বিনোদন প্রতিবেদক
রজতজয়ন্তী পেরিয়ে স্বীকৃতি

নওগাঁর মেয়ে শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। স্বীকৃতি এতোটাই ভালো গান করেন যে আজ থেকে কয়েকবছর আগে হঠাৎ স্বীকৃতি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন দেশের জীবন্ত তিন কিংবদন্তী শিল্পী ফেরদৌসী রহমান, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন তার পাশে দাঁড়িয়েছিলেন। আর তা থেকেই সাহস পেয়ে অনুপ্রাণিত হয়ে আবারও গানের ভুবনে ফিরেন। দেখতে দেখতে গানের ভুবনে স্বীকৃতি সফলতার রজত জয়ন্তী পার করেছেন। সিনেমায় সাড়ে পাঁচশো গানসহ আরো বহু মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। যে কণ্ঠ দিয়ে দেশের সঙ্গীতপ্রেমী শ্রোতাদের মুগ্ধ করেছেন।
দেশের বাইরে এক যুক্তরাষ্ট্রেই ২৯ বার গিয়ে মুগ্ধ করেছেন প্রবাসী বাংলাদেশীদের। এছাড়াও জাপান, ল-ন, ফ্রান্স, ভারত, সিঙ্গাপুর, কাতার, মালয়েশিয়াসহ আরো বহু দেশে গান গেয়ে মুগ্ধ করেছেন প্রবাসী বাংলাদেশীদের। ‘পানের জর্দ্দা’ স্বীকৃতির কণ্ঠের অন্যতম জনপ্রিয় আইটেম সং। এছাড়াও আরো বহু সিনেমায় আইটেম সং গেয়েছেন। গেল ঈদেও ‘তছনছ’ সিনেমায় তার কণ্ঠে ‘আমায় দেখে পাশের মানুষ’ আইটেম সংটি শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়াও গেল ঈদে তার মৌলিক গান ‘বাজে মনে বীণ’ গানটিও শ্রোতাদের মাঝে বেশ ভালো সাড়া ফেলেছে। দুটি গানই ইউটিউবে প্রকাশিত আাছে। গানটি সম্পর্কে আরো বিষদ জানতে হলে ইউটিউবে সার্চ করা যেতে পারে। স্বীকৃতির গানে হাতেখড়ি তার মা রমিসা বেগম ও বড় বোন ফেরদৌসীর কাছে। এরপর নানা সময়ে ভবেশ চন্দ্র দাস, হেলাল, রঘুনাথ, বাবলু, ঢাকার সুনীল কুমার মণ্ডল এবং সর্বশেষ বাংলাদেশের কিংবদন্তী সুরস্রষ্টা খন্দকার নূরুল আলমের কাছে গানের থ্রোয়িং’সহ সবধরনের গানের তালিম নিয়ে নিজেকে একজন শুদ্ধ সুরের শিল্পী হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন স্বীকৃতি। স্বীকৃতির প্রথম একক অ্যালবাম ‘হৃদয়ে শিহরণ’ প্রকাশিত হয় ২০০০ সালে। এরপর আরো ৭টি অ্যালবাম প্রকাশ পায়। ‘মায়ের সম্মান’ সিনেমায় তিনি প্রথম প্লে-ব্যাক করেন। পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স সম্পন্ন করা স্বীকৃতির স্বামী কাজী মাসুম সাকলায়েন ও তার একমাত্র সন্তান প্রত্যাশা। দেশের বিভিন্ন সংগঠন কর্তৃক গানে অবদানের জন্য পেয়েছেন সম্মাননাও। স্বীকৃতি বলেন, ‘২৫ বছরেরও বেশি সময়ের পেশাগত সঙ্গীত জীবনে আমি এই দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি। যে ভালোবাসার কোনো তুলনা হয় না, ব্যাখা হয় না। আমি আজীবন সঙ্গীতকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, আজীবন সঙ্গীতকেই আকড়ে ধরে বাঁচতে চাইবো। আরো কিছু ভালো ভালো গান উপহার দিয়ে যেতে চাই। ১১ জুলাই আমার জন্মদিন। তার আগেই সবার কাছে দোয়া চাইলাম আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন।’
"









































