গাজীপুরের মানুষের জন্য আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহার নিলু। এ সময় তার সঙ্গে ছিলেন গাজীপুর ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গাজীপুর সিটি করপোরেশন মেয়রপ্রার্থী ড. হাফিজুর রহমান, ডাক্তার আমজাদ হোসেন, এডভোকেট সাদেকুজ্জামান খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালের পরিচালক মোঃ আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে চিকিৎসাসেবার বর্তমান অবস্থা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট, আইসিইউ ও ডায়ালাইসিস সুবিধাসহ সার্বিক স্বাস্থ্যসেবা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় উঠে আসে, প্রায় ৭০ থেকে ৮০ লাখ মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসা এ হাসপাতালটি বর্তমানে মাত্র ৫০০ শয্যার। এছাড়া হাসপাতালটিতে রয়েছে মাত্র ১০ শয্যার আইসিইউ, সীমিত ডায়ালাইসিস সুবিধা এবং প্রয়োজনের তুলনায় নানা অবকাঠামোগত ও চিকিৎসাসেবার ঘাটতি।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহার নিলু হাসপাতালের বিভিন্ন সমস্যা জাতীয় সংসদে তুলে ধরার আশ্বাস দিয়ে বলেন, গাজীপুরবাসীর জন্য উন্নত ও যুগোপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।

এ সময় ড. হাফিজুর রহমান বলেন, গাজীপুরের মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, শয্যা সংখ্যা সম্প্রসারণ, আইসিইউ ও ডায়ালাইসিস ইউনিট বাড়ানো এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এখন সময়ের দাবি। তিনি বলেন, গাজীপুর, বিশেষ করে সিটি এলাকার মানুষের জন্য একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে।

পরিদর্শন শেষে গাজীপুরের স্বাস্থ্যখাতের বিদ্যমান সংকট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং জনগণের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।