reporterঅনলাইন ডেস্ক
  ১২ ঘণ্টা আগে

ইরান গর্ব ও মর্যাদার প্রতীক: হিজবুল্লাহ

ছবি : সংগৃহীত

লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম ইরানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে দেশটিকে ‘গর্ব ও মর্যাদার প্রতীক’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি তেহরানে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের কাছে পাঠানো এক বার্তায় এ মন্তব্য করেন।

বার্তায় কাসেম বলেন, ইরানের কূটনৈতিক তৎপরতা ও আলোচনার ফলে ইসরাইল লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য হয়েছে। তার দাবি, এটি ছিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতার ‘প্রথম ও মৌলিক শর্ত’।

হিজবুল্লাহ প্রধান বলেন, আমরা সবসময় বলে এসেছি, ইরান হিজবুল্লাহ, প্রতিরোধ আন্দোলন এবং লেবাননের জনগণকে সবকিছু দিয়েছে, কিন্তু বিনিময়ে কিছুই নেয়নি। তারা আমাদের নিজেদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দিয়েছে, ভূমি মুক্ত করার শক্তি দিয়েছে, সমাজের ক্ষত সারিয়ে তুলতে এবং জনগণকে সহায়তা করতে সাহায্য করেছে।

তিনি আরও বলেন, আজ ইরান নিজেদের রক্ত দিচ্ছে এবং বৈরুতের দক্ষিণাঞ্চলে বোমা হামলার জবাবে জায়নবাদী সত্তার বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে। একই সঙ্গে যুদ্ধের হুমকি ও এর পরিণতি মোকাবিলা করছে এবং বড় ধরনের ত্যাগ স্বীকার করছে। নাঈম কাসেম বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই ইরান গর্ব ও মর্যাদার এক প্রতীক।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়