তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কাজী এনায়েত উল্লাহ
ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)-এর মহাসচিব ও ইউরোপের সুপরিচিত ব্যবসায়ী, ফ্রান্স প্রবাসী কাজী এনায়েত উল্লাহ দীর্ঘদিন ধরে প্রবাসীদের প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। আসন্ন সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে প্রবাসীদের অধিকার ও এলাকার উন্নয়ন প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা শেষে তিনি একমত পোষণ করেন এবং তারেক রহমানকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে বিএনপির এক নির্বাচনী পথসভায় উপস্থিত হয়ে কাজী এনায়েত উল্লাহ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যিনি এ আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে কাজী এনায়েত উল্লাহ বলেন, “আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। উনার (তারেক রহমান) চেয়ে শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে যোগ্য প্রার্থী নেই।” তিনি আরও বলেন, “আমি এবং আমার সমর্থকরা আজ থেকে ধানের শীষের পক্ষে কাজ করবো এবং ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
ঘোষণার পর মঞ্চে তারেক রহমানের সঙ্গে কাজী এনায়েত উল্লাহর কুশল বিনিময়ের দৃশ্য উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহের সৃষ্টি করে।

















