১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

বাজে ব‍্যাটিংয়ের পর প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৪ উইকেটে হার

17 Jun 2026, 05:26 PM

লাইভ ব্লগের সমাপ্তি

চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

17 Jun 2026, 05:23 PM

৪ উইকেটে হার

ভালো শুরু পাওয়ার পরও বড় হলো না সংগ্রহ। এলোমেলো ব‍্যাটিংয়ে পাওয়া ১৩১ রানের পুঁজি নিয়ে খুব একটা লড়াই করতে পারল না বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে হারল ৪ উইকেটে।

আব্দুল গাফ্ফার সাকলাইনের আগের বলে সাইফ হাসানের হাতে ক‍্যাচ দিলেন ম‍্যাট রেনশ (২৮ বলে ১৮)। পরের বলে চার মেরে ম‍্যাচ শেষ করে দিলেন জেভিয়ার বার্টলেট।

১০ বল বাকি থাকতে লক্ষ‍্য ছুঁয়ে ফেলল অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৯ ওভার ১৩১ (সাইফ ২০, তানজিদ ১০, সৌম‍্য ১৭, হৃদয় ৮, পারভেজ ১০, সাকলাইন ১০, শামীম ১, মেহেদি ২৯*, রিশাদ ৩, শরিফুল ৭, মুস্তাফিজ ৭; জনসন ২-০-১০-১, বার্টলেট ২-০-১৯-০, এলিস ৩-০-২২-০, রেনশ ৩-০-২৬-২, জ‍্যাম্পা ৪-০-১৮-৩, ডেভিস ৩-০-১৭-৩, নিখিল ২-০-১৪-১)

অস্ট্রেলিয়া: ১৮.২ ওভার ১৩৩/৬ (মার্শ ১৩, ইংলিস ৫, কনোলি ৪৭, ডেভিড ২০, রেনশ ১৮, নিখিল ১৮, ডেভিস ৭*, বার্টলেট ৪*; শরিফুল ৩-০-২২-১, মুস্তাফিজ ৩-০-১৬-১, মেহেদি ৪-০-২৯-১, রিশাদ ৪-০-২৬-১, সাকলাইন ৩.২-০-৩২-২, সাইফ ১-০-৭-০)

17 Jun 2026, 05:14 PM

দারুণ রিভিউয়ে ফিরলেন নিখিল

নিখিল চৌধুরি নিয়েছিলেন রিশাদ হোসেনের উইকেট। বিগ ব‍্যাশ লিগ সতীর্থর উইকেট নিয়ে মধুর প্রতিশোধ নিলেন রিশাদ।

এতে অবশ‍্য বড় ভূমিকা পারভেজ হোসেন। লেগ সাইডে গ্লাভস ছুঁয়ে আসা চমৎকার ক‍্যাচ নিলেন তিনি। পরে অধিনায়ককে রিভিউ নিতে রাজি করালেন।

গ্লাভস ছুঁয়ে পারভেজের গ্লাভসে জমা পড়েছিল বল। তাতে বিদায় নেন নিখিল।

অভিষেকে ১৩ বলে দুই চারে ১৮ রান করেন নিখিল।

১৭ ওভারে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ১২২। ক্রিজে ম‍্যাট রেনশর সঙ্গী জোয়েল ডেভিস।

17 Jun 2026, 04:46 PM

ছক্কার পুনরাবৃত্তির চেষ্টায় ফিরলেন ডেভিড

শেখ মেহেদি হাসানের আগের বল ছক্কায় ওড়ালেন টিম ডেডিড। পরের বলে একই চেষ্টা করলেন তিনি। এবার টাইমিং করতে পারলেন না, লং অন থেকে অনেকটা দৌড়ে এসে ক‍্যাচ নিলেন তানজিদ হাসান। অস্ট্রেলিয়া হারাল চতুর্থ উইকেট।

১৬ বলে দুই ছক্কায় ২০ রান করেন ডেভিড।

১২ ওভারে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ৯২। ক্রিজে ম‍্যাট রেনশর সঙ্গী অভিষিক্ত নিখিল চৌধুরি।

17 Jun 2026, 04:39 PM

দ্রুত এগোনো কনোলিকে থামালেন সাকলাইন

টি-টোয়েন্টি অভিষেকে নিজের দ্বিতীয় ওভারে উইকেট পেলেন আব্দুল গাফ্ফার সাকলাইন। তার বলে ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়লেন আগ্রাসী ব‍্যাটিং করে কুপার কনোলি।

ছক্কার পর চার মেরে পঞ্চাশের কাছে যান কনোলি। আরেকটি ছক্কায় টি-টোয়েন্টিতে নিজের প্রথম পঞ্চাশ স্পর্শ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু এবার টাইমিং করতে পারেননি বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান। ধরা পড়েন লং অনে, শরিফুল ইসলামের হাতে।

টি-টোয়েন্টিতে কনোলি পেস বোলিং অলরাউন্ডার সাকলাইনের প্রথম শিকার।

২৭ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৪৭ রান করেন কনোলি।

১০ ওভারে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৭৮। ক্রিজে টিম ডেভিডের সঙ্গী ম‍্যাট রেনশ।

17 Jun 2026, 04:16 PM

মার্শকে ফেরালেন মুস্তাফিজ

প্রান্ত বদল করে বোলিংয়ে এসে সাফল‍্য পেলেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের বলে শর্ট থার্ড ম‍্যানে ধরা পড়লেন মিচেল মার্শ।

অফ স্টাম্পের বাইরের বলে স্কয়ার ড্রাইভ খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক। ঠিকঠাক লাইনে যেতে পারেননি তিনি। ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় শরিফুল ইসলামের হাতে।

১৪ বলে দুই চারে ১৩ রান করেন মার্শ।

৫ ওভারে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ৩৮। ক্রিজে কুপান কনোলির সঙ্গী টিম ডেভিড।

17 Jun 2026, 04:02 PM

শুরুতেই শরিফুলের আঘাত

বাংলাদেশের মতোই তৃতীয় ওভারে ভাঙল অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি। শরিফুল ইসলাম চমৎকার ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন জশ ইংলিশ।

বাঁহাতি পেসারের স্টাম্পে থাকা ডেলিভারিতে রিভার্স স্কুপ করতে চেয়েছিলেন ইংলিস। ব‍্যাটে-বলে করতে পারেননি, আঘাত হানে মিডল স্টাম্পে।

৫ বলে এক চারে ৫ রান করেন ইংলিস।

ক্রিজে গিয়ে দুই চারের সঙ্গে একটি ছক্কা মারেন কুপার কনোলি।

৩ ওভারে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ২৮।

17 Jun 2026, 03:36 PM

১৩১ রানে থামল বাংলাদেশ

জোয়েল ডেভিসের বলে কট বিহাইন্ডের আবেদনে সাড়া দিলেন না আম্পায়ার। রিভিউ নিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক। তাতে পাল্টাল আম্পায়ারের সিদ্ধান্ত।

এলবিডব্লিউ হননি মুস্তাফিজুর রহমান। বলে ব‍্যাটও ছোঁয়াতে পারেননি তিনি। তবে সে কারণেই এলবিডব্লিউ হয়ে যান তিনি! লেগ স্টাম্পে পিচ করা বল আঘাত হানত অফ স্টাম্পে।

১৯ ওভারে ১৩১ রানে অলআউট হলো বাংলাদেশ। ২২ বলে চারটি চারে ২৯ রানে অপরাজিত থাকেন শেখ মেহেদি হাসান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৯ ওভার ১৩১ (সাইফ ২০, তানজিদ ১০, সৌম‍্য ১৭, হৃদয় ৮, পারভেজ ১০, সাকলাইন ১০, শামীম ১, মেহেদি ২৯*, রিশাদ ৩, শরিফুল ৭, মুস্তাফিজ ৭; জনসন ২-০-১০-১, বার্টলেট ২-০-১৯-০, এলিস ৩-০-২২-০, রেনশ ৩-০-২৬-২, জ‍্যাম্পা ৪-০-১৮-৩, ডেভিস ৩-০-১৭-৩, নিখিল ২-০-১৪-১)

17 Jun 2026, 03:26 PM

জ‍্যাম্পার দেড়শতম শিকার শরিফুল

ছক্কা মারার পর বেশিক্ষণ টিকলেন না শরিফুল ইসলাম। অ‍্যাডাম জ‍্যাম্পার বলে সীমানায় ধরা পড়লেন বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান। টি-টোয়েন্টিতে তিনি জ‍্যাম্পার দেড়শতম শিকার।

অফ স্টাম্পের বাইরের বলে বড় শটের চেষ্টায় সফল হননি শরিফুল। লং অনে ক‍্যাচ নেন জোয়েল ডেভিস।

৭ বলে ৭ রান করেন শরিফুল।

১৭ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ১০৮। ক্রিজে শেখ মেহেদি হাসানের সঙ্গী মুস্তাফিজুর রহমান।

17 Jun 2026, 03:21 PM

রিশাদকে ফিরিয়ে নিখিলের প্রথম

বিবিএলে ক্লাব সতীর্থ রিশাদ হোসেন ফিরিয়ে টি-টোয়েন্টিতে নিজের প্রথম উইকেট নিলেন অভিষিক্ত নিখিল চৌধুরি।

লং অফের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন রিশাদ। যত দূরে পাঠাতে চেয়েছিলেন, তত দূর নিতে পারেননি। সীমানায় ক‍্যাচ নেন জেভিয়ার বার্টলেট।

৮ বলে ৩ রান করেন রিশাদ।

ক্রিজে যাওয়ার এক বল পর ছক্কা মারেন শরিফুল ইসলাম।

১৬ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১০৫।

17 Jun 2026, 03:10 PM

এক আউটে জড়িয়ে তিন অভিষিক্ত

নিজের দ্বিতীয় ওভারেও উইকেট পেলেন জোয়েল ডেভিস। তার বলে নিখিল চৌধুরির হাতে ক‍্যাচ দিলেন আব্দুল গাফ্ফার সাকলাইন। তিন জনই অভিষিক্ত!

অফ স্টাম্পের বাইরের বলে ছক্কার চেষ্টায় টাইমিং করতে পারেননি সাকলাইন। লং অফে ক‍্যাচ নেন নিখিল।

১০ বলে এক ছক্কায় ১০ রান করেন নিখিল।

১৩ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৮৬। ক্রিজে শেখ মেহেদি হাসানের সঙ্গী রিশাদ হোসেন।

17 Jun 2026, 03:07 PM

শামীমের বিদায়ে বাড়ল বিপদ

আক্রমণে ফিরে আরেকটি উইকেট পেলেন ম‍্যাট রেনশ। তার অফ স্টাম্পের বাইরের বলে ইন সাইড আউট খেলার চেষ্টায় কিপারের গ্লাভসে ধরা পড়েন শামীম হোসেন।

৪ বলে ১ রান করেন শামীম।

ওই ওভারেই পরে রেনশকে ছক্কায় ওড়ান আব্দুল গাফ্ফার সাকলাইন।

১২ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৮৫। ক্রিজে সাকলাইনের সঙ্গী শেখ মেহেদি হাসান।

17 Jun 2026, 03:02 PM

অভিষেকে প্রথম ওভারেই ডেভিসের উইকেট

আন্তর্জাতিক ক্রিকেটে জোয়েল ডেভিসের পথচলার শুরুটা দারুণ হলো। দ্বিতীয় বলেই উইকেট পেলেন তরুণ এই বাঁহাতি স্পিনার।

স্লগ সুইপ করে তাকে ছক্কা মারতে চেয়েছিলেন পারভেজ হোসেন। টাইমিং করতে পারেননি বাঁহাতি ব‍্যাটসম‍্যান। ধরা পড়েন ডিপ মিডউইকেটে, কুপার কনোলির হাতে।

১২ বলে ১০ রান করেন পারভেজ।

১১ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৭৭। ক্রিজে আব্দুল গাফ্ফার সাকলাইনের সঙ্গী শামীম হোসেন।

17 Jun 2026, 02:51 PM

জ‍্যাম্পার দ্বিতীয় শিকার সৌম‍্য

লেগ স্পিনার অ‍্যাডাম জ‍্যাম্পার বলে বড় শটের চেষ্টায় বিদায় নিলেন সৌম‍্য সরকার। ডিপ কাভারে দৌড়ে এসে চমৎকার ক‍্যাচ নিলেন অভিষিক্ত নিখিল চৌধুরি।

অফ স্টাম্পের বাইরের বলে ইনসাইড আউট খেলেন সৌম‍্য। ফ্লাইট বুঝে দ্রুত গতিতে এগিয়ে এসে ক‍্যাচ নেন নিখিল। শেষ হয় সৌম‍্যর ভোগান্তির ইনিংস।

১৮ বলে এক চারে ১৭ রান করেন সৌম‍্য।

৯ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৬৮। ক্রিজে পারভেজ হোসেনের সঙ্গী অভিষিক্ত অলরাউন্ডার আব্দুল গাফ্ফার সাইকলাইন। শামীম হোসেনের আগে ব‍্যাটিংয়ে এসেছেন তিনি।

17 Jun 2026, 02:46 PM

দ্রুত ফিরলেন হৃদয়

ছক্কা মেরে শুরু করলেও বেশি দূর যেতে পারলেন না তাওহিদ হৃদয়। অ‍্যাডাম জ‍্যাম্পার বলে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।

জ‍্যাম্পার গুগলি বুঝতেই পারেননি হৃদয়। বলের লাইনে যেতে পারেননি তিনি। ব‍্যাটের কানা এড়িয়ে আঘাত হানে স্টাম্পে।

৫ বলে ৮ রান করেন হৃদয়।

৭ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৫৭। ক্রিজে সৌম‍্য সরকারের সঙ্গী পারভেজ হোসেন।

17 Jun 2026, 02:32 PM

আলগা শটে ফিরলেন সাইফ

বেশিক্ষণ টিকলেন না সাইফ হাসান। পাওয়ার প্লের ভেতরে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ।

অফ স্পিনার ম‍্যাট রেনশর বলে বড় শটের চেষ্টায় মিড অফে মিচেল মার্শের হাতে ধরা পড়েন সাইফ। ১৪ বলে তিন চারে তিনি করেন ২০ রান।

ক্রিজে গিয়েই ছক্কা মারেন এই ম‍্যাচে দলকে নেতৃত্ব দেওয়া তাওহিদ হৃদয়।

৫ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৪৫।

17 Jun 2026, 02:22 PM

তৃতীয় ওভারে ভাঙল শুরুর জুটি

দুই অঙ্ক ছুঁয়েই ফিরলেন তানজিদ হাসান। বাঁহাতি ওপেনারকে ফিরিয়ে তৃতীয় ওভারে বাংলাদেশের শুরুর জুটি ভাঙলেন স্পেন্সার জনসন।

অফ স্টাম্পের বেশ বাইরের বলে ব‍্যাট চালিয়ে দেন তানজিদ। টাইমিং করতে পারেননি তিনি, ধরা পড়েন কাভারে জেভিয়ার বার্টলেটের হাতে। ভাঙে ১৭ বল স্থায়ী ২৬ রানের জুটি।

৯ বলে এক চারে ১০ রান করেন তানজিদ।

৩ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২৭। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী সৌম‍্য সরকার।

17 Jun 2026, 01:58 PM

অস্ট্রেলিয়া দলে দুই অভিষিক্ত

দেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে নিখিল চৌধুরি ও জোয়েল ডেভিসের। দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।

দিল্লিতে জন্ম নেওয়া নিখিল ব‍্যাটিং অলরাউন্ডার। লেগ স্পিন করতে পারেন বিগ ব‍্যাশ লিগে রিশাদ হোসেনের এই সতীর্থ।

২২ বছর বয়সী ডেভিস বাঁহাতি স্পিনার। 

অস্ট্রেলিয়া: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটকিপার), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, জাভিয়ের বার্টলেট, ন‍্যাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা, স্পেন্সার জনসন।

17 Jun 2026, 01:58 PM

অভিষেক হচ্ছে সাকলাইনের

আগের সিরিজে সুযোগ মেলেনি আব্দুল গাফফার সাকলাইনের। এবার প্রথম ম‍্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে তার। তিনি বাংলাদেশের ৯৩তম টি-টোয়েন্টি ক্রিকেটার।

পেশির চোটের জন‍্য খেলছেন না লিটন দাস। নিয়মিত অধিনায়কের জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। কিপিং করবেন পারভেজ হোসেন।

লিটনের চোটে দলে ডাক পাওয়া সৌম‍্য সরকার আছেন একাদশেও।

বাংলাদেশ: পারভেজ হোসেন (উইকেটকিপার), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আব্দুল গাফফার সাকলাইন, সৌম্য সরকার।

17 Jun 2026, 01:50 PM

টস জিতে ব‍্যাটিংয়ে বাংলাদেশ

লিটন দাসের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। দেশের হয়ে অধিনায়কত্বের অভিষেকে টস জিতলেন এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান। নিলেন ব‍্যাটিং।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ত্রয়োদশ অধিনায়ক হৃদয়।

17 Jun 2026, 01:50 PM

জয়ে শুরুর লক্ষ‍্যে নামছে বাংলাদেশ

ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার চ‍্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ। ৫০ ওভারের ক্রিকেটে জয়ের আত্মবিশ্বাস নিয়ে ২০ ওভারের ক্রিকেটে মাঠে নামছে স্বাগতিকরা। 

চট্টগ্রামে খেলা শুরু হবে বেলা দুইটায়। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ জেতার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। তবে মিরপুরে সেই সিরিজ হয়েছিল স্পিন মঞ্চে। এবার স্পোর্টিং উইকেটে জিততে চায় স্বাগতিকরা।

17 Jun 2026, 01:47 PM

লাইভ ব্লগে স্বাগত

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টির সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত