বৃষ্টিতে রাঙ্গামাটিতে পাহাড় ধসের শঙ্কা, প্রশাসনের মাইকিং

বৃষ্টির কারণে রাঙ্গামাটি পার্বত্য জেলায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় পাহাড়ের নিচের বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য মাইকিং করছে জেলা প্রশাসন।

গতকাল শনিবার থেকে আজ রোববার পর্যন্ত জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

আজ রোববার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফায়ার সার্ভিস যৌথভাবে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি পৌর এলাকার ভেদভেদী পশ্চিম মুসলিম পাড়া, শিমুলতলী ও রুপনগর এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।

এসময় বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাস না করা, ভারী বর্ষণের সময় নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসনের এনডিসি শেখ সালমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বৃষ্টির কারণে রাঙ্গামাটির পাহাড়ি এলাকায় পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে মাইকিং করা হয়েছে।'

রাঙ্গামাটি আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের জ্যেষ্ঠ পর্যবেক্ষক ক্য চি নু মারমা ডেইলি স্টারকে বলেন, 'রোববার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।'

এছাড়া, রোববার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ জুন রাঙ্গামাটি জেলায় পাহাড় ধসে ৫ সেনা সদস্যসহ ১২০ জনের প্রাণহানি ঘটে। পরের বছর জেলার নানিয়ারচরে পাহাড় ধসে ১১ জনের মৃত্যু হয়।