সংক্ষিপ্ত সংবাদ

সেমিনার
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদনবিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারে সভাপতিত্ব করেন ডিসি শিল্পী রানী রায়। বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সিভিল সার্জন ডা. আবু সাইদ, মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন, এডিসি (সার্বিক) তারিকুল ইসলাম, জলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক বশির উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মুনির, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ হোসেন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আশাদুল ইসলাম।
বৃক্ষরোপণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল সদর পুলিশ ফাঁড়িতে এই চারা রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। একই দিনে জেলা পুলিশ অফিসের বার্ষিক পরিদর্শনও অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত থেকে সদর পুলিশ ফাঁড়ি চত্বরে চারা রোপণ করেন পুলিশের অ্যাডিশনাল ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশের এই উদ্যোগের পাশাপাশি পুলিশ অফিসের বার্ষিক পরিদর্শন কার্যক্রমও সুচারুভাবে সম্পন্ন হয়। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন
রায়গঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাজু পল্লী উন্নয়ন ও মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের ঐতিহাসিক জয়সাগর পাড় এলাকায় এর উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মণ্ডল। উপস্থিত ছিলেন সোনাখাড়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আব্দুল মোন্নাফ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপকরণ বিতরণ
সিংড়া প্রতিনিধি
নাটোরের সিংড়ায় ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় প্রদর্শনী চাষিদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এসব বিতরণ করেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা প্রমুখ।
আলোচনা সভা
চৌহালী প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচির আওতায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে চৌহালী ইউএনও নুরুল আমিনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার। উপস্থিত ছিলেন কৃষি অফিসার জাহিদুল ইসলাম, শিক্ষা অফিসার মুন্নাফ খান, পল্লী উন্নয়ন অফিসার সেলিম হোসেন প্রমুখ।
জেলহাজতে
উলিপুর প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রবিবার রাতে উপজেলার তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মোখলেছুর রহমান ওই এলাকার মফিজল হকের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন। উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে জেলহাজতে পাঠানো হয়েছে।
"






































