বিশ্বকাপে নামার আগে রিয়ালে চুক্তিবদ্ধ বের্নার্দো সিলভা
কয়েকঘন্টা পরই ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পর্তুগাল। দলটির অন্যতম ভরসা বের্নার্দো সিলভা বড় আসরে নামার আগে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিলেন। বুধবার ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে।
৩১ বছর বয়সী এই পর্তুগিজ মিডফিল্ডার গত এপ্রিলেই জানিয়েছিলেন যে, মৌসুম শেষে তিনি ম্যানচেস্টার সিটি ছাড়বেন। চলতি মাসের শেষে সিটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হলেই তিনি আনুষ্ঠানিকভাবে রিয়ালের খেলোয়াড় হবেন।
লা লিগার ক্লাবটি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, ‘রিয়াল মাদ্রিদ সিএফ ও বের্নার্দো সিলভা আগামী দুই মৌসুমের জন্য (৩০ জুন ২০২৮ পর্যন্ত) চুক্তি সম্পন্ন করেছে।’
বেনফিকার সাবেক এই ফুটবলারের সিটি ছাড়ার খবর আসার পর থেকেই তার রিয়ালে যাওয়ার গুঞ্জন ছিল। ফ্রি এজেন্ট হিসেবে তার মতো একজন অভিজ্ঞ ও ম্যাচ উইনারকে দলে নেওয়া রিয়ালের জন্য বড় এক সাফল্য।
২০১৭ সালের মে মাসে মোনাকো থেকে সিটিতে এসেছিলেন সিলভা। ইতিহাদে কাটানো নয় বছরে পেপ গার্দিওলার অধীনে ক্লাবের একের পর এক সাফল্যে অন্যতম প্রধান ভূমিকা ছিল এই অ্যাটাকিং মিডফিল্ডারের।
সিটির হয়ে সব মিলিয়ে ২০টি ট্রফি জিতেছেন এই পর্তুগিজ তারকা। যার সবশেষটি এসেছে গত মে মাসে, ওয়েম্বলিতে চেলসিকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপ জেতে সিটি।
সিটির জার্সিতে তিনি ছয়টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ, একটি ক্লাব বিশ্বকাপ ও একটি ইউরোপীয় সুপার কাপ জিতেছেন। রিয়ালের হয়ে আলো ছড়ানোর আগে সিলভার সামনে এবার বিশ্বকাপের চ্যালেঞ্জ।