গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা

নিজস্ব সংবাদাদতা, ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বামীর হাত-পা-মুখ বেঁধে মারধর করে স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

আজ বুধবার ভোরে উপজেলার পাগলা থানা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই নারীর মা ৪ জনের নাম উল্লেখ করে ৪ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেছেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, 'ওই নারী তার স্বামী ও ৪ বছর বয়সী সন্তানকে নিয়ে মায়ের বাড়িতে বসবাস করেন। মঙ্গলবার দিবাগত রাতে ৭-৮ জন ঘরে ঢুকে তার স্বামীর হাত-পা-মুখ বেঁধে মারধর করে। পরে তারা ওই নারীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।'

ওই নারীর চিৎকার শুনে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি জানান, 'এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।'