ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:০৩ পিএম
জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন। ছবি-সমাচার প্রতিদিন
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ৪০টি পরিবারের উদ্যোগে বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ
সময় ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা পল্লবী থানা ৫ নম্বর ওয়ার্ড যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক
ইব্রাহীম খলিল, বহিষ্কৃত সদস্য সচিব মো. রিয়াজ এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক
সম্পাদক মো. ফাইয়াজ (মুন্না)-এর বিরুদ্ধে লুটপাট, দখল, চাঁদাবাজি, অগ্নিসংযোগ, ভয়ভীতি
প্রদর্শন এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও বিচার
দাবি করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন
ধরে অভিযুক্তরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তাদের
বিরুদ্ধে বিভিন্ন সময়ে সাধারণ মানুষের বাড়িঘর দখল, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মূল্যবান
মালামাল লুটপাট এবং নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে বলে দাবি করেন তারা।
ভুক্তভোগীদের ভাষ্যমতে, বিভিন্ন মামলাকে কেন্দ্র
করে বহু পরিবারকে টার্গেট করা হয়। এসব পরিবারের বাড়িঘর ভাঙচুর, মালামাল লুটপাট এবং
অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়। বক্তারা দাবি করেন, অভিযুক্তরা বিএনপির
নাম ব্যবহার করে এসব কর্মকাণ্ড পরিচালনা করেছেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয় যে, স্থানীয়
একটি ব্যবসা প্রতিষ্ঠান "হযরত শাহ আলী এন্টারপ্রাইজ" থেকে নতুন মোবাইল ফোন,
নগদ অর্থ ও অন্যান্য মালামাল লুট করা হয়েছে। এছাড়া "বেনারশী শাড়ি সিল্ক হাউজ"
নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকেও শাড়ি, ওড়না, নগদ অর্থ ও অন্যান্য মালামাল নিয়ে
যাওয়ার অভিযোগ করা হয়। একই সঙ্গে একটি অটোরিকশা গ্যারেজ থেকে ছয়টি অটোরিকশা নিয়ে যাওয়া
এবং একটি রানার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও উল্লেখ করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা দাবি করেন, তাদের মালিকানাধীন একটি
দোকান থেকে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে ভাড়া আদায় করা হলেও সেই অর্থ যথাযথভাবে ব্যবহৃত
না হয়ে ব্যক্তিগতভাবে আত্মসাৎ করা হয়েছে। এছাড়া দখলকৃত বাড়িঘরে মাদক সেবন ও মাদক ব্যবসার
অভিযোগও তোলা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবারগুলোর সদস্যরা বলেন,
এসব ঘটনার প্রতিবাদ করতে গেলে তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি, হুমকি এবং প্রাণনাশের আশঙ্কার
মুখে পড়তে হয়।
সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

