭তম মিনিটে হোয়াং ইন–বম ও ৮০তম মিনিটে ওহ হিউয়ান–গিউের গোলে ২–১ চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে দক্ষিণ কোরিয়া।

ম্যাচ রিপোর্ট পড়ুন এখানে

জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার
এএফপি
০৩: ৪২ , জুন ১২

এবার এগিয়েও গেল দক্ষিণ কোরিয়া

প্রথমে গোল হজম করা দক্ষিণ কোরিয়া টানা দ্বিতীয় গোল করে ম্যাচে এগিয়ে গেছে। ৮০তম মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন ওহ হিউয়ান–গিউ।

দক্ষিণ কোরিয়া ২:১ চেক প্রজাতন্ত্র

০৩: ২৮ , জুন ১২

সমতায় দক্ষিণ কোরিয়া

পিছিয়ে যাওয়ার আট মিনিট পরই চেক প্রজাতন্ত্রের সঙ্গে সমতা এনেছে দক্ষিণ কোরিয়া। ৬৭তম মিনিটে গোল করেছেন ফেনুর্ডে খেলা মিডফিল্ডার হোয়াং ইন–বম।

দক্ষিণ কোরিয়া ১:১ চেক প্রজাতন্ত্র

০৩: ২১ , জুন ১২

চেক প্রজাতন্ত্রই এগিয়ে গেল

‘এ’ গ্রুপের দক্ষিণ কোরিয়া–চেক প্রজাতন্ত্রের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ৫৯তম মিনিটে চেক প্রজাতন্ত্রকে গোল এনে দিয়েছেন অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। ম্যাচের শুরু থেকে সুযোগ বেশি তৈরি করেছে কোরিয়া, কিন্তু গোলমুখে প্রথম শটে (মূলত হেডে) গোল পেয়েছে ইউরোপীয় দেশটি।

দক্ষিণ কোরিয়া ০:১ চেক প্রজাতন্ত্র

০২: ০২ , জুন ১২

চোটে বিশ্বকাপ শেষ জাপান অধিনায়কের

জাপানের অধিনায়ক ওয়াতারু এন্দো চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। এরপর গতকাল আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানান তিনি।

তাঁর জায়গায় বরুসিয়া মনশেনগ্লাডবাখের শুতো মাচিনোকে দলে অর্ন্তভুক্ত করেছে জাপান।

বিস্তারিত পড়ুন: চোটে বিশ্বকাপ শেষ, তুলে রাখলেন জাতীয় দলের জার্সিও

ওয়াতারু এন্দো
এএফপি
২২: ০০ , জুন ১১

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে মার্কোস সেনেসি

মার্কোস সেনেসি
রয়টার্স

চোটে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া লিওনার্দো বালের্দির জায়গায় আর্জেন্টিনার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন মার্কোস সেনেসি। টটেনহাম ডিফেন্ডার কানসাস সিটিতে আর্জেন্টিনার বেসক্যাম্পে যোগ দেবেন।

২১: ০৫ , জুন ১১

জয়ে শুরু মেক্সিকোর 

মেক্সিকোর দ্বিতীয় গোলটি রাউল হিমিনেজের
এএফপি

মেক্সিকো ২–০ দক্ষিণ আফ্রিকা

এই প্রথম উদ্বোধনী ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করল মেক্সিকো। মেক্সিকো সিটিতে আজ ৩ লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২–০ গোলে হারিয়েছে মেক্সিকো। ৯ মিনিটে হুলিয়ান কিনিয়োনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমিনেজ।

৪৯ ও ৮৪ মিনিটে দুই লাল কার্ড দেখে ৯ জনের দল হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পরে যোগ করা সময়ে লাল কার্ড দেখেন মেক্সিকোর সেজার মন্তেস।

২১: ০৩ , জুন ১১

লাল কার্ড দেখল মেক্সিকোও

৩ লাল কার্ড দেখে ফেলল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। দক্ষিণ আফ্রিকা ৮৪ মিনিটে ৯ জনের দল হয়ে যাওয়ার পর যোগ করা সময়ের ২ মিনিটে লাল কার্ড দেখেছেন মেক্সিকোর সেজার মন্তেস।

২০: ৫২ , জুন ১১

দক্ষিণ আফ্রিকা এখন ৯ জনের

৮৪ মিনিটে আরেকটি লাল কার্ড দেখল দক্ষিণ আফ্রিকা। এবার আক্রমণ করতে গিয়ে মেক্সিকোর খেলোয়াড়কে ফেলে দিয়ে লাল কার্ড দেখেছেন মিডফিল্ডার থেম্বা জেওয়ানে। এর আগে লাল কার্ড দেখেন স্ফেফেলো সিথোলে।

২০: ৩৬ , জুন ১১

মোরার ইতিহাস, হিমিনেজের গোলে ২–০ গোলে এগিয়ে মেক্সিকো

৬৬ মিনিটে মাঠে নামলেন বিশ্বকাপ ইতিহাসে মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় গিলবার্তো মোরা, পরের মিনিটেই মেক্সিকোকে ২–০ গোলে এগিয়ে দিলেন রাউল হিমিনেজ।

২০: ২০ , জুন ১১

সিথোলের লাল কার্ডে দক্ষিণ আফ্রিকা ১০ জনের

২০২৬ বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ৫০ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করার শাস্তি পেলেন সিথোলে। ফ্রি কিক পায় মেক্সিকো।

১৯: ৫৮ , জুন ১১

মেক্সিকো ১–০ দক্ষিণ আফ্রিকা, খেলায় বিরতি

প্রথমার্ধ শেষে ১–০ গোলে এগিয়ে স্বাগতিক মেক্সিকো।

৯ মিনিটে গোলটি করেন মেক্সিকো ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস।

প্রথমার্ধের শেষ দিকে গোল করার তিনটি সুযোগ নষ্ট করে মেক্সিকো।

১৯: ১৮ , জুন ১১

প্রথম গোল মেক্সিকোর কিনিয়োনেসের

২০২৬ বিশ্বকাপে প্রথম গোলটি করছেন মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেস
রয়টার্স

২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি এল মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেসের পা থেকে। ৯ মিনিটে গোলটি করেছেন এই ফরোয়ার্ড।

১৯: ০৭ , জুন ১১

শুরু হয়ে গেল ২০২৬ বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা
এএফপি

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর বিশ্বকাপের উদ্বোধনী বাঁশি বাজিয়েছেন রেফারি। মেক্সিকো সবুজ জার্সি ও দক্ষিণ আফ্রিকা হলুদ জার্সি পরে খেলছে।

১৮: ৫২ , জুন ১১

তিন বছরের জন্য রিয়ালের কোচ মরিনিও

জোসে মরিনিও রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিচ্ছেন সেটি একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সেই পর্বও আজ সারা হয়ে গেছে। বিশ্বকাপের ডামাডোলের মধ্যেই আজ তিন বছরের জন্য পর্তুগিজ কোচের সঙ্গে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ।

১৮: ২০ , জুন ১১

ওচোয়া নেই মেক্সিকোর একাদশে

অনুশীলনে গিয়ের্মো ওচোয়া
রয়টার্স

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে আসা গিয়ের্মো ওচোয়া অনুমিতভাবেই নেই মেক্সিকোর একাদশে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের গোলবার সামলাবেন রাউল রানহেল। মেক্সিকান ক্লাব গুয়াদালাহারায় খেলেন ২৬ বছর বয়সী রানহেল। জাতীয় দলের জার্সিতে এটি তাঁর ১৫তম ম্যাচ।

১৮: ১২ , জুন ১১

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ম্যাচের জন্য অপেক্ষা

উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইছেন বার্না বয় ও শাকিরা
রয়টার্স

উদ্বোধনী অনুষ্ঠান শেষ। এবার ম্যাচ শুরুর অপেক্ষা। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা দল এরইমধ্যে গা গরম করতে মাঠে ঢুকে গেছে। দক্ষিণ আফ্রিকা দল গান গাইতে গাইতেই ঢুকেছে মাঠে।

১৭: ৫৭ , জুন ১১

আজতেকায় চলছে উদ্বোধনী অনুষ্ঠান

আজতেকা স্টেডিয়ামে চলছে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান
এএফপি

বাংলাদেশ সময় রাত ১টা মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। তার আগে ম্যাচের ভেন্যু মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে চলছে উদ্বোধনী অনুষ্ঠান। মূলত বিখ্যাত সব সংগীত তারকাদের গান দিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠান।

১৩: ৫৬ , জুন ১১

এবারের বিশ্বকাপে অনেক কিছুই নতুন...

১৩: ৫৪ , জুন ১১

জেনে নিন খেলোয়াড়দের নাম

২০২৬ বিশ্বকাপে খেলছে ৪৮ দল। প্রতি দল স্কোয়াডে ২৬ জন খেলোয়াড় রাখার সুযোগ আছে। দেখুন কোন দলের স্কোয়াডে কারা আছেন।

আরও পড়ুন
১৩: ২৭ , জুন ১১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কী কী থাকছে

‘প্রাসাদের নগরী’ মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিকেরা। এ ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান, বাংলাদেশ সময় রাত ১১টায়।

বিস্তারিত পড়ুন নিচের লেখায়:

আরও পড়ুন
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন শাকিরা।
রয়টার্স
১৩: ২৭ , জুন ১১

প্রথম আলোর বিশেষ আয়োজন

বিশ্বকাপ উপলক্ষ্যে এরই মধ্যে প্রথম আলো প্রকাশ করেছে ১১২ পৃষ্ঠার ম্যাগাজিন বিশ্বকাপের বাঁশি, যা পাওয়া যাচ্ছে বাজারে। যা পড়লে জানতে পারবেন ৪৮ দলের শক্তি-দুর্বলতা-সম্ভাবনা। সঙ্গে থাকছে ঝলমলে ফিকশ্চারও।

এ ছাড়া বিশ্বকাপ নিয়ে আজ প্রকাশিত হয়েছে ৪ পৃষ্ঠার মলাট ও ৮ পৃষ্ঠার প্রথম আলোর বিশেষ সংখ্যা। বিশেষ সংখ্যার লেখাগুলো পড়তে পারেন প্রথম আলো অনলাইনে।

১৩: ২৭ , জুন ১১

ফুটবলের মহাযজ্ঞে আপনাকে স্বাগত!

আজ ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় পর্দা উঠছে বিশ্বকাপের। আগামী ১৯ জুলাই ফাইনাল পর্যন্ত স্থবির হয়ে থাকবে পুরো বিশ্ব। ৪৮ দলের এই বিশ্বযুদ্ধের প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ আপনাদের কাছে পৌঁছে দিতে শুরু হলো প্রথম আলোর লাইভ ব্লগ।

মাঠের লড়াই, ম্যাচের ফলাফল ও পয়েন্ট তালিকার সর্বশেষ অবস্থা জানতে চোখ রাখুন এখানে। প্রতি মুহূর্তের রিয়েল-টাইম আপডেট, গোল, ম্যাচের বিশ্লেষণ ছাড়াও থাকছে নজরকাড়া সব ছবি ও ভিডিওর লিংক। উত্তর আমেরিকার সঙ্গে সময়ের ব্যবধান ভুলে মাঠের উত্তেজনা সরাসরি অনুভব করতে যুক্ত থাকুন আমাদের সঙ্গে।

ফুটবলের এই মহোৎসবে আপনাকে স্বাগতম!