ওমরাহর নতুন মৌসুম শুরু: ভিসা দিচ্ছে সৌদি আরব

পবিত্র হজ সম্পন্ন হওয়ার পর নতুন ওমরাহ মৌসুম উপলক্ষে ওমরাহ ভিসা ইস্যু শুরু করেছে সৌদি আরব। শনিবার থেকে আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের জন্য ভিসা প্রদান এবং সৌদি আরবে প্রবেশের কার্যক্রম শুরু হয়েছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ১৪৪৮ হিজরি ওমরাহ মৌসুমের আওতায় এ কার্যক্রম চলবে ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত।
মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহযাত্রীরা এখন ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি ও ওমরাহর পারমিট সংগ্রহ করতে পারবেন। এটি সৌদি সরকারের সমন্বিত ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম, যেখানে পারমিট, বুকিং এবং হজ-ওমরাহ–সংক্রান্ত বিভিন্ন সেবা পাওয়া যায়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৯ মার্চ ২০২৭ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি) পর্যন্ত ওমরাহ ভিসা ইস্যু করা হবে। আর ওমরাহযাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৩ মার্চ ২০২৭।
এ ছাড়া সব ওমরাহযাত্রীকে ৭ এপ্রিল ২০২৭-এর মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে।
সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ ব্যবস্থাপনায় ব্যাপক ডিজিটাল রূপান্তর এনেছে সৌদি আরব। নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিক পারমিট, স্বয়ংক্রিয় চুক্তি ব্যবস্থা এবং কিউআর কোডভিত্তিক যাচাইকরণ পদ্ধতি চালু করা হয়েছে।
একই সঙ্গে ‘সৌদি ভিশন ২০৩০’ কর্মসূচির অংশ হিসেবে ক্রমবর্ধমান সংখ্যক হজ ও ওমরাহযাত্রীকে সেবা দিতে পরিবহন ও আবাসন অবকাঠামো সম্প্রসারণ করছে দেশটি।









































