বেলজিয়ামের এন্টওয়ার্পে শহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ভাষা শহীদদের রক্তে ভেজা ফেব্রুয়ারি মাস বাঙালি জাতির ইতিহাস, চেতনা ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। ভাষার অধিকার রক্ষায় জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
চলতি বছর একুশে ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসে পড়ায়, বেলজিয়ামের এন্টওয়ার্প শহরের Borgerhout District, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন বেলজিয়াম এবং বেলজিয়াম বাংলাদেশি কমিউনিটির যৌথ সিদ্ধান্তে দিবসটি আগেই পালন করা হয়। সেই অনুযায়ী গত শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, এন্টওয়ার্পে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়।
অনুষ্ঠানে বেলা ১২ঃ৪৫ টায় প্রভাত ফেরির মাধ্যমে সকল স্তরের মানুষ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করা হয় ব্রাসেলস দুতাবাস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন বেলজিয়াম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেলজিয়াম শাখা, বেলজিয়াম বাংলাদেশ স্টুডেন্টস অ্যান্ড অ্যালামনাই অ্যাসোসিয়েশন (বাসাব), বর্ণমালা ব্রাসেলস, বিভিন্ন সংস্থা এবং বেলজিয়াম প্রবাসী সর্বস্তরের জনগণের পক্ষ থেকে।
এরপর বাংলাদেশ স্টুডেন্টস অ্যান্ড অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর পরিচালনায় গান, দলীয় নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। এছাড়াও বেলজিয়ামে অবস্থানরত অন্যান্য দেশের কমিউনিটির সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠানে আগতরা উপভোগ করেন।
আয়োজনটি সফল করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যাঁরা সহযোগিতা করেছেন, উপস্থিত থেকে সময় দিয়েছেন তাঁদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।
বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত, দূতাবাসের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, Borgerhout District-এর সম্মানিত মেয়র মারিয়া এল অসরি, এবং বিভিন্ন আন্তর্জাতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের যাঁদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
এই আয়োজন প্রমাণ করে, প্রবাসে থেকেও বাঙালিরা তাঁদের ভাষা, ইতিহাস ও চেতনা হৃদয়ে ধারণ করে এগিয়ে চলেছেন।

















